জার্মানির বার্লিনে পার্লামেন্ট ভবনের সামনে একটি পতাকাদণ্ডে জাতীয় পতাকার পরিবর্তে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন অধিকারকর্মীরা। গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধের বিষয়ে জার্মান সরকারের নীরবতা এবং ইসরায়েলপন্থী নীতির প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করেন।
‘পিসফুলি অ্যাগেইনস্ট জেনোসাইড’ (Peacefully Against Genocide) নামের একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। সংগঠনটি জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানানো এবং ইসরায়েলের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জার্মান রাজনীতিকদের নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানানোই ছিল তাদের উদ্দেশ্য।
এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ‘বিশ্বের যেখানেই গণহত্যা সংঘটিত হোক না কেন, তা আমাদের সবাইকে প্রভাবিত করে। মানবতাবিরোধী অপরাধ বন্ধে আমাদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।’
জার্মানির জনগণের কাছে একটি বার্তা পৌঁছে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে হলোকাস্টের ঐতিহাসিক স্মৃতি থেকে আসা ‘আর কখনো নয়’ (Never Again) অঙ্গীকারের প্রকৃত অর্থ নিয়েও প্রশ্ন তুলেছে তারা।
বিবৃতিতে আরও বলা হয়, ‘সরকারগুলো আন্তর্জাতিক আইন মেনে না চললে সেই আইনের অর্থ কী? মানবাধিকার যদি সবার জন্য সমানভাবে প্রযোজ্য না হয়, তাহলে তার মূল্য কোথায়? যখন নরকতুল্য পরিস্থিতি বাস্তবে রূপ নেয়, তখন নাগরিক সমাজের দায়িত্ব হলো এগিয়ে আসা এবং স্বাধীনতা ও সবার জীবনের সুরক্ষার পক্ষে অবস্থান নেওয়া।’


