পর্তুগালের ভিয়ানা দো কাস্তেলো পৌরসভা ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে তাদের এলাকার শিক্ষার্থীদের পরিবহণ এবং আর্থিক সহায়তা দেওয়ার জন্য সর্বসম্মতিক্রমে ৮ লাখ ৯০ হাজার ইউরোরও বেশি অর্থ বরাদ্দ অনুমোদন করেছে।
পৌরসভার স্কুল পরিবহণ পরিকল্পনার আওতায় ৩৭০ জন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হবে; যারা মূলত ‘এমন বিচ্ছিন্ন বা দূরবর্তী এলাকায় বসবাস করে, যেখান থেকে পাবলিক পরিবহণ ব্যবহারে একমুখী যাত্রার জন্য ৪৫ মিনিটের বেশি অপেক্ষা করতে হয় কিংবা ভ্রমণের সময় ৬০ মিনিটের বেশি লেগে যায়।’
এছাড়া ‘অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার আওতায় থাকা যেসব শিক্ষার্থীর শারীরিক চলাচলে প্রতিবন্ধকতা রয়েছে এবং যাদের পরিবহণের প্রয়োজনীয়তা স্কুল শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে যথাযথভাবে চিহ্নিত ও যাচাই করা হয়েছে’—তাঁদেরও এই তালিকায় রাখা হয়েছে।
মোট ৬ লাখ ৭৯ হাজার ৮৫ দশমিক ৪৬ ইউরো ব্যয়ের এই পরিবহণ পরিকল্পনায় ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণে বাসস্থান পরিবর্তন করতে বাধ্য হওয়া শিক্ষার্থীদেরও’ অন্তর্ভুক্ত করা হয়েছে।
পৌরসভা জানিয়েছে, স্কুল ক্লাস্টার, পরিবহণ পরিচালনাকারী সংস্থা এবং প্যারিশ কাউন্সিলগুলোর যৌথ সহযোগিতার ফল হিসেবে এই পরিকল্পনাটি তৈরি করা হয়েছে। কোনো আইনি বা পারিপার্শ্বিক পরিবর্তনের ক্ষেত্রে এটি প্রয়োজনীয় সমন্বয়ের সুযোগ রাখবে। স্কুল ক্লাস্টার ও পরিবহণ সংস্থাগুলোর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে মূল্যায়নের বিভিন্ন ধাপে এই কর্মসূচির বাস্তবায়ন তদারকি করবে পৌরসভা।
আর্থিক সহায়তার ক্ষেত্রে পৌরসভাটি ‘শিক্ষা উপকরণের পেছনে ১৪ হাজার ইউরো এবং খাবার ভর্তুকি বাবদ ১ লাখ ৯৭ হাজার ইউরো’ ব্যয় করবে। এর ফলে সোশ্যাল সিকিউরিটির ১ ও ২ নম্বর ধাপের সমতুল্য এ এবং বি ক্যাটাগরিতে থাকা প্রায় ১ হাজার শিক্ষার্থী সরাসরি উপকৃত হবে।
খাবার ভর্তুকির আওতায় যেসব পরিবারের দুজন সন্তান স্কুলে পড়ছে তাদের জন্য খাবারে ‘২৫ শতাংশ ছাড়’ এবং তিন বা ততোধিক সন্তান স্কুলে থাকা পরিবারের জন্য ‘৫০ শতাংশ ছাড়ের’ ব্যবস্থা রাখা হয়েছে। আনুমানিক ৫২১ জন শিক্ষার্থী এই সুবিধার আওতায় আসবে; যার ফলে বিগত বছরের তুলনায় খাবার বাবদ পৌরসভার ব্যয় প্রায় ২০ হাজার ইউরো বাড়বে।
এছাড়া এই সহায়তার অংশ হিসেবে কিন্ডারগার্টেনগুলোতে বিনামূল্যে ‘অ্যাক্টিভিটিজ অ্যান্ড ফ্যামিলি সাপোর্ট’ (এএএএফ) কর্মসূচি চালু রাখা হবে, যার মাধ্যমে এলাকার আনুমানিক ৭৯৯ শিশু উপকৃত হবে।


