পাঁচ ইউরোপীয় দেশ থেকে অনিয়মিত অভিবাসীদের আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ বিষয়ে রুয়ান্ডা সরকারের সঙ্গে আলোচনা করছে ডেনমার্ক, অস্ট্রিয়া, জার্মানি, নেদারল্যান্ডস ও গ্রিস। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরে প্রথমবারের মতো কোনো দেশে অভিবাসীদের জন্য ‘রিটার্ন হাব’ চালু হবে। তবে এ উদ্যোগে মানবাধিকার সুরক্ষা ও ইইউর আইন মেনে চলা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট বিষয়ে অবগত দুই ব্যক্তির বরাতে সংবাদমাধ্যম ইউরোনিউজ জানিয়েছে, কয়েক মাসের আলোচনার পর সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ চুক্তি ঘোষণার কথা রয়েছে।
পাঁচ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও অভিবাসনবিষয়ক মন্ত্রীরা ভিয়েনায় একটি সম্মেলনে অংশ নিচ্ছেন। সেখানে রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুতাও উপস্থিত থাকবেন। সম্মেলনস্থলের কাছেই বিকেলে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার ও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের।
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে কয়েক শ অভিবাসীকে রুয়ান্ডায় পাঠানো হবে। ২০২৭ সালের বসন্ত বা গ্রীষ্মে এটি চালু হতে পারে।
পরিকল্পনা অনুযায়ী, রুয়ান্ডায় অভিবাসীদের জন্য খোলা আবাসনকেন্দ্র থাকবে। সেখানে তাঁদের বসবাসের অনুমতিপত্র দেওয়া হবে এবং দেশের ভেতরে চলাচলের স্বাধীনতা থাকবে। স্থানীয় সমাজ ও শ্রমবাজারের সঙ্গে তাঁদের একীভূত করাই হবে এ উদ্যোগের লক্ষ্য।
সাধারণত নিজ দেশে ফেরত পাঠানোর অপেক্ষায় থাকা অভিবাসীদের সাময়িকভাবে রাখার জন্য রিটার্ন হাব তৈরি করা হয়। তবে এসব কেন্দ্রে অবস্থানের নির্দিষ্ট কোনো সময়সীমা না থাকায় অভিবাসীদের অনির্দিষ্টকালের জন্য রুয়ান্ডায় আটকে পড়ার আশঙ্কা রয়েছে। এমনকি তাঁদের নিজ দেশে ফেরত পাঠানো নাও হতে পারে।
এ ছাড়া ইউরোপীয় পার্লামেন্ট ও সদস্য দেশগুলো ইউরোপীয় কমিশনের প্রস্তাবিত সংস্কার অনুমোদন করলে ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সও রুয়ান্ডায় অভিবাসী ফেরত পাঠানোর প্রক্রিয়ায় যুক্ত হতে পারে।
রুয়ান্ডায় রিটার্ন হাব নিয়ে আইনি জটিলতার আশঙ্কা
রিটার্ন হাব প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে ইউরোপে মানবাধিকার সুরক্ষা ও ইইউর আইনের সঙ্গে সামঞ্জস্যের প্রশ্ন উঠেছে। সমালোচকদের আশঙ্কা, গণতান্ত্রিক মানদণ্ডের দুর্বলতা রয়েছে এমন দেশে এসব কেন্দ্র স্থাপন করা হলে অভিবাসীদের মৌলিক অধিকার লঙ্ঘিত হতে পারে।
ইইউর বাইরে রিটার্ন হাব স্থাপনের অনুমতি দেওয়া নতুন আইনে বলা হয়েছে, শুধু সেই দেশগুলোই এ ধরনের কেন্দ্র পরিচালনার যোগ্য হবে, যেখানে আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবাধিকার ও মৌলিক নীতিমালা মেনে চলা হয়।
তবে মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে রুয়ান্ডার অতীত রেকর্ড নিয়ে জাতিসংঘেরও উদ্বেগ রয়েছে।
এর আগে যুক্তরাজ্যও আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর জন্য দেশটির সঙ্গে চুক্তি করেছিল। তবে মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি থাকায় ২০২৩ সালে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট ওই চুক্তিকে বেআইনি ঘোষণা করেন।
