রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক আরও অবনতির দিকে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তাঁর অভিযোগ, ইউরোপ এখন রাশিয়াকে শুধু ‘প্রতিপক্ষ নয়, এমনকি শত্রু হিসেবেও’ দেখছে এবং মস্কোর বিরুদ্ধে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। এমন পরিস্থিতিতে ইইউর সঙ্গে সম্পর্ক উন্নয়নের কোনো দৃশ্যমান সম্ভাবনা আপাতত দেখছে না রাশিয়া।
গতকাল শনিবার পেসকভ বলেন, ইউরোপীয় নেতাদের বক্তব্য ও কর্মকাণ্ড থেকে স্পষ্ট যে তারা রাশিয়াকে ‘প্রতিপক্ষ, এমনকি শত্রু’ হিসেবে বিবেচনা করছে।
তবে তিনি ইউরোপীয় নেতাদের কোন বক্তব্যের কথা উল্লেখ করেছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
পেসকভের অভিযোগ, ইইউর বর্তমান রাজনৈতিক নেতৃত্ব রাশিয়ার প্রতি শুধু কথায় নয়, কাজেও সংঘাতমুখী অবস্থান নিয়েছে।
তিনি বলেন, ‘তারা ইউরোপের সামরিক সক্ষমতাকে সংগঠিত করছে এবং তা আমাদের দেশের বিরুদ্ধে পরিচালিত করছে। একই সঙ্গে তারা আমাদের বিরুদ্ধে চলমান সামরিক কর্মকাণ্ডে সরাসরি অংশ নিচ্ছে।’
রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আশা করার কোনো কারণ তিনি দেখছেন না।
পেসকভ বলেন, ‘এই মুহূর্তে ইউরোপের সঙ্গে আমাদের সম্পর্কের উন্নতির আশা করার কোনো কারণ আমি দেখছি না। বর্তমান প্রজন্মের ক্ষমতাসীন রাজনীতিকেরা সংঘাতমুখী। তারা শুধু কথায় নয়, কাজেও সংঘাতমুখী।’
তবে ভবিষ্যতে সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনার জন্য রাশিয়া উন্মুক্ত থাকবে বলেও জানান তিনি।
পেসকভ বলেন, ‘আমাদের অবশ্যই এ বিষয়ে সচেতন থাকতে হবে। অবশ্যই, সম্পর্ক গড়ে তোলার জন্য আমাদের উন্মুক্ত থাকা উচিত এবং আমরা বাস্তবেও সেই উন্মুক্ত অবস্থান বজায় রাখছি। কিন্তু আমরা কার সঙ্গে মোকাবিলা করছি, তা আমাদের পুরোপুরি বুঝতে হবে।’


