নাগরিকদের জন্য সর্বোচ্চ দেড় লাখ (১৫০,০০০) ইউরো পর্যন্ত বিশেষ করসুবিধাসহ নতুন এক বিনিয়োগ হিসাবের অনুমোদন দিয়েছে স্পেন সরকার। ‘ফিনানসিয়া ইউরোপা’ নামের এই হিসাবের মাধ্যমে কর ছাড়ের বড় সুবিধা পাবেন দেশটির বাসিন্দারা।
ইউরোপীয় বিভিন্ন কোম্পানি এবং আর্থিক বাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এর আওতায় বিনিয়োগকারীরা তাঁদের যোগ্য সম্পদ কেনাবেচা করতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে মূলধনি আয়ের (ক্যাপিটাল গেইন) ওপর কোনো কর দিতে হবে না। তবে স্কিমটি কার্যকর করার জন্য ব্যাংকগুলো এখনো চূড়ান্ত নির্দেশিকার অপেক্ষায় থাকায় এখনই এই হিসাব খোলার সুযোগ পাচ্ছেন না গ্রাহকেরা।
অনুমোদিত বিনিয়োগগুলো অন্তত পাঁচ বছর ধরে রাখলেই কেবল এই করছাড়ের সুবিধা মিলবে। এর মাধ্যমে প্রথম ১০ হাজার ইউরো পর্যন্ত মূলধনি লাভ সম্পূর্ণ করমুক্ত হতে পারে এবং অবশিষ্ট লাভের ওপর আরও ২০ শতাংশ কর ছাড় পাওয়া যাবে।
যোগ্য সম্পদের তালিকায় রাখা হয়েছে সাধারণ শেয়ার, মিউচুয়াল ফান্ড এবং এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ)। তবে লভ্যাংশের (ডিভিডেন্ড) ওপর স্বাভাবিক নিয়মেই কর প্রযোজ্য হবে। এদিকে কোন কোন তহবিল এই সুবিধার আওতায় আসবে, তার তালিকা প্রস্তুত করতে নিয়ন্ত্রক সংস্থাকে চার মাস সময় দেওয়া হয়েছে।


