ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ নাফিস ইস্কান্দার গত চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ১২ অক্টোবর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাঁকে খুঁজে পেতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে ফিনল্যান্ডের পুলিশ।
ফিনল্যান্ডের সংবাদমাধ্যম এমটিভি উতিসেত ও টাম্পেরে টুডের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫০ বছর বয়সী নাফিসকে সর্বশেষ ১২ অক্টোবর বিকেল ৩টার দিকে টাম্পেরে শহরে দেখা যায়।
বাংলাদেশি কমিউনিটির সদস্যদের তথ্য অনুযায়ী, নাফিস টাম্পেরে থেকে হেলসিঙ্কির উদ্দেশে রওনা হয়েছিলেন। হ্যামেনলিন্না এলাকা অতিক্রম করার পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা গেছে। তবে যাত্রাপথের এ তথ্য পুলিশের প্রকাশিত বিবরণ থেকে স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
পুলিশের বর্ণনা অনুযায়ী, নাফিসের উচ্চতা প্রায় ১৫৬ সেন্টিমিটার। তাঁর মাথায় চুল নেই এবং মুখে ঘন দাড়ি রয়েছে। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ক্রিম বা হালকা বাদামি রঙের হুডি এবং পিঠে একটি কালো ব্যাকপ্যাক থাকতে পারে।
তিনি কালো রঙের একটি অডি এ৭ (Audi A7) গাড়ি ব্যবহার করে থাকতে পারেন। গাড়িটির নিবন্ধন নম্বর EOH-738।
পুলিশ জানিয়েছে, নাফিসের হেলসিঙ্কি ও হামে অঞ্চলে চলাচলের তথ্য পাওয়া গেছে। তবে তিনি বর্তমানে ফিনল্যান্ডের যেকোনো স্থানে থাকতে পারেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অপরাধ সংঘটিত হয়েছে বলে সন্দেহ করছে না পুলিশ।
এদিকে নিখোঁজ নাফিস কিংবা তাঁর গাড়ি কোথাও নজরে এলে পুলিশকে জানানোর জন্য ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ট্যাক্সিচালক ও খাবার সরবরাহের কাজে নিয়োজিত ব্যক্তিদের চলাচলের সময় সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।
নাফিস ইস্কান্দার কিংবা তাঁর গাড়ি সম্পর্কে কোনো তথ্য থাকলে পুলিশের 046 922 4651 নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা যাবে। এ ছাড়া vakivaltavihjeet.helsinki@poliisi.fi ঠিকানায় ইমেইল পাঠানো যাবে।
নাফিসের সন্ধান পেতে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের পাশাপাশি ফিনল্যান্ডে বসবাসরত সবার সহযোগিতা চেয়েছে পুলিশ।


