প্রধান শহরগুলোর মধ্যে যাতায়াতের সময় কমাতে এবং দেশের পশ্চিম উপকূলজুড়ে ফেরিমুক্ত মহাসড়ক গড়ে তুলতে সমুদ্রের তলদেশে বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সড়ক টানেল নির্মাণ করছে নরওয়ে। ২৭ কিলোমিটার দীর্ঘ এ টানেলের নাম ‘রগফাস্ট’। এর সবচেয়ে গভীর অংশটি থাকবে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৯২ মিটার নিচে।
‘রগফাস্ট’ নামটি এসেছে নরওয়ের ‘রগাল্যান্ড ফাস্টফরবিনডেলসে’ শব্দ থেকে। টানেলটি যে অঞ্চলে নির্মিত হচ্ছে, সেই রগাল্যান্ডের নামের সঙ্গে নরওয়েজীয় ভাষায় ‘স্থায়ী সংযোগ’ অর্থবাহী শব্দ যুক্ত করে এর নামকরণ করা হয়েছে।
২০১৮ সালের জানুয়ারিতে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়। তবে সম্ভাব্য ব্যয় অনেক বেড়ে যাওয়ার আশঙ্কায় ২০১৯ সালের শেষ দিকে কাজ বন্ধ হয়ে যায়। এ সময় আগের চুক্তিগুলো বাতিল করে প্রকল্পটি নতুন করে সাজানো হয়। পরে ২০২১ সালের শেষ দিকে আবার নির্মাণকাজ শুরু হয়। প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার বা ২৫ বিলিয়ন নরওয়েজীয় ক্রোনার ব্যয়ে ২০৩৩ সালের মধ্যে টানেলটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।
টানেলটির উত্তর অংশের নির্মাণকাজ করছে বহুজাতিক নির্মাণপ্রতিষ্ঠান স্ক্যানস্কা। ৯ কিলোমিটার দীর্ঘ এ অংশটিই টানেলের সবচেয়ে গভীর এলাকায় অবস্থিত। প্রতিষ্ঠানটির প্রকল্প ব্যবস্থাপক অ্যান ব্রিট মোয়েন বলেন, স্টাভাঞ্জার ও হাউগেসুন্ড অঞ্চলের মধ্যে দ্রুত ও নির্ভরযোগ্য যোগাযোগ গড়ে তোলার মাধ্যমে টানেলটি নরওয়ের পশ্চিম উপকূলের যোগাযোগব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আনবে।
মোয়েনের মতে, বর্তমান ফেরি পারাপারের বিকল্প হিসেবে ‘রগফাস্ট’ চালু হলে জনসংখ্যার দিক থেকে নরওয়ের দ্বিতীয় ও চতুর্থ বৃহত্তম শহর বার্গেন ও স্টাভাঞ্জারের মধ্যে যাতায়াতের সময় প্রায় ৪০ মিনিট কমবে। এতে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াতও সহজ হবে।
সমুদ্রের নিচে জোড়া গোলচত্বর
শুধু সড়কযান চলাচলের উপযোগী করে নির্মিত টানেলটিতে থাকবে দুটি পৃথক সুড়ঙ্গ বা টিউব। প্রতিটি টিউবে থাকবে দুটি করে লেন। তবে টানেলের মাঝামাঝি অংশে থাকছে ব্যতিক্রমী একটি স্থাপনা। সমুদ্রপৃষ্ঠ থেকে ২৬০ মিটার গভীরে নির্মাণ করা হবে একটি ‘ডাবল রাউন্ডঅ্যাবাউট’ বা জোড়া গোলচত্বর। এটি নরওয়ের ক্ষুদ্রতম পৌরসভা কিটসয় দ্বীপের সঙ্গে সংযোগকারী টানেলের সঙ্গে যুক্ত হবে।
