পর্তুগালের রাজধানী লিসবনের পার্শ্ববর্তী সেইশাল পৌরসভার আমোরা এলাকার একটি নাইটক্লাবের কাছে গভীর রাতে গোলাগুলির ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোররাতে এই বন্দুক হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পর্তুগালের পাবলিক সিকিউরিটি পুলিশ।
গোলাগুলিতে একজন ভুক্তভোগী হাতে এবং অন্যজন পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তবে সৌভাগ্যবশত তাঁদের জীবন ঝুঁকিমুক্ত রয়েছে এবং উভয়কে চিকিৎসার জন্য লিসবনের গার্সিয়া দে ওর্তা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যেহেতু এই হামলায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে, তাই পিএসপি পুলিশের বিশেষ প্রটোকল অনুযায়ী মামলার তদন্তভার পর্তুগালের বিশেষায়িত ‘জুডিশিয়াল পুলিশ’-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
এই রক্তক্ষয়ী সংঘাতের ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করে সেইশাল অঞ্চলের সমাজতান্ত্রিক দল (সোশ্যালিস্ট পার্টি) একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। দলটির দাবি—শহরাঞ্চলের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এখন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর ও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।
পৌরসভায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা জোরদার করতে সোশ্যালিস্ট পার্টি একটি বিশেষ ‘জরুরি প্যাকেজ’ বা নিরাপত্তা প্রস্তাবনা পেশ করার ঘোষণা দিয়েছে। এই প্যাকেজের মূল লক্ষ্য হলো—পৌরসভা জুড়ে প্রতিরোধমূলক নজরদারি এবং প্রকাশ্য স্থানগুলোতে টহল পুলিশের উপস্থিতি বৃদ্ধি করা।
সোশ্যালিস্ট পার্টির প্রস্তাবিত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অন্যতম হলো—একটি বিশেষ ‘মিউনিসিপ্যাল পুলিশ’ বাহিনী গঠন করা। যা স্থানীয় প্রশাসনের কার্যক্ষমতা বৃদ্ধি করবে এবং বিশেষ করে শহরের প্রকাশ্য স্থান ও নৈশকালীন ক্লাবগুলোর কার্যকলাপে কড়া নজরদারি চালাতে সাহায্য করবে। এছাড়া শহরের সবচেয়ে জনাকীর্ণ ও সংবেদনশীল পয়েন্টগুলোতে আইন অনুযায়ী সিসিটিভি ক্যামেরা বা ভিডিও নজরদারি ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছে তারা।
একই সঙ্গে সমাজতন্ত্রী দলটির পক্ষ থেকে রাতের বেলা অতিরিক্ত ‘নাইট ওয়াচম্যান’ বা নৈশপ্রহরী নিয়োগ করার প্রস্তাব দেওয়া হয়েছে, যারা রাতে আবাসিক এলাকা ও বাণিজ্যিক মার্কেটগুলোতে টহল দিয়ে সাধারণ বাসিন্দা ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করবেন। এছাড়া শহরের অন্ধকার গলি ও জনাকীর্ণ পার্কগুলোতে উন্নত সড়ক বাতি বা স্ট্রিট লাইটের ব্যবস্থা করারও তাগিদ দেওয়া হয়েছে।
সেইশাল সোশ্যালিস্ট পার্টির মিউনিসিপ্যাল কমিটির সভাপতি স্যামুয়েল ক্রুজ বলেন, ‘সেইশালের নিরাপত্তা পরিস্থিতি কেবল একটি ঘটনা ঘটে যাওয়ার পর তদন্ত করার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমরা একটি সুস্পষ্ট খসড়া নিরাপত্তা প্রস্তাব জমা দেব। সিটি কাউন্সিলের হাতে ব্যবস্থা নেওয়ার সব ক্ষমতা রয়েছে, তারা এভাবে আর সিদ্ধান্ত গ্রহণে কালক্ষেপণ করতে পারে না।’
সেতুবাল জেলার অন্তর্ভুক্ত সেইশাল পৌরসভাটি বর্তমানে সিডিইউ (পর্তুগিজ কমিউনিস্ট পার্টি)-র নেতৃত্বে পরিচালিত হচ্ছে, যেখানে সমাজতান্ত্রিক দল এবং পরিবেশবাদী দল-এর জোটের সমর্থনে সরকার গঠিত হয়েছে।
আমোরা, কোররইওস এবং সেইশাল সহ মোট ছয়টি ইউনিয়ন বা প্যারিশ নিয়ে গঠিত এই পৌরসভাটিতে বর্তমানে প্রায় ১ লাখ ৯৮ হাজার ২৫৪ জন মানুষ বসবাস করছেন, যা ২০২১ সালের তুলনায় প্রায় ২৭ হাজার বেশি। মূলত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অপরাধের হার বাড়ায় এই নতুন নিরাপত্তা প্রস্তাবটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।


