২০২৭ সালে পর্তুগালের মোটরওয়ে ব্যবহারের টোল ৩.৮৩ শতাংশ বাড়তে পারে। দেশটির পরিসংখ্যান সংস্থা ইনস্টিটিউট অব ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (আইএনই) প্রকাশিত সর্বশেষ মূল্যস্ফীতির তথ্যের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে।
তবে কোন সড়কে বা সড়কের কোন অংশে কত টোল বাড়বে, তা এখনো চূড়ান্ত হয়নি। দেশটির সংবাদমাধ্যম ইসিওর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অক্টোবর মাসে আবাসন খাত বাদে পর্তুগালের মূল ভূখণ্ডে বছরওয়ারি মূল্যস্ফীতির হার ছিল ৩.৭৩ শতাংশ। এর সঙ্গে মোটরওয়ে পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি অনুযায়ী অতিরিক্ত ০.১ শতাংশীয় পয়েন্ট যোগ করা হয়েছে। ফলে টোল বাড়ানোর সম্ভাব্য হার দাঁড়িয়েছে ৩.৮৩ শতাংশ।
১৯৯৭ সালের ডিক্রি-ল ২৯৪/৯৭ অনুযায়ী, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিবছর মোটরওয়ের টোল সমন্বয় করা হয়।
অতিরিক্ত ০.১ শতাংশীয় পয়েন্ট যোগ করার বিষয়টি ২০২২ সালের উচ্চ মূল্যস্ফীতির সময়ের সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত। সে সময় মূল্যস্ফীতির ভিত্তিতে ২০২৩ সালে টোল প্রায় ১০ শতাংশ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে সরকার ও মোটরওয়ে পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো ২০২৩ সালে টোল ৪.৯ শতাংশ বাড়ানোর বিষয়ে সম্মত হয়। তবে বাকি অর্থের একটি অংশ পরবর্তী চার বছরে ধাপে ধাপে আদায়ের সুযোগ দেওয়া হয় প্রতিষ্ঠানগুলোকে।
২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের টোল সমন্বয়ে এই অতিরিক্ত হার যুক্ত করা হয়েছে। ২০২৭ সালে শেষবারের মতো তা যুক্ত হওয়ার কথা রয়েছে।
তবে সব সড়কে টোলের পরিমাণ একই হারে বাড়বে, এমন নয়। প্রতিটি সড়কের নির্দিষ্ট অংশের বর্তমান ভাড়া ও মূল্য নির্ধারণের ক্ষেত্রে রাউন্ডিং পদ্ধতির ওপর চূড়ান্ত বৃদ্ধির পরিমাণ নির্ভর করবে। যেমন, কোনো পথে বর্তমানে ১০ ইউরো টোল দিতে হলে ৩.৮৩ শতাংশ বৃদ্ধিতে তা প্রায় ৩৮ সেন্ট বাড়তে পারে।
২০২৭ সালের টোলের প্রস্তাব ১৫ নভেম্বরের মধ্যে সরকারকে জমা দিতে হবে মোটরওয়ে পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে। এরপর প্রস্তাব পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাতে সরকারের হাতে থাকবে ৩০ দিন। নতুন টোল আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
নিয়মিত মোটরওয়ে ব্যবহারকারীদের ক্ষেত্রে এ বৃদ্ধি বছরজুড়ে ব্যয়ের ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে প্রতিদিন যাতায়াতের জন্য যাঁদের টোল দিতে হয়, তাঁদের অতিরিক্ত ব্যয় তুলনামূলক বেশি হবে।
এদিকে, আইএনইর অক্টোবরের তথ্যে পর্তুগালের সার্বিক বছরওয়ারি ভোক্তা মূল্যস্ফীতির হার বেড়ে ৩.৮ শতাংশে দাঁড়িয়েছে। তবে মোটরওয়ের টোল বৃদ্ধির হিসাব করা হয়েছে আবাসন খাত বাদ দিয়ে মূল ভূখণ্ডের ৩.৭৩ শতাংশ মূল্যস্ফীতির ভিত্তিতে।