সমুদ্রের এত গভীরে দীর্ঘ সুড়ঙ্গ নির্মাণ করতে গিয়ে নানা প্রযুক্তিগত চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে প্রকৌশলীদের। কাজ দ্রুত শেষ করতে টানেলের দুই প্রান্ত থেকে একযোগে খননকাজ চলছে। লক্ষ্য, দুই দিক থেকে খনন করতে থাকা শ্রমিকেরা যেন মাঝখানে এসে মাত্র পাঁচ সেন্টিমিটার ত্রুটিসীমার মধ্যে একে অপরের সঙ্গে মিলিত হতে পারেন।
এত নিখুঁতভাবে খননকাজ পরিচালনার জন্য লেজারসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বিশেষ ঘূর্ণায়মান লেজার স্ক্যানার দিয়ে খনন করা অংশের ত্রিমাত্রিক তথ্য সংগ্রহ করা হয়। প্রতি সেকেন্ডে ২০ লাখ তথ্য সংগ্রহ করে টানেলের একটি ‘ডিজিটাল টুইন’ বা ডিজিটাল প্রতিরূপ তৈরি করা হয়। এরপর মূল নকশার সঙ্গে তা মিলিয়ে কোনো বিচ্যুতি রয়েছে কি না, তা যাচাই করা হয়।
টানেল পরিমাপের যন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান হেক্সাগনের প্রধান কর্মকর্তা বার্কহার্ড বোকেম বলেন, ‘দূরবিনের ভেতর দিয়ে চোখ রেখে সার্ভেয়ারদের মাপজোখ করার সেই পুরোনো দিন এখন আর নেই বললেই চলে।’
পাঁচ সেন্টিমিটারের এই ত্রুটিসীমা বিশ্বের অন্যতম কঠোর মানদণ্ড। তবে খননকাজে নির্ভুলতা বজায় রাখলে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি নির্মাণসামগ্রীর অপচয় এবং কার্বন নিঃসরণও কমানো সম্ভব। বোকেম বলেন, ‘আপনি যদি এই মাপ থেকে বিচ্যুত হন, তবে অতিরিক্ত অনেক উপাদান বেরিয়ে আসবে, যা পরে আবার ভরাট করতে হবে। সুতরাং এটি কেবল ঝুঁকির বিষয়ই নয়, বরং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্থিক বিষয়ও।’
ফেরিমুক্ত হবে ১১০০ কিলোমিটার মহাসড়ক
‘রগফাস্ট’ প্রকল্পটি নরওয়ের ই-৩৯ উপকূলীয় মহাসড়ক সংস্কারের বৃহৎ পরিকল্পনার অংশ। ১১০০ কিলোমিটার দীর্ঘ এ সড়ক উত্তরের ট্রনহেইম থেকে দক্ষিণের ক্রিস্টিয়ানসান পর্যন্ত বিস্তৃত। বর্তমানে পুরো পথ পাড়ি দিতে প্রায় ২১ ঘণ্টা লাগে। পথে সাতটি স্থানে ফেরিতে নদী বা সমুদ্রপথ পার হতে হয়।
সড়কটির বিভিন্ন অংশে টানেল ও সেতু নির্মাণ করে ফেরিনির্ভরতা দূর করা এবং যাতায়াতের সময় অর্ধেকে নামিয়ে আনাই এ প্রকল্পের লক্ষ্য। তবে পুরো মহাপরিকল্পনার কাজ ২০৫০ সালের আগে শেষ হওয়ার সম্ভাবনা নেই।
প্রকল্প ব্যবস্থাপক মোয়েনের মতে, ‘রগফাস্ট’ এ মহাপরিকল্পনার অন্যতম কঠিন ও প্রযুক্তিগতভাবে জটিল অংশ। নির্মাণকাজে এরই মধ্যে বেশ কিছু বাধার মুখে পড়তে হয়েছে প্রকৌশলীদের।
তিনি বলেন, ‘এ পর্যন্ত আমাদের প্রধান চ্যালেঞ্জ ছিল পাথরের ফাটল বন্ধ করার জন্য কার্যকর গ্রাউটিং পদ্ধতি খুঁজে বের করা। আমরা এখন সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০ মিটার গভীরে আছি। ইতিমধ্যে টানেল ব্যবস্থায় বেশ বড় ধরনের লোনা পানি চুইয়ে পড়ার সমস্যা দেখা দিয়েছে। যেহেতু আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৯২ মিটার গভীরে যাব, তাই সবার জন্য নিরাপদ ও কার্যকর কর্মপরিবেশ নিশ্চিত করতে সেরা পদ্ধতিগুলো খুঁজে বের করার ওপর জোর দিচ্ছি।’
