স্পেনের নাভারা প্রদেশের নোয়াইন শহরে একটি ঐতিহ্যবাহী উৎসবের সূচনা পর্বে অসাবধানতাবশত আতশবাজি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
শহরের সিটি হলের বারান্দার ভেতরে এই দুর্ঘটনা ঘটে। স্পেনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘সিভিল গার্ড’ জানিয়েছে, উৎসব শুরু করার জন্য সিটি হলের বারান্দায় জড়ো করে রাখা বেশ কয়েকটি আতশবাজিতে হঠাৎ করেই আগুন লেগে যায়। এর ফলে সেখানে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। উৎসবের সূচনা দেখতে সিটি হলের সামনে সে সময় বিপুল পরিমাণ মানুষের ভিড় ছিল।
বিস্ফোরণের পরপরই উদ্ধারকাজে অংশ নিতে বড় ধরনের জরুরি চিকিৎসা ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও শারীরিক অবস্থা অনুযায়ী পরীক্ষা (মেডিকেল ট্রায়াজ) শুরু করেন।
নোয়াইন স্বাস্থ্য কেন্দ্রে ৪৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের বেশিরভাগেরই কানের সমস্যা ও সামান্য পুড়ে যাওয়ার মতো মৃদু আঘাত ছিল। তাদের কাউকেই হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়েনি।
অন্যদিকে, গুরুতর আহত তিনজনকে চিকিৎসার জন্য নাভারার বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের মধ্যে শরীরের নিচের অংশ পুড়ে যাওয়া দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে দুই হাত মারাত্মকভাবে পুড়ে যাওয়া তৃতীয় ব্যক্তিটি এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উদ্ধারকারীদের কাজের সুবিধার্থে সিভিল গার্ডের কর্মকর্তারা সিটি হল ভবনের চারপাশ সিলগালা করে দিয়েছেন এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেওয়া শুরু করেছেন। এছাড়া বারান্দার ভেতরে ঠিক কী কারণে আতশবাজিতে আগুন লাগল, তা নিশ্চিত করতে তারা কারিগরি তদন্ত শুরু করেছেন।
জরুরি চিকিৎসা নিশ্চিত করার পর নোয়াইন যে পৌরসভার অন্তর্ভুক্ত, সেই ‘এলোর্জ ভ্যালি মিউনিসিপ্যাল কাউন্সিল’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে—সব পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী উৎসবের বাকি সব আয়োজন স্বাভাবিকভাবেই চলবে।
পৌরসভা কর্তৃপক্ষ পুরো ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ধৈর্য ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে এবং আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।


