আবাসনসংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে স্পেনের প্রধান শ্রমিক সংগঠনগুলোর ডাকা সাধারণ ধর্মঘটে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। ১৪ বছর পর দেশটিতে প্রথমবারের মতো এমন ধর্মঘট পালিত হলো। ধর্মঘটকে কেন্দ্র করে বার্সেলোনায় মুখোশধারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
রাজধানী মাদ্রিদে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। বার্সেলোনায় বিক্ষোভে যোগ দেন ৫০ হাজারের বেশি মানুষ। সেখানে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মুখোশধারীরা ময়লার পাত্রে আগুন দিচ্ছেন এবং দোকানের জানালা ভাঙচুর করছেন। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
ধর্মঘটের কারণে স্পেনজুড়ে পরিবহনব্যবস্থাসহ বিভিন্ন সরকারি সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়।
আগামী ২৯ নভেম্বর স্পেনে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে এই ধর্মঘটের ঘটনা ঘটল।
দেশটির বৃহৎ শ্রমিক সংগঠন ইউজিটির প্রধান পেপে আলভারেজ বলেছেন, বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে ধর্মঘট সফল হয়েছে। আরেক শ্রমিক সংগঠন সিসি ওওর নেতা উনাই সোর্দোও ধর্মঘটে অংশগ্রহণের হারকে ‘খুবই উল্লেখযোগ্য’ বলে বর্ণনা করেছেন।
বুধবার সন্ধ্যায় বার্সেলোনার কেন্দ্রীয় এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। পুলিশ সদস্যদের মাথায় হেলমেট ও হাতে দাঙ্গা নিয়ন্ত্রণের ঢাল ছিল।
শহরের কেন্দ্রস্থলে বিখ্যাত প্লাসা দে কাতালুনিয়ার কাছের পাসেই দে গ্রাসিয়া এলাকায় কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। রাস্তায় ময়লার পাত্র জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, একদল ব্যক্তি পুলিশের দিকে আতশবাজি ছোড়েন। এ ছাড়া লেগোসহ বিভিন্ন দোকানে লুটপাট চালানো হয়। বিক্ষোভকারীদের অ্যাপল স্টোরে ঢোকার চেষ্টাও করতে দেখা গেছে।
বার্সেলোনার বিক্ষোভে অংশ নেওয়া এক নারীর সঙ্গে কথা বলেছে বিবিসি। তিনি জানান, বিক্ষোভের পরিবেশ বেশির ভাগ সময়ই শান্তিপূর্ণ ও আনন্দমুখর ছিল। বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানাতে তিনি সেখানে গিয়েছিলেন। তাঁর ভাষায়, ‘সেখানে অনেক শিশু ও বয়স্ক মানুষও ছিলেন।’
সন্ধ্যায় শহরের লাস রামব্লাস এলাকায় অবস্থানকালে রাস্তায় আগুন জ্বলতে দেখেন তিনি। ওই নারী বলেন, ‘চারদিকে আগুন জ্বলছিল। পরিস্থিতি ছিল খুবই উত্তেজনাপূর্ণ।’
দিনের শুরুতেই মাদ্রিদ ও বার্সেলোনার বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা দেখা দেয়। প্রধান কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন ঘটনায় কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। স্পেনের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, আবাসন ব্যবসায়ীদের বিভিন্ন কার্যালয়েও হামলা হয়েছে।
মাদ্রিদে বিক্ষোভে অংশ নেওয়া এক ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা পুরো শহর অচল করে দিয়েছি।’ ধর্মঘটের প্রতি ব্যাপক জনসমর্থন রয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ‘বৃষ্টির আবহাওয়া সত্ত্বেও সবাই বাইরে বেরিয়ে এসেছেন। রাস্তায় মানুষের ঢল নেমেছে।’
