চেক প্রজাতন্ত্রে সরকারি টেলিভিশন ও রেডিওর স্বাধীনতা রক্ষার দাবিতে লাখো মানুষ বিক্ষোভ করেছেন। গণমাধ্যম দুটির অর্থায়ন পদ্ধতি পরিবর্তনে সরকারের পরিকল্পনার প্রতিবাদে রোববার রাজধানী প্রাগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিশের নেতৃত্বাধীন তিন-দলীয় সরকারের বিরুদ্ধে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় বিক্ষোভ।
রোববার বিকেলে প্রাগের সবচেয়ে বড় চত্বর লেতনায় আয়োজিত এ বিক্ষোভে আনুমানিক ৩ লাখ ৫০ হাজার থেকে ৪ লাখ মানুষ অংশ নেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
‘মিলিয়ন মোমেন্টস ফর ডেমোক্রেসি’ নামের একটি নাগরিক সংগঠন এ বিক্ষোভের আয়োজন করে। এর স্লোগান ছিল ‘নেভার এগেইন ৪:৩৬’। গত অক্টোবরের মাঝামাঝি পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজে বিতর্কিত একটি আইন সংশোধনী প্রথম দফায় পাসের সময়কে বোঝাতে এ স্লোগান ব্যবহার করা হয়েছে।
সেদিন সরকারি জোটের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা পূর্ণাঙ্গ অধিবেশনের বিতর্ক সংক্ষিপ্ত করে দেন। এতে বিরোধী দলের ৬০ জনের বেশি আইনপ্রণেতা বক্তব্য দেওয়ার সুযোগ পাননি। শনিবার ভোরে ভোটাভুটির মাধ্যমে সংশোধনীটি পাস হয়।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিক্ষোভকারীরা সরকারের নীতির তীব্র সমালোচনা করেন। পাশাপাশি পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার তোমিও ওকামুরার নেতৃত্বাধীন জোটের শরিক দল ফ্রিডম অ্যান্ড ডিরেক্ট ডেমোক্রেসি (এসপিডি) সরকার থেকে বেরিয়ে যাওয়ার দাবি জানান।
বর্তমানে চেক প্রজাতন্ত্রের সরকারি টেলিভিশন ও রেডিওর অর্থায়ন হয় জনগণের কাছ থেকে বাধ্যতামূলক মাসিক ফি আদায়ের মাধ্যমে। তবে সরকার এ ব্যবস্থা বাতিল করে রাষ্ট্রীয় বাজেট থেকে গণমাধ্যম দুটির ব্যয় মেটানোর পরিকল্পনা করছে।
সরকারের এ প্রস্তাবে ব্যাপক বিরোধিতা তৈরি হয়েছে। অনেকের আশঙ্কা, রাষ্ট্রীয় বাজেট থেকে অর্থায়ন করা হলে গণমাধ্যম দুটির সম্পাদকীয় স্বাধীনতা ও নিরপেক্ষতার ওপর সরকারের প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হবে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন ব্যবস্থায় সরকার যে অর্থ বরাদ্দ দিতে চায়, তা বর্তমানে লাইসেন্স ফি থেকে পাওয়া রাজস্বের তুলনায় অনেক কম হবে।
বিরোধী দল, সংবাদমাধ্যম এবং জনমতের একটি বড় অংশও এ পরিবর্তনের বিরোধিতা করছে। তাদের আশঙ্কা, সরকারি অর্থায়নের ওপর নির্ভরশীল হলে গণমাধ্যমের স্বাধীনতা সীমিত হয়ে পড়তে পারে।
বিক্ষোভে চেক প্রজাতন্ত্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী সংগঠন, কয়েক ডজন থিয়েটার, লেখক, শীর্ষস্থানীয় ক্রীড়াবিদ, গির্জা, স্বাস্থ্যকর্মী এবং আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরাও সরকারি টেলিভিশন ও রেডিওর স্বাধীনতার প্রতি সমর্থন জানান।
বিক্ষোভে বক্তারা বারবার বলেন, সরকারি গণমাধ্যম কোনো রাজনীতিবিদ, সরকার বা রাষ্ট্রের সম্পত্তি নয়; বরং এগুলো সবার। সমাজের সব গুরুত্বপূর্ণ অংশের মতামত প্রতিফলিত করার পাশাপাশি গণমাধ্যম দুটিকে স্বাধীন ও মুক্ত রাখতে হবে।
চেক প্রজাতন্ত্রে টেলিভিশন বা রেডিও আছে—এমন প্রতিটি পরিবারকে বাধ্যতামূলক মাসিক ফি দিতে হয়। টেলিভিশনের জন্য ১৫০ চেক কোরুনা এবং রেডিওর জন্য ৫৫ কোরুনা দিতে হয়।
চলতি বছর এ ফি থেকে চেক টেলিভিশনের আয় দাঁড়িয়েছে ৬৭৩ কোটি কোরুনা। অন্যদিকে চেক রেডিওর আয় হয়েছে ২৪৭ কোটি কোরুনা।
বাবিশ সরকার ঘোষণা দিয়েছে, পরিবারের কাছ থেকে নেওয়া এ ফি বাতিল করে রাষ্ট্রীয় বাজেট থেকে গণমাধ্যম দুটিকে অর্থায়ন করা হবে।
প্রাগের এ বিক্ষোভ সরাসরি সম্প্রচার করে সরকারি সংবাদ টেলিভিশন চ্যানেল, চেক সংবাদ সংস্থা সিটিকে এবং কয়েকটি স্বাধীন গণমাধ্যম।
এদিকে টেলিভিশনের এক আলোচনা অনুষ্ঠানে ক্ষমতাসীন জোটের সবচেয়ে বড় দল এএনওর নেতা রাদেক ভন্ড্রাচেক বিক্ষোভের আয়োজক ও ‘মিলিয়ন মোমেন্টস ফর ডেমোক্রেসি’ সংগঠনের সমালোচনা করেন। তিনি সংগঠনটিকে ‘পেশাদার উসকানিদাতাদের সংগঠন’ বলে অভিহিত করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, সন্ধ্যার আগপর্যন্ত শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চলে। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


