আবাসন ব্যয় কমানো এবং সরকারের নীতিতে পরিবর্তনের দাবিতে পর্তুগালজুড়ে রাজপথে নেমেছেন হাজারো মানুষ। শনিবার (১৪ নভেম্বর) দেশটির ৩২টি শহর ও জনপদে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারের বর্তমান নীতির কারণে সাধারণ মানুষের জন্য আবাসন খুঁজে পাওয়া দিন দিন কঠিন হয়ে উঠছে।
আবাসন অধিকার নিয়ে কাজ করা আন্দোলন প্ল্যাটফর্ম ‘কাসা পারা ভিভের’ (Casa Para Viver) ডাকে লিসবন, পোর্তো, ফারো ও পোর্তিমাওসহ বিভিন্ন শহরে এসব বিক্ষোভ হয়।
পর্তুগিজ সংবাদমাধ্যম ইসিওর (ECO) প্রতিবেদনে বলা হয়েছে, বাড়িভাড়া ও সম্পত্তির দাম বৃদ্ধি এবং সাশ্রয়ী মূল্যের বাসার সংকটের প্রতিবাদে বিক্ষোভকারীরা রাস্তায় নামেন। ভাড়াসংক্রান্ত আইনে সরকারের প্রস্তাবিত পরিবর্তন পুনর্বিবেচনা এবং ভাড়াটিয়াদের সুরক্ষায় আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
‘নাও নোস ভাও রৌবার ও দিয়েইতো দে মোরার’ (তারা আমাদের বসবাসের অধিকার কেড়ে নিতে পারবে না)—স্লোগানে অনুষ্ঠিত হয় এসব বিক্ষোভ।
আবাসন নীতিতে পরিবর্তনের দাবি
প্রায় ১০০টি সংগঠন ও কমিউনিটি গ্রুপের সমন্বয়ে গঠিত কাসা পারা ভিভে কয়েক বছর ধরে আবাসন খাতে সংস্কারের দাবি জানিয়ে আসছে।
সংগঠনটির দাবির মধ্যে রয়েছে বাড়িভাড়া, ভাড়ার চুক্তি ও উচ্ছেদের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ। পাশাপাশি খালি পড়ে থাকা বাড়ি, স্বল্পমেয়াদি পর্যটক আবাসন এবং আবাসন খাতে ফটকাবাজি নিয়ন্ত্রণেও ব্যবস্থা চায় তারা।
সরকারের প্রস্তাবিত ভাড়াসংক্রান্ত আইনের পরিবর্তন নিয়ে বিশেষ উদ্বেগ রয়েছে আন্দোলনকারীদের। প্রস্তাবিত পরিবর্তনে বাড়ির মালিকদের জন্য ভাড়াটিয়াদের কাছ থেকে সহজে বাড়ি ফিরিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।
ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনকারীদের আশঙ্কা, আবাসন ব্যয় মেটাতে হিমশিম খাওয়া পরিবারগুলোর জন্য প্রস্তাবিত আইন ভাড়াটিয়াদের সুরক্ষা আরও দুর্বল করে দিতে পারে।
নতুন আইনে পুরোনো ভাড়ার চুক্তি এবং ভাড়াটিয়া ওঠার আগে বাড়ির মালিক কত টাকা অগ্রিম নিতে পারবেন, সে সম্পর্কেও কিছু নিয়ম পরিবর্তনের প্রস্তাব রয়েছে।
তবে সংস্কারের সমর্থকদের যুক্তি, বাড়ির মালিকদের কাছে ভাড়ার বাজার আরও আকর্ষণীয় করে তুললে বাজারে নতুন বাসার সরবরাহ বাড়তে পারে। অন্যদিকে আবাসন অধিকারকর্মীদের মতে, বিদ্যমান ভাড়াটিয়াদের সুরক্ষা এবং বাড়িভাড়া সাশ্রয়ী রাখাই হওয়া উচিত সরকারের অগ্রাধিকার।
ক্রমেই বাড়ছে আবাসন ব্যয়
পর্তুগালে আবাসন ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটেই এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
দেশটির পরিসংখ্যান সংস্থা আইএনইর (INE) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম প্রান্তিক থেকে ২০২৬ সালের একই সময়ের মধ্যে বাড়ির দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে। এ ছাড়া সরকারি তথ্য বলছে, ২০২০ সালের তুলনায় বাড়িভাড়া বেড়েছে ৬৮ শতাংশ।
এ পরিস্থিতিতে বিশেষ করে আবাসনের চাহিদা বেশি—এমন এলাকায় সাশ্রয়ী বাসা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।
আবাসন সংকটে থাকা অঞ্চলগুলোর মধ্যে আলগারভও রয়েছে। সেখানে স্থানীয় বাসিন্দাদের প্রতিযোগিতা করতে হচ্ছে পর্যটক, বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে।
সরকারের কাছে দাবি আন্দোলনকারীদের
বিক্ষোভের আগে আবাসন অধিকারকর্মীদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধির বৈঠক হয়। ইসিওর তথ্য অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) কাসা পারা ভিভের প্রতিনিধিরা প্রেসিডেন্ট আন্তোনিও জোসে সেগুরোর সঙ্গে বৈঠক করে তাঁদের উদ্বেগের কথা জানান।
বৈঠককে স্বাগত জানালেও সরকারের সঙ্গে সরাসরি আলোচনার দাবি অব্যাহত রেখেছে সংগঠনটি।
লেফট ব্লক, লিভরে ও পর্তুগিজ কমিউনিস্ট পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দলও আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে। আরও কয়েকটি বৈঠকের পরিকল্পনা রয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে আবাসন আন্দোলন আরও জোরালো হয়েছে। এর অংশ হিসেবে লিসবন ও পোর্তোতে অস্থায়ী প্রতিবাদ শিবিরও গড়ে তুলেছেন আন্দোলনকারীরা।
শনিবারের বিক্ষোভে স্পষ্ট হয়েছে, আবাসন ব্যয় নিয়ে উদ্বেগ শুধু পর্তুগালের বড় শহরগুলোতেই সীমাবদ্ধ নয়। আন্দোলনকারীদের মূল দাবি, পর্তুগালে বসবাস ও কাজ করা মানুষের জন্য আবাসন নিশ্চিত করতে হবে। সরকারের পক্ষ থেকে দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।