বাতাস চলাচল ও নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা
টানেলের ভেতরে বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও যানবাহনের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। বাতাসের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে ব্যবহার করা হবে শক্তিশালী ফ্যান। এর সঙ্গে কিটসয় দ্বীপ পর্যন্ত একটি বায়ু চলাচলের পাইপ যুক্ত থাকবে।
মোয়েন বলেন, ‘টানেলের এত দীর্ঘ পথজুড়ে কার্যকর বায়ু চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতেই এ যৌথ ব্যবস্থা তৈরি করা হয়েছে।’
এ ছাড়া টানেলের ভেতরে কোনো গাড়ি বিকল হয়ে গেলে বা যানজট তৈরি হলে তা দ্রুত শনাক্ত করতে থাকবে তাৎক্ষণিক সতর্কবার্তা ব্যবস্থা। ক্যামেরা ও রাডারের সাহায্যে সার্বক্ষণিক নজরদারিও চালানো হবে।
ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট খাতে কিছু মানুষের কর্মসংস্থান হারানোর আশঙ্কা থাকলেও স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন সুযোগ তৈরি করবে টানেলটি। প্রকল্প কর্মকর্তাদের মতে, এর ফলে চাকরি, শিক্ষা ও বিভিন্ন সরকারি সেবা পাওয়ার সুযোগ বাড়বে। পাশাপাশি পরিবহন ব্যয় কমে আসায় স্থানীয় অর্থনীতি ও সামুদ্রিক মৎস্যশিল্পও উপকৃত হবে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলো আরও বিস্তৃত এলাকায় কার্যক্রম পরিচালনার সুযোগ পাবে।
মোয়েন বলেন, ‘নির্মাণকাজের সময়ই এ প্রকল্প প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করছে। পাশাপাশি নরওয়ের পশ্চিম উপকূলজুড়ে টেকসই ও সমন্বিত আঞ্চলিক উন্নয়নের ভিত্তি তৈরি করছে।’
গভীরতায় ছাড়িয়ে যাবে জাপান ও ইংল্যান্ড-ফ্রান্সের টানেলকে
বর্তমানে সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া বিশ্বের দীর্ঘতম টানেল উত্তর জাপানের ‘সেইকান টানেল’। এটি শুধু রেল চলাচলের জন্য ব্যবহৃত হয়। টানেলটির মোট দৈর্ঘ্য ৫৩ দশমিক ৮৫ কিলোমিটার, যার মধ্যে সমুদ্রের নিচের অংশ ২৩ দশমিক ৩ কিলোমিটার।
অন্যদিকে, ইংল্যান্ড ও ফ্রান্সকে সংযুক্ত করা ‘চ্যানেল টানেল’ও শুধু ট্রেন চলাচলের জন্য ব্যবহৃত হয়। এর মোট দৈর্ঘ্য ৫০ দশমিক ৪৬ কিলোমিটার। এর মধ্যে সমুদ্রের নিচের অংশ ৩৭ দশমিক ৯ কিলোমিটার।
তবে গভীরতার দিক থেকে এই দুই টানেলকেই ছাড়িয়ে যাবে নরওয়ের ‘রগফাস্ট’। সেইকান ও চ্যানেল টানেলের সর্বোচ্চ গভীরতা যথাক্রমে ২৪০ ও ১১৫ মিটার। সেখানে রগফাস্টের সবচেয়ে গভীর অংশ হবে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৯২ মিটার নিচে।