বিক্ষোভে অংশ নেওয়া ৩৭ বছর বয়সী শিক্ষক ওলগা দোমিঙ্গো বলেন, ‘আবাসন পরিস্থিতি ভয়াবহ। বর্তমান বেতনের তুলনায় জীবনযাত্রার ব্যয় এতটাই বেশি যে এভাবে চলা অসম্ভব।’
আবাসন পাওয়ার সুযোগ সংকুচিত হওয়া এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় এই সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়। মাদ্রিদে ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকালকে তাঁর বাসা থেকে উচ্ছেদের ঘটনাটি আন্দোলনের অন্যতম সূত্রপাত হিসেবে দেখা হচ্ছে। ওই বাড়িতে তিনি সাত দশক ধরে বসবাস করেছিলেন। উচ্ছেদের কয়েক সপ্তাহ পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
সাম্প্রতিক বছরগুলোতে স্পেনের রাজধানী মাদ্রিদে বাড়িভাড়া উল্লেখযোগ্য হারে বেড়েছে। আবাসনবিষয়ক ওয়েবসাইট আইডিয়ালিস্তার তথ্য অনুযায়ী, গত অক্টোবরে মাদ্রিদে ৫০ বর্গমিটারের একটি অ্যাপার্টমেন্টের গড় মাসিক ভাড়া ছিল ১ হাজার ১৭০ ইউরো। অন্যদিকে, স্পেনে গড় মাসিক মোট বেতন প্রায় ২ হাজার ৪৬০ ইউরো।
অর্থাৎ একজন গড় বেতনভোগীকে আয়ের প্রায় অর্ধেকই বাড়িভাড়ায় ব্যয় করতে হচ্ছে। আবাসন বিশেষজ্ঞ ও সরকারি প্রতিষ্ঠানগুলোর সুপারিশ অনুযায়ী, একজন ব্যক্তির আয়ের ৩০ শতাংশের বেশি বাড়িভাড়ায় ব্যয় করা উচিত নয়। কিন্তু স্পেনে ভাড়ার এই হার সুপারিশ করা সীমার অনেক ওপরে।
আবাসন খাতে সংস্কার আনার পরিকল্পনা পার্লামেন্টে অনুমোদন না পাওয়ায় গত মাসে আগাম নির্বাচনের ঘোষণা দেন সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
এর আগে ২০১২ সালে রক্ষণশীল সরকারের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়ের আমলে স্পেনে সর্বশেষ সাধারণ ধর্মঘট অনুষ্ঠিত হয়েছিল।
আগের সাধারণ ধর্মঘটগুলো ক্ষমতাসীন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করলেও এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। প্রধানমন্ত্রী সানচেজ ও তাঁর মন্ত্রীরা বরং শ্রমিকদের কর্মবিরতি পালন করে সাশ্রয়ী আবাসনের দাবিতে আন্দোলনে নামতে উৎসাহিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সানচেজ আগের ধর্মঘটগুলোতে অংশ নেওয়া ব্যক্তিদের প্রশংসা করেন। তিনি লেখেন, ‘আপনার আট ঘণ্টার কর্মদিবস, আপনার পেনশন, আপনার সরকারি স্বাস্থ্যসেবা—এসবই সম্মিলিত আন্দোলনের মাধ্যমে অর্জিত অধিকার।’
অন্যদিকে, রক্ষণশীল পিপি দল অভিযোগ করেছে, নির্বাচনী সুবিধা আদায়ে সরকার ধর্মঘটকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
পিপি নেতা আলবার্তো নুনিয়েস ফেইহো সাধারণ ধর্মঘটকে ‘অর্থহীন’ বলে আখ্যা দিয়েছেন। শ্রমিক সংগঠনগুলোকে ‘মাফিয়া’ ও ‘আবর্জনা’ বলেও মন্তব্য করেছেন তিনি।
জনমত জরিপে ফেইহোর দল এগিয়ে রয়েছে। দলটির মুখপাত্র মিগেল তেয়াদো সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, ২৯ নভেম্বরের নির্বাচনে ভোটাররা যাতে ডানপন্থী সরকার গঠনের সুযোগ না দেন, সে জন্য সরকার ধর্মঘটকে ব্যবহার করছে। নির্বাচনের পর ডানপন্থীদের সরকার গঠনের সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।