পাঁচ ইউরোপীয় দেশ অবশ্য দাবি করেছে, তাদের পরিকল্পনা ইইউর আইন ও আন্তর্জাতিক বাধ্যবাধকতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হবে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অংশীদারত্বে প্রকল্পটি পরিচালনার কথাও জানিয়েছে তারা।
তবে রুয়ান্ডায় অভিবাসীদের পাঠানোর প্রক্রিয়া নিয়ে আলোচনায় ইউএনএইচসিআর ও আইওএম সরাসরি যুক্ত নয়। নির্দিষ্ট শর্ত পূরণ না হলে এসব সংস্থা প্রকল্প থেকে নিজেদের সরিয়ে নিতে পারে।
আইওএমের এক মুখপাত্র ইউরোনিউজকে বলেন, এ ধরনের প্রকল্পে সংস্থাটির সহযোগিতা পেতে হলে গ্রহণকারী সরকারের আনুষ্ঠানিক অনুরোধ এবং অভিবাসীদের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা থাকার নিশ্চয়তা প্রয়োজন।
আগামী বছর রুয়ান্ডায় অভিবাসী পাঠানো শুরু হলে আইনি জটিলতা দেখা দিতে পারে। কারণ, ইউরোপীয় মানবাধিকার আদালতের বিধান অনুযায়ী, কোনো ব্যক্তির মৌলিক অধিকার লঙ্ঘনের ঝুঁকি রয়েছে—এমন দেশে বা পরিস্থিতিতে তাঁকে পাঠানো নিষিদ্ধ।
ইতালির অভিবাসনবিষয়ক আইন বিশেষজ্ঞদের সংগঠন আসজির এলিওনোরা চেলোরিয়া ইউরোনিউজকে বলেন, এ ব্যবস্থার আওতায় অভিবাসীদের নির্যাতন এবং অমানবিক বা অবমাননাকর আচরণের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।
অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর ব্যয় নিয়ে অনিশ্চয়তা
অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানো এবং সেখানে তাঁদের আবাসনের সম্পূর্ণ ব্যয় বহন করবে পাঁচ ইউরোপীয় দেশ। তবে এ প্রকল্পে মোট কত খরচ হবে, সে বিষয়ে এখনো কোনো হিসাব দেওয়া হয়নি। বিনিময়ে রুয়ান্ডা কী পাবে, তা-ও স্পষ্ট নয়।
২০২৫ সালে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত তৃতীয় দেশের নাগরিকদের আশ্রয় দিতে রুয়ান্ডা সরকারের সঙ্গে একটি চুক্তি হয়েছিল। এর আওতায় দেশটিকে প্রায় ৭৫ লাখ ডলার আর্থিক সহায়তা দেওয়ার কথা ছিল।
এর আগে ইতালিও আলবেনিয়ায় অভিবাসীদের জন্য এ ধরনের কেন্দ্র স্থাপন করে বিতর্কের মুখে পড়ে। পাঁচ বছরের চুক্তিতে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ৬৭ কোটি ইউরো।
ইতালির একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, দেশটির নিজ ভূখণ্ডে অভিবাসীদের আশ্রয় দেওয়ার তুলনায় এসব কেন্দ্রে তাঁদের আটকে রাখার খরচ অনেক বেশি। গবেষণা অনুযায়ী, আলবেনিয়ায় প্রতিটি আসনের জন্য ব্যয় ১ লাখ ৫৩ হাজার ইউরোর বেশি। অথচ ইতালির সিসিলিতে একই ধরনের সুবিধায় একজন অভিবাসীর জন্য ব্যয় হতে পারে প্রায় ২১ হাজার ইউরো।
ভবিষ্যতে ডেনমার্ক, অস্ট্রিয়া, জার্মানি, নেদারল্যান্ডস ও গ্রিসের সঙ্গে আরও কয়েকটি ইউরোপীয় দেশ যুক্ত হতে পারে। গত জুনে ইইউ নেতাদের কাছে পাঠানো এক যৌথ চিঠিতে ২৭ সদস্যদেশের মধ্যে ১৯টি সরকার অভিবাসন ব্যবস্থাপনায় এ ধরনের উদ্যোগকে ‘উদ্ভাবনী সমাধান’ হিসেবে উল্লেখ করেছিল।
তবে স্পেন ও ফ্রান্স এ পরিকল্পনার বিরোধিতা করেছে। ফলে অভিবাসীদের ইউরোপের বাইরে পাঠানোর এ উদ্যোগ নিয়ে ইইউর সদস্যদেশগুলোর মধ্যে মতপার্থক্য আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।


