টিউনিশিয়া এবং ইতালি মিলে একটি নতুন কাজের চুক্তি সই করেছে। এই চুক্তির মূল লক্ষ্য হলো টিউনিশিয়ার তরুণদের জন্য ইতালিতে কাজের সুযোগ তৈরি করা এবং নিয়ম মেনে বিদেশ যাওয়ার পথ সহজ করা। এতে করে দুই দেশের মধ্যেই জনশক্তি পাঠানোর একটি শক্তিশালী ব্যবস্থা তৈরি হবে।
এই চুক্তিটি টিউনিশিয়ার শ্রম ও প্রশিক্ষণ মন্ত্রণালয় এবং ইতালির কয়েকটি সংস্থার মধ্যে স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিউনিশিয়ার শ্রমমন্ত্রী রিয়াদ চাওয়েদ এবং ইতালিতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আলেসান্দ্রো প্রুনাস। মন্ত্রী জানান, এই চুক্তির ফলে তরুণদের জন্য বিদেশে কাজের ভালো সুযোগ তৈরি হবে।
চুক্তিটি আগামী ৫ বছরের জন্য করা হয়েছে। এখানে কোনো নির্দিষ্ট সংখ্যক লোক নেওয়ার সীমাবদ্ধতা বা কোটা নেই। ইতালির কোম্পানিগুলোর যখন যেমন লোক লাগবে, সেই অনুযায়ী লোক নেওয়া হবে। পুরো প্রক্রিয়াটি সরকারি তত্ত্বাবধানে থাকবে যাতে কর্মীরা সঠিক বেতন পান এবং তাদের কাজের পরিবেশ ভালো থাকে।
নিয়োগ পাওয়ার জন্য প্রার্থীদের ইতালীয় ভাষা শেখানো হবে এবং কাজের প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া কাজের জায়গায় সুরক্ষা বা সেফটি বিষয়েও তাদের বিশেষ সার্টিফিকেট দেওয়া হবে। মূলত কৃষি এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নিয়োগের ওপর জোর দেওয়া হলেও ইতালির কোম্পানিগুলোর চাহিদা অনুযায়ী অন্যান্য কাজের জন্যও লোক নেওয়া হতে পারে।
ইতালির রাষ্ট্রদূত বলেন, এই চুক্তির ফলে দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে। টিউনিশিয়ার তরুণরা যেমন কাজ পাবে, তেমনি ইতালির কোম্পানিগুলোও দক্ষ কর্মী খুঁজে পাবে। নিয়মিত বা বৈধ পথে বিদেশ যাওয়ার এই ব্যবস্থাটি সবার জন্যই লাভজনক হবে বলে আশা করা হচ্ছে।


