উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান অনেক বিদেশি শিক্ষার্থী। পড়াশোনা শেষে দেশটিতে কাজের অভিজ্ঞতা অর্জন ও কর্মজীবন শুরু করার স্বপ্নও থাকে তাঁদের। তবে ২০২৭ সাল থেকে গ্র্যাজুয়েট ভিসার মেয়াদ কমিয়ে ১৮ মাস করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার।
এমন পরিস্থিতিতে নির্দিষ্ট কিছু বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের জন্য গ্র্যাজুয়েট ভিসার মেয়াদ দুই বছরই রাখার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
সম্প্রতি প্রকাশিত যুক্তরাজ্য সরকারের ২০২৬ সালের বাজেট নথিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যেসব বিশ্ববিদ্যালয় অভিবাসনবিধি মেনে চলার ক্ষেত্রে ভালো রেকর্ড বজায় রেখেছে এবং যাদের স্নাতকদের কর্মসংস্থানের হার ভালো, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুই বছরের গ্র্যাজুয়েট ভিসা পাবেন।
তবে, কোন কোন বিশ্ববিদ্যালয় এ সুবিধার আওতায় আসবে, তা এখনো বিস্তারিত জানানো হয়নি।
যুক্তরাজ্য সরকার জানিয়েছে, দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে দেশটির অভিবাসনব্যবস্থা আরও সহজ ও আকর্ষণীয় করতে চায় তারা। এ লক্ষ্যে কম ও মাঝারি দক্ষতার কর্মীদের জন্য অভিবাসন নীতিতে কঠোরতা আনা হলেও উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মী ও মেধাবীদের কাজের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী বিজ্ঞানী ও প্রকৌশলীদের যুক্তরাজ্যে কাজের সুযোগ করে দিতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। গবেষণা ও উন্নয়ন খাতে নিয়োজিত প্রতিষ্ঠানগুলো যাতে সহজে বিদেশি প্রতিভাবান কর্মীদের নিয়োগ দিতে পারে, সে জন্য ভিসাব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে গ্লোবাল ট্যালেন্ট ভিসার আওতা বাড়ানো হয়েছে।
২০২৫ সালের বাজেটের পর থেকে এ ভিসার আওতায় অনুমোদিত অর্থায়নকারী প্রতিষ্ঠানের সংখ্যা ও আবেদনের সুযোগ বাড়ানো হয়েছে। ফলে গবেষণা ও উন্নয়ন খাতের ১০০টির বেশি প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী বিজ্ঞানী ও প্রকৌশলীদের যুক্তরাজ্যে নিয়োগের সুযোগ পাবে।
এ ছাড়া, মেধাবী বিদেশি স্নাতকদের যুক্তরাজ্যে আসার সুযোগ বাড়াতে হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল (এইচপিআই) ভিসার পরিধিও বাড়ানো হয়েছে।
এখন থেকে বিশ্বের শীর্ষ ১৫০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় থাকা প্রতিষ্ঠানের যোগ্য ডিগ্রিধারীরাও এ ভিসার জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি, এ ভিসার আওতায় আবেদনের সংখ্যাও আনুপাতিক হারে বাড়ানো হয়েছে।
গ্র্যাজুয়েট ভিসার বর্তমান ও নতুন নিয়ম
যুক্তরাজ্যে পড়াশোনা শেষে দেশটিতে থেকে কাজ করার সুযোগ দেয় গ্র্যাজুয়েট ভিসা। বর্তমান নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে আবেদন করলে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা দুই বছর দেশটিতে থাকার অনুমতি পাবেন।
তবে, ২০২৭ সালের ১ জানুয়ারি বা তার পরে আবেদন করলে এ মেয়াদ কমে ১৮ মাস হবে। পিএইচডি বা ডক্টরাল ডিগ্রিধারীদের ক্ষেত্রে ভিসার মেয়াদ থাকবে তিন বছর।
গ্র্যাজুয়েট ভিসা পেলে বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাজ্যে অধিকাংশ ধরনের চাকরি করতে পারবেন। পাশাপাশি, নতুন চাকরি খোঁজার পাশাপাশি স্বনিয়োজিত হিসেবেও কাজ করতে পারবেন তাঁরা।
তবে, এ ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ নেই। মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাজ্যে থাকতে চাইলে যোগ্যতা অনুযায়ী অন্য ভিসার জন্য আবেদন করতে হবে। এ ক্ষেত্রে স্কিলড ওয়ার্কার ভিসায় পরিবর্তনের সুযোগ রয়েছে।
গ্র্যাজুয়েট ভিসার জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীকে যুক্তরাজ্যে অবস্থান করতে হবে এবং তাঁর স্টুডেন্ট ভিসা থাকতে হবে। একই সঙ্গে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীর কোর্স সফলভাবে শেষ করার বিষয়টি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হবে।