এদিকে, স্পেনের টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে সানচেজ এ সপ্তাহে বলেন, ‘শ্রমিকদের ধর্মঘট করার অধিকার নিয়ে প্রশ্ন তোলাই বরং অর্থহীন।’
ধর্মঘটে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন ২৭ বছর বয়সী গনসালো আলভারেজ। মাদ্রিদের কেন্দ্রীয় এলাকার বিভিন্ন স্থানে পিকেটিং কর্মসূচিতে অংশ নেন তিনি।
পেশায় বিক্রয়কর্মী আলভারেজ পাশাপাশি একটি আবাসন অধিকার সংগঠনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। সংগঠনটি ভাড়াটিয়াদের অধিকার রক্ষা এবং এ বিষয়ে তাঁদের সচেতন করতে কাজ করে।
বিবিসিকে আলভারেজ বলেন, গত সেপ্টেম্বরের শেষ দিকে মারিকারমেন আবাসকালকে উচ্ছেদের ঘটনাটিই ছিল ‘ছোট্ট একটি স্ফুলিঙ্গ’, যা এই আন্দোলনের আগুন জ্বালিয়ে দেয়।
৮৭ বছর বয়সী ওই নারীকে চিনতেন আলভারেজ। নতুন বাড়িওয়ালারা তাঁর বাড়িভাড়া তিন গুণ বাড়িয়ে দিয়েছিলেন। তাঁর সঙ্গে এমন আচরণে গভীরভাবে মর্মাহত হন আলভারেজ।
মাদ্রিদের দক্ষিণাঞ্চলের আর্গানজুয়েলা এলাকায় প্রেমিকার সঙ্গে একটি ছোট এক শয়নকক্ষের ফ্ল্যাটে ভাড়া থাকেন তিনি। তাঁর প্রেমিকা পেশায় দন্তস্বাস্থ্যকর্মী। দুজন মিলে প্রতি মাসে বাড়িভাড়া দেন ১ হাজার ইউরো। অর্থাৎ অন্যান্য বিল পরিশোধের আগেই তাঁদের প্রত্যেককে নিজের বেতনের প্রায় অর্ধেক বাড়িভাড়ায় ব্যয় করতে হয়।
আলভারেজ বলেন, ‘পরিস্থিতি একেবারেই পাগলাটে। খাবার, বিদ্যুৎ, পানি ও গ্যাস—সবকিছুর খরচই অনেক বেশি।’
নিজেদের বাড়ি কেনার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি। তাঁর ভাষায়, ‘একটি বাড়ি কিনতে হলে অসম্ভব পরিমাণ অর্থ জমাতে হবে। এই বেতনে তা কোনোভাবেই সম্ভব নয়।’
বর্তমান বাড়িভাড়া ও বাড়ির ক্রয়মূল্য বিবেচনায় তাঁদের পক্ষে কোনো বাড়ি কেনা সম্ভব নয় বলে মনে করেন আলভারেজ। তাঁর মতে, সেটি ‘সম্পূর্ণ অসম্ভব’।
তবে স্পেনের সবচেয়ে বড় ব্যবসায়ী সংগঠন সিইওইর সহসভাপতি মিগেল গারিদো ধর্মঘটের সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, আবাসন খাতের উচ্চমূল্যের জন্য ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর তেমন কোনো দায় নেই।
তিনি বলেন, ‘এটি শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো কারণে ডাকা ধর্মঘট নয়। বরং এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আগাম নির্বাচনের ঘোষণার সঙ্গেও এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।’
দিনের পরের ভাগে স্পেনের বড় শহরগুলোতে আরও বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা ছিল। এসব কর্মসূচিতে কত মানুষ অংশ নেন, তা নির্বাচনের আগে জনগণের অসন্তোষের মাত্রা বোঝার গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হবে।
ধর্মঘটের প্রতি মানুষের সমর্থন বোঝার আরেকটি নির্ভরযোগ্য সূচক হলো দেশটির শিল্প খাতে বিদ্যুতের চাহিদা।
বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান রেড এলেকত্রিকার তথ্য অনুযায়ী, বুধবার ভোরে স্পেনে বিদ্যুতের ব্যবহার ৭ দশমিক ৫ শতাংশ কমে যায়।
তবে ১৪ বছর আগে অনুষ্ঠিত সর্বশেষ সাধারণ ধর্মঘটের সময় একই সময়ে বিদ্যুতের ব্যবহার ১৫ শতাংশের বেশি কমেছিল।


