টরন্টো থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইতালির ফিউমিচিনো বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ছয় ঘণ্টা ধরে আটকে রয়েছে। নির্ধারিত জ্বালানি নেওয়ার বিরতির সময় এ ত্রুটি ধরা পড়ায় ফ্লাইটটির ২৫৬ জন যাত্রী দুর্ভোগে পড়েছেন।
জানা গেছে, বিজি-৩০৬ ফ্লাইটটি বৃহস্পতিবার (৬ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। জ্বালানি নেওয়ার জন্য শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে ইতালির ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজটি।
অবতরণের পর যাত্রীদের জানানো হয়, উড়োজাহাজে কারিগরি ত্রুটি শনাক্ত হয়েছে এবং তা মেরামত না করা পর্যন্ত ফ্লাইটটি ছেড়ে যাওয়া সম্ভব নয়। যাত্রীদের দাবি, স্থানীয় সময় দুপুর সাড়ে ১টা পর্যন্ত উড়োজাহাজটি রানওয়েতেই অবস্থান করছিল।
এদিকে, ফ্লাইটটি ঠিক কখন ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা করবে, সে বিষয়ে বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে যাত্রীদের কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি। এতে দীর্ঘক্ষণ অপেক্ষার কারণে যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা ও ভোগান্তি বেড়েছে।


