বছরে দুবার ঘড়ির কাঁটা পরিবর্তনের শতাব্দীপ্রাচীন নিয়ম চিরতরে বন্ধ করে স্থায়ীভাবে ‘গ্রীষ্মকালীন সময়’ (সামার টাইম বা ডেলাইট সেভিং টাইম) বহাল রাখার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পুনরায় আলোচনার দাবি তুলেছে ইটালি।
ইতালীয় সংসদ সদস্য আন্দ্রেয়া বারাবোত্তি এই বিষয়টি আবারও ইইউর আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। তবে এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এখনো কোনো সুনির্দিষ্ট আইনি পরিবর্তন আসেনি এবং ইউরোপজুড়ে ঋতুভিত্তিক ঘড়ির সময় পরিবর্তনের প্রথাটি পুরোপুরি বাতিল করার বিষয়ে সদস্য দেশগুলো এখনো কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি।
নতুন করে আলোচনা শুরু হওয়া সত্ত্বেও গত ২৫ অক্টোবর বিদ্যমান নিয়ম মেনেই ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেয় ইউরোপের দেশগুলো। এর আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও এই ঋতুভিত্তিক সময় পরিবর্তনের নিয়ম অবসানের পক্ষে মত দিয়েছিলেন।
তবে কাউন্সিল অব দ্য ইউরোপিয়ান ইউনিয়ন নিশ্চিত করেছে যে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে নতুন কোনো বিধিমালার বিষয়ে সর্বসম্মত চুক্তি না হওয়া পর্যন্ত সদস্য দেশগুলোকে বিদ্যমান নিয়ম মেনেই ঘড়ির কাঁটা পরিবর্তন করে যেতে হবে।


