পর্তুগালে ক্রমবর্ধমান আবাসন সংকটের প্রতিবাদে আজ শনিবার (১৪ নভেম্বর) দেশটির ৩২টি শহরে রাজপথে নামছেন হাজারো মানুষ। বাড়িভাড়া নিয়ন্ত্রণ, উচ্ছেদ বন্ধ এবং সাশ্রয়ী মূল্যের সরকারি আবাসন বাড়ানোর দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
‘কাসা পারা ভিভের’ (বসবাসের জন্য একটি বাড়ি) উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভের স্লোগান—‘তারা আমাদের মাথা গোঁজার ঠাঁইয়ের অধিকার কেড়ে নিতে পারবে না’। রাজধানী লিসবন, পোর্তো, ফারো, পোর্তিমাও, কোইমব্রা ও ব্রাগাসহ দেশটির ৩২টি শহরে এই কর্মসূচি পালিত হওয়ার কথা রয়েছে।
আন্দোলনকারীদের দাবি, ভাড়াসংক্রান্ত আইনে সরকারের প্রস্তাবিত পরিবর্তন বাতিল করতে হবে। পাশাপাশি বাড়িভাড়া নিয়ন্ত্রণ, ভাড়াটিয়াদের উচ্ছেদ ঠেকানো এবং স্বল্পমূল্যের সরকারি আবাসনের সরবরাহ বাড়াতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
পর্তুগালের সংবাদ সংস্থা লুসাকে দেওয়া সাক্ষাৎকারে আন্দোলনটির মুখপাত্র রিতা সিলভা বলেন, এই বিক্ষোভে মানুষের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে, আবাসন সংকট শুধু লিসবন ও পোর্তোর সমস্যা নয়; পুরো দেশই এ সংকটে আক্রান্ত।
তিনি বলেন, সমস্যাটি সাময়িক নয়। কার্যকর পরিবর্তন না আসা পর্যন্ত মানুষকে প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
প্রায় ১০০টি আবাসন অধিকার সংগঠন ও তৃণমূল পর্যায়ের সংগঠন নিয়ে গঠিত প্ল্যাটফর্মটি বাড়িভাড়া, ভাড়ার চুক্তি, উচ্ছেদ, খালি পড়ে থাকা বাড়ি, স্বল্পমেয়াদি পর্যটন আবাসন এবং আবাসন খাতে জল্পনামূলক বিনিয়োগের ওপর কঠোর নিয়ন্ত্রণ দাবি করছে। একই সঙ্গে সরকারি আবাসন খাতে বিনিয়োগ বাড়ানো এবং উচ্ছেদের মুখে থাকা ভাড়াটিয়াদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা।
সরকারের ওপর বাড়ছে চাপ
সরকারের নগর আবাসন ভাড়া আইন সংশোধনের প্রস্তাব ঘিরে বিতর্কের মধ্যেই এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। প্রস্তাবটি ইতোমধ্যে পার্লামেন্টে নীতিগত অনুমোদন পেয়েছে।
পিএসডি, লিবারেল ইনিশিয়েটিভ ও সিডিএস-পিপির সমর্থনে প্রস্তাবটি অনুমোদিত হয়। চেগা ভোটদানে বিরত ছিল। এতে ভাড়ার চুক্তিতে আরও নমনীয়তা আনা এবং দ্রুত উচ্ছেদের সুযোগ তৈরির কথা বলা হয়েছে।
তবে আবাসন অধিকারকর্মীদের আশঙ্কা, বাড়িভাড়া বৃদ্ধি ও আবাসনের সীমিত সুযোগের কারণে যখন বহু পরিবার সংকটে রয়েছে, তখন এই পরিবর্তন ভাড়াটিয়াদের অধিকার আরও দুর্বল করে দিতে পারে।
এর আগে কয়েক সপ্তাহ ধরে লিসবন ও পোর্তোয় বিক্ষোভ এবং প্রতিবাদী শিবির গড়ে তোলেন আন্দোলনকারীরা। আবাসন সংকটের দিকে দৃষ্টি আকর্ষণ করতে তাঁরা বিভিন্ন জনপরিসরে অবস্থান কর্মসূচি পালন করছেন। ওই শিবিরগুলোর প্রতিনিধিরাও আজকের দেশব্যাপী বিক্ষোভে অংশ নেওয়ার কথা জানিয়েছেন।
আন্দোলনকারীদের সঙ্গে প্রেসিডেন্টের বৈঠক
বিক্ষোভের আগে শুক্রবার পর্তুগালের প্রেসিডেন্ট আন্তোনিও হোসে সেগুরোর সঙ্গে বৈঠক করেন কাসা পারা ভিভের এবং লিসবন ও পোর্তোর প্রতিবাদী শিবিরের প্রতিনিধিরা।
প্ল্যাটফর্মটির আরেক মুখপাত্র আন্দ্রে এসকোভাল বৈঠকটিকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রোকেও প্রেসিডেন্টের মতো আবাসন অধিকারকর্মীদের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানান তিনি।
আন্দোলনকারীদের ভাষ্য অনুযায়ী, ব্লোকো দে এস্কেরদা, লিভরে ও পিসিপির প্রতিনিধিদের সঙ্গে ইতোমধ্যে বৈঠক হয়েছে। আগামী সপ্তাহে প্যান ও পিএসের সঙ্গে আলোচনার কথা রয়েছে। তবে সরকারের পাশাপাশি ক্ষমতাসীন পিএসডিও এখন পর্যন্ত তাদের বৈঠকের অনুরোধে সাড়া দেয়নি।
আয়োজকদের আশা, আজকের সমন্বিত বিক্ষোভ এ বছর পর্তুগালের অন্যতম বড় আবাসন অধিকার আন্দোলনে পরিণত হবে। আবাসন সংকট মোকাবিলায় রাজনৈতিক নেতৃত্বের ওপর চাপ অব্যাহত রাখতেই এই কর্মসূচি।


