ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো নিয়ে কোনো সিদ্ধান্ত ইউরোপীয়দের অংশগ্রহণ ছাড়া নেওয়া যাবে না বলে রাশিয়াকে স্পষ্ট বার্তা দিয়েছেন ইউরোপের নেতারা। ইউক্রেন যুদ্ধ বন্ধে সাম্প্রতিক শান্তি আলোচনায় রাশিয়ার প্রতিনিধিদল বহুপক্ষীয় আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এ অবস্থান জানালেন তাঁরা।
রাশিয়া আলোচনার অগ্রাধিকারে ইউরোপের নিরাপত্তা কাঠামোর বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে ইউরোপীয় নেতারা মনে করছেন, ইউক্রেন যুদ্ধ থেকে মনোযোগ সরিয়ে নিজেদের বৃহৎ শক্তি হিসেবে পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘদিনের লক্ষ্য এগিয়ে নিতেই মস্কো এ কৌশল নিয়েছে।
বৃহস্পতিবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে ইউরোপীয় নেতাদের এক সম্মেলনের শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেন, ‘শেষ পর্যন্ত ইউরোপীয় হিসেবে আমাদের ভবিষ্যৎ নিরাপত্তার সংজ্ঞা নির্ধারণ ও সিদ্ধান্ত আমরাই নেব। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’
তিনি বলেন, ইউরোপকে প্রথমে নিজেদের চাওয়া সম্পর্কে স্পষ্ট হতে হবে। বর্তমানে ইউক্রেনের প্রতি সমর্থনের বিষয়ে ইউরোপের অবস্থান পরিষ্কার। এখন শান্তি পরিকল্পনা এবং ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো নিয়ে একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করতে হবে।
মাখোঁর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসও রাশিয়াকে ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তবে মস্কো এখনো এতে সম্মতি দেয়নি।
আবুধাবিতে সর্বশেষ দফার শান্তি আলোচনায় ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, ইউরোপীয় কমিশন, ইউরোপীয় কাউন্সিল ও ন্যাটোর জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন। তবে তাঁদের কেউই রুশ প্রতিনিধিদলের সঙ্গে সরাসরি আলোচনায় বসেননি।
আলোচনায় যোগ দিতে যাওয়ার সময় মের্ৎস বলেন, ‘আলোচনার টেবিলে ইউক্রেনকে থাকতে হবে। ইউরোপীয়দের থাকতে হবে। যুক্তরাষ্ট্র এবং অবশ্যই রাশিয়াকেও থাকতে হবে।’
তিনি বলেন, রাশিয়ার আলোচনায় আসা এবং আলোচনার জন্য প্রস্তুত থাকা গুরুত্বপূর্ণ।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস কূটনৈতিক প্রক্রিয়ার ধারাবাহিকতার ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, প্রথমে ইউক্রেনে যুদ্ধবিরতি, এরপর শান্তিচুক্তি এবং সর্বশেষ ধাপে ইউরোপের নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা হওয়া উচিত।
তিনি বলেন, ‘ইউরোপের নিরাপত্তা কাঠামো ইতিমধ্যেই রয়েছে।’ এ ক্ষেত্রে ১৯৭৫ সালের হেলসিঙ্কি চুক্তি, ১৯৯০ সালের প্যারিস সনদ এবং ১৯৯৪ সালের বুদাপেস্ট সমঝোতার কথা উল্লেখ করেন তিনি।
কালাসের ভাষ্য, ‘সমস্যা হলো, রাশিয়া এসব চুক্তি মেনে চলছে না।’
এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিখালও নিরাপত্তা কাঠামো নিয়ে রাশিয়ার নতুন করে আলোচনার প্রস্তাবকে মস্কোর একটি ‘ফাঁদ’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, এর মাধ্যমে রাশিয়া ন্যাটোর সম্প্রসারণ বন্ধ করাসহ এমন কিছু দাবি আদায় করতে চায়, যা বাস্তবায়ন করা অসম্ভব।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘদিন ধরেই ন্যাটোর সম্প্রসারণ ঠেকানোকে কৌশলগত লক্ষ্য হিসেবে দেখছেন।
ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর কয়েক সপ্তাহ আগে ন্যাটোর কাছে একপ্রকার চূড়ান্ত দাবি জানিয়েছিল ক্রেমলিন। এতে জোটটির পূর্বমুখী সম্প্রসারণ বন্ধ এবং ১৯৯৭ সালের পর সদস্য হওয়া দেশগুলো থেকে ন্যাটোর সেনা প্রত্যাহারের দাবি জানানো হয়। তবে ন্যাটো এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করে। এর কয়েক মাস পর ঐতিহাসিকভাবে নিরপেক্ষ অবস্থানে থাকা ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোর সদস্য হওয়ার আবেদন করে।
লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেদাও আলোচনায় ন্যায্য পরিবেশ এবং ইউরোপীয়দের উপস্থিতি নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।
সাংবাদিকদের তিনি বলেন, ‘ইউক্রেনীয়দের আড়ালে কোনো আলোচনা হওয়া উচিত নয়। একইভাবে ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনায় অবশ্যই ইউরোপীয় ইউনিয়নকে সম্পৃক্ত করতে হবে।’
ইউরোপীয় নেতাদের এই সম্মিলিত অবস্থানের এক দিন আগে শান্তি আলোচনায় রাশিয়ার প্রধান প্রতিনিধি ভ্লাদিমির মেদিনস্কি ইউক্রেনের গণ্ডি ছাড়িয়ে পুরো ইউরোপের নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনার বিষয়ে মস্কোর আগ্রহ পুনর্ব্যক্ত করেন।
আবুধাবিতে তিনি বলেন, ‘পুরো শরীরটাই অসুস্থ, আর ইউক্রেন কেবল সেই জায়গা, যেখানে ফোড়াটি ফেটে বেরিয়েছে। তাই পুরো শরীরের চিকিৎসা করতে হবে। শুধু একটি ব্যান্ডেজ দিয়ে কাজ হবে না।’
তবে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার কারণে ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন মেদিনস্কি। যদিও ইউরোপীয় নেতাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে মস্কোর এ অবস্থান পুরোপুরি অনড় নয়। গত মাসেই ফিনল্যান্ড ও নরওয়ের নেতাদের সঙ্গে ৯০ মিনিটের ফোনালাপ করেন পুতিন।
এদিকে ইউরোপের নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনার বিষয়টি সামনে আনতে ভূমিকা রাখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর বিশেষ দূত জ্যারেড কুশনার। সম্প্রতি যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা কাঠামোর নীতিমালা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে কুশনারের একটি দীর্ঘ পোস্ট ইউরোপীয় নেতাদের বিস্মিত করে।
আবুধাবিতে আলোচনার সময় কুশনার রাশিয়াকে ইউরোপীয়দের সঙ্গে সরাসরি বৈঠকে আলোচনার জন্য কিছু প্রস্তাব দেওয়ার আহ্বান জানান। পরে বহুপক্ষীয় আলোচনার পথ সুগম করতে পুতিনের সম্মতি নিতে মস্কো সফর করেন তিনি।
তবে যুক্তরাষ্ট্রের এ উদ্যোগকে কিছুটা অদ্ভুত বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউরোপীয় নেতাদের এ বিষয়ে ‘খুব সতর্কভাবে নজর রাখার’ পরামর্শ দিয়েছেন তিনি।


