শনিবার, ২৫ই এপ্রিল, ২০২৬   |   ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পোল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় পোডলাসি অঞ্চলে গত দুই দিনে পরিচালিত এক বিশেষ অভিযানে ৫৩ জন অনিয়মিত অভিবাসীকে আটক করেছে পোলিশ সীমান্ত রক্ষীবাহিনী। এ সময় অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে চারজন মানবপাচারকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। লিথুয়ানিয়া সীমান্ত সংলগ্ন রুতকা-তারতাক এলাকায় প্রথম অভিযানে ঝোপের মধ্যে লুকিয়ে থাকা অবস্থায় মিশর, আলজেরিয়া, মরক্কো ও গাম্বিয়াসহ বিভিন্ন দেশের ৯ নাগরিককে আটক করা হয়। এর পরপরই কালেতনিক গ্রামের কাছে লাটভিয়ান নম্বর প্লেটযুক্ত একটি ভ্যান থেকে ২০ জন সোমালি নাগরিককে উদ্ধার করা হয়, যার চালক ছিলেন একজন ইউক্রেনীয় নাগরিক।

অভিযানের ধারাবাহিকতায় পোল্যান্ডের এউক (Ełk) শহর থেকে একটি পোলিশ নম্বর প্লেটযুক্ত গাড়ি আটক করা হয়, যেটিতে পাঁচজন বাংলাদেশি নাগরিক ছিলেন। গাড়িটির পোলিশ চালককে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ফোনের লোকেশন ট্র্যাক করে ৩৪ বছর বয়সী এক আর্মেনীয় চালককে আটকের পর আরও ১২ জন সোমালি ও সুদানীয় নাগরিককে খুঁজে পায় সীমান্ত রক্ষীরা। আটককৃত চার চালকের বিরুদ্ধে অবৈধ সীমান্ত পারাপারে সহযোগিতার অভিযোগে তদন্ত শুরু হয়েছে; দোষী সাব্যস্ত হলে তাদের সর্বোচ্চ ৮ বছরের কারাদণ্ড হতে পারে।

পোলিশ সীমান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত ৫৩ জন অভিবাসীকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে লিথুয়ানিয়া কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। মূলত বেলারুশ ও রাশিয়ার পক্ষ থেকে সৃষ্ট ‘হাইব্রিড যুদ্ধের’ অংশ হিসেবে অভিবাসী সংকট মোকাবিলায় গত বছরের জুলাই থেকে লিথুয়ানিয়া সীমান্তে পুনরায় চেকপোস্ট বসিয়েছে পোল্যান্ড। আগামী অক্টোবর পর্যন্ত এই অস্থায়ী চেকপোস্টগুলোর মেয়াদ বাড়ানো হয়েছে। সীমান্তে কড়াকড়ি বৃদ্ধির পর এটিই অন্যতম বড় আটকের ঘটনা।

তথ্যসূত্র: টিভিপি ওয়ার্ল্ড 

শেয়ার
মতামত দিন...

Exit mobile version