পর্তুগালের পোর্তো-লিসবন হাই-স্পিড রেলপথ প্রকল্পের প্রথম ধাপ অবশেষে পরিবেশগত ছাড়পত্র পেয়েছে। এর ফলে পোর্তোর কাম্পানহা স্টেশন থেকে অ্যাভেইরো জেলার ওইয়া পর্যন্ত ৭১ কিলোমিটার রেলপথের নির্মাণকাজ শুরুর পথে আর বড় বাধা থাকল না।
দেশটির সংবাদমাধ্যম ‘এক্সপ্রেসো’ জানিয়েছে, চলতি বছরের শুরুতেই কাজ শুরুর কথা থাকলেও প্রকল্পের নকশায় বড় ধরনের পরিবর্তন আনার চেষ্টা এবং পরিবেশগত অনুমোদন নিয়ে জটিলতার কারণে তা পিছিয়ে যায়।
প্রকল্পটি ‘আভান নর্তে’ নামের একটি কনসোর্টিয়ামের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। মোতা-এঙ্গিলের নেতৃত্বে গঠিত এই কনসোর্টিয়ামে পর্তুগালের আরও পাঁচটি নির্মাণকারী প্রতিষ্ঠান রয়েছে।
প্রথম ধাপের নকশায় বড় পরিবর্তন আনতে চেয়েছিল কনসোর্টিয়ামটি। এর মধ্যে ডউরো নদীর ওপর একটি সেতুর পরিবর্তে দুটি সেতু নির্মাণ এবং ভিলা নোভা দে গাইয়া স্টেশন মাটির ওপরে স্থানান্তরের প্রস্তাব ছিল। তবে পর্তুগিজ পরিবেশ সংস্থা এপিএ গত ডিসেম্বরে এসব প্রস্তাব প্রত্যাখ্যান করে।
পরে কনসোর্টিয়ামটি প্রকল্পের নকশা সংশোধন করে আগের অনুমোদিত পরিকল্পনার কাছাকাছি নিয়ে আসে। এতে ডউরো নদীর ওপর একটি সম্মিলিত সড়ক ও রেল সেতু এবং গাইয়াতে ভূগর্ভস্থ স্টেশন রাখার পরিকল্পনা বহাল থাকে। এরপরই এপিএ নির্মাণকাজ শুরুর পরিবেশগত অনুমোদন দেয়।
এপিএ জানিয়েছে, নতুন নির্মাণ পরিকল্পনাটি প্রাথমিকভাবে অনুমোদিত রুট ও পরিবেশগত শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে নির্মাণকাজে পরিবেশগত ক্ষতি কমানো, ক্ষতিপূরণ এবং পর্যবেক্ষণের জন্য নির্ধারিত সব ব্যবস্থা মানতে হবে।
প্রকল্পের নকশায় আরও কিছু পরিবর্তন আনা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের অনুরোধে পুনঃস্থাপিত সড়ক সংযোগের সংখ্যা ৭টি থেকে বাড়িয়ে ৪১টি করা হয়েছে। এর ফলে স্থানীয় সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখা এবং রেলপথ নির্মাণের কারণে এলাকাগুলোর মধ্যে বিচ্ছিন্নতা কমানোর চেষ্টা করা হবে।
ঘনবসতিপূর্ণ এলাকা দিয়ে রেলপথ যাওয়ায় প্রকল্পটিতে বেশ কয়েকটি দীর্ঘ টানেলও রয়েছে। ভূ-প্রযুক্তিগত ও নির্মাণগত সীমাবদ্ধতার কারণে নেগ্রেলোস ও গাইয়া টানেলের নকশায় কিছু পরিবর্তন আনা হয়েছে। এপিএর দাবি, এতে নির্মাণের সম্ভাব্যতা ও নিরাপত্তা বাড়বে এবং পরিবেশগত প্রভাবও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
আভান নর্তের অপারেশন ডিরেক্টর আলভারো ফনসেকা গত ২১ মে জানিয়েছিলেন, চলতি বছরের আগস্টে নির্মাণকাজ শুরু করার লক্ষ্য রয়েছে। কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০৩০ সালের জুলাই।
মোতা-এঙ্গিল ছাড়াও টেক্সেইরা দুয়ার্তে, ক্যাসাইস, আলভেস রিবিরো, কন্দুরিল এবং গ্যাব্রিয়েল এ.এস. কৌতো এই কনসোর্টিয়ামের অংশ। পোর্তো-ওইয়া অংশের পরিকল্পনা, নকশা, নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও রেলপথ পরিচালনার দায়িত্ব তাদের ওপর থাকবে।
এদিকে পোর্তো-লিসবন হাই-স্পিড রেলপথের পরবর্তী অংশের কাজ নিয়েও প্রতিযোগিতা চলছে। কোইমব্রার ওইয়া থেকে সউরে পর্যন্ত অংশের দরপত্রে আভান নর্তের সঙ্গে স্পেনের সাসির এবং পর্তুগালের ডিএসটি ও আলবার্তো কৌতো আলভেসের সমন্বয়ে গঠিত আরেকটি কনসোর্টিয়াম প্রতিদ্বন্দ্বিতা করছে।
প্রায় ২৪০ কোটি ইউরো বিনিয়োগের এই অংশে ৬০ কিলোমিটার রেলপথ, ২৫টি সেতু ও ভায়াডাক্ট, প্রচলিত রেল নেটওয়ার্কের সঙ্গে ১৮টি সংযোগ এবং একটি টানেল নির্মাণের পরিকল্পনা রয়েছে। চূড়ান্ত দরপত্রের সিদ্ধান্ত আগামী বছরের প্রথম প্রান্তিকে আসতে পারে।
পর্তুগাল রেসিডেন্ট


