ফ্রান্সে মাদক ব্যবসার বিস্তার ঘটাতে শিশু-কিশোরদের টার্গেট করছে সংঘবদ্ধ অপরাধী চক্রগুলো। শুরুতে সহজে অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে তাদের মাদক বিক্রিতে যুক্ত করা হচ্ছে। পরে ধীরে ধীরে অপহরণ, নির্যাতন এমনকি হত্যার মতো গুরুতর অপরাধেও জড়িয়ে পড়তে বাধ্য করা হচ্ছে তাদের।
সামাজিক যোগাযোগমাধ্যমকে কাজে লাগিয়ে ফ্রান্সের বিভিন্ন প্রান্ত থেকে অল্পবয়সীদের নিয়োগ দিচ্ছে এসব অপরাধী চক্র। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি আকর্ষণীয় ছবি ও বিজ্ঞাপনের মাধ্যমে কিশোরদের প্রলুব্ধ করা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ের মাদক সাম্রাজ্যের এমন ভয়াবহ চিত্র উঠে এসেছে।
শহরটির সবচেয়ে শক্তিশালী অপরাধী সংগঠন হিসেবে পরিচিত ‘ডিজেড মাফিয়া’। রক্তক্ষয়ী আধিপত্যের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে সংগঠনটি এখন ফ্রান্সের অন্যতম বড় অপরাধী চক্রে পরিণত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে মার্সেইয়ের ফ্রেইস-ভ্যালন এলাকায় মাদক বিক্রির সময় এক নারী ক্রেতার হাতে একটি চিরকুট তুলে দেয় ১৫ বছর বয়সী এক কিশোর। তাতে লেখা ছিল, ‘আমাদের বন্দি করে রাখা হয়েছে। সাহায্য প্রয়োজন। আমাদের বয়স ১৫ বছর।’
পরে জানা যায়, মাদকচক্রের হয়ে কাজ করতে গিয়ে দুই কিশোর নির্যাতনের শিকার হয়েছিল। তাদের নিয়মিত মারধর করা হতো, বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হতো। এমনকি একজনকে ধর্ষণও করা হয়। পালানোর চেষ্টা করলে একজনকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় ছয়জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এখন সামাজিক যোগাযোগমাধ্যমে চালক, মাদক সরবরাহকারী ও ভাড়াটে খুনি নিয়োগের বিজ্ঞাপন দিচ্ছে এসব চক্র। প্যারিস, নঁত ও লিলের মতো শহর থেকেও তরুণদের মার্সেইয়ে নিয়ে আসা হচ্ছে।
ফ্রান্সের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে ১০ হাজারের বেশি শিশু কোনো না কোনোভাবে মাদক পাচারের সঙ্গে জড়িয়ে পড়ে। দেশটির মাদকবিরোধী বিভাগের প্রধান দিমিত্রি জুলাসের হিসাব অনুযায়ী, ফ্রান্সে মাদক পাচারের বার্ষিক ব্যবসার পরিমাণ প্রায় ৭০০ কোটি ইউরো। এ ব্যবসায় যুক্ত প্রায় দুই লাখ মানুষ।
ডিজেড মাফিয়ার সাবেক সদস্য ২০ বছর বয়সী কামিল জানান, গাড়ি, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, মাদক ও যৌনসঙ্গীর প্রলোভন দেখিয়ে তরুণদের দলে টানা হয়। একবার এই অপরাধজগতে জড়িয়ে পড়লে সেখান থেকে বেরিয়ে আসা কঠিন।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সাল থেকে সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট প্রায় এক হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৬০০ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান সত্ত্বেও মাদকচক্রগুলোর বিস্তার থামছে না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এসব চক্রের তৎপরতার সঙ্গে সম্পর্কিত মাদকজনিত অতিমাত্রার ব্যবহারে বছরে ৭০০টির বেশি মৃত্যুর ঘটনা ঘটছে।
মাদকচক্রের হাতে সন্তান হারানো এক মা কারিন ব্রুইয়ার্ডের আশঙ্কা, অর্থের প্রলোভন দেখিয়ে তরুণদের অপরাধজগতে ঠেলে দিয়ে একের পর এক পরিবার ধ্বংস করা হচ্ছে।
তাঁর ছেলে হুগো ১৫ বছর বয়সে প্রথম বাড়ি ছেড়ে মার্সেইয়ে গিয়েছিল। কয়েক বছর পর আবার সেখানে যাওয়ার মাত্র তিন সপ্তাহের মধ্যে ছেলের মৃত্যুর খবর পান তিনি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় হুগোর মরদেহ। কেন তাঁকে হত্যা করা হয়েছিল, আজও সেই প্রশ্নের উত্তর পাননি কারিন।


