থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন দ্বীপ কোহ সামুইয়ের অদূরে জেট স্কি উল্টে যাওয়ার পর সাগরে ভাসতে থাকা এক ফরাসি পরিবারের তিন সদস্যকে ১৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি-কে এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় সরকারি কর্মকর্তা আমর্ন চমচোয় জানান, ৫০ বছর বয়সী বাবা এবং তাঁর পাঁচ ও সাত বছর বয়সী দুই ছেলেকে সারা রাত সাগরে ভেসে থাকার পর উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
এএফপি-কে তিনি বলেন, ‘প্রচুর লবণাক্ত পানি খাওয়ার কারণে আমরা যখন তাঁদের খুঁজে পাই, তখন তাঁরা অত্যন্ত ক্লান্ত ও নিস্তেজ ছিলেন। বিশেষ করে দুই শিশুর শরীর ফ্যাকাশে হয়ে গিয়েছিল।’
কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে থাইল্যান্ড উপসাগরের কোহ সামুই দ্বীপের এক স্থানীয় অপারেটরের কাছ থেকে একটি জেট স্কি ভাড়া নেন ওই ফরাসি নাগরিক। নির্ধারিত সময়ে তাঁরা ফিরে না আসায় অপারেটর চিন্তিত হয়ে পড়েন এবং স্থানীয় উদ্ধারকারী দল ও প্রাদেশিক কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে শুক্রবার সকাল ১০টার দিকে তাঁদের সাগর থেকে উদ্ধার করা হয়।
তদন্তকারীরা খতিয়ে দেখছেন কেন যাত্রা শুরুর মাত্র ১৫ মিনিটের মাথায় জেট স্কিটি উল্টে গেল। তবে জেট স্কি অপারেটর স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, পরিবারটি ভাড়া চুক্তিতে নির্ধারিত সীমানার বাইরে চলে গিয়েছিল। অন্যদিকে উদ্ধার হওয়া ফরাসি নাগরিক দাবি করেছেন, জেট স্কি চালনার ক্ষেত্রে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
কোহ সামুই জেলা প্রশাসনের শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা যায়, জেট স্কিটি প্রায় পুরোটাই পানিতে ডুবে গেছে এবং কেবল এর সামনের ত্রিকোণ অংশটি পানির ওপরে ভাসছে। লাইফ জ্যাকেট পরা দুই ছেলের মধ্যে একজন জেট স্কির ওপর বসে ছিল এবং তার বাবা পাশেই ভাসছিলেন।
ভিডিওতে এক উদ্ধারকারীকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘শান্ত হোন, তাঁরা বেঁচে আছেন।’ পরে তিনি শিশুটিকে উদ্ধারকারী বোটে তুলে নেন এবং তাঁদের পানি খেতে দেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুস্থ হওয়ার পর ফরাসি পরিবারটি থাইল্যান্ডেই অবস্থান করছে এবং তাঁদের ছুটি কাটাচ্ছে। শান্ত সমুদ্র এবং চমৎকার রিসোর্টের জন্য কোহ সামুই থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন দ্বীপ, যা প্রতি বছর লাখ লাখ পর্যটককে আকৃষ্ট করে।


