ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের দাবিতে জার্মানির রাজধানী বার্লিনে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। শনিবার (৭ নভেম্বর) ফিলিস্তিনপন্থী বিভিন্ন সংগঠনের নেতৃত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর আল জাজিরার।
সংবাদমাধ্যমটির প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ১৯১৭ সালের বেলফোর ঘোষণার ১০৯ বছর পূর্তি উপলক্ষে এ বিক্ষোভের আয়োজন করা হয়।
বেলফোর ঘোষণার মাধ্যমে ১৯১৭ সালে ফিলিস্তিনে ‘ইহুদি জনগণের জন্য একটি জাতীয় আবাসভূমি’ প্রতিষ্ঠায় ব্রিটেনের সমর্থনের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল।
বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনি পতাকা ও বিভিন্ন ব্যানার দেখা যায়। তাঁদের কয়েকজনের হাতে ‘গণহত্যা বন্ধ কর’ লেখা প্ল্যাকার্ডও ছিল। মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের সময় তাঁরা ঢোল বাজিয়ে যুদ্ধ বন্ধ, ইসরায়েলে জার্মানির অস্ত্র রপ্তানি স্থগিত এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির দাবিতে স্লোগান দেন।
আল জাজিরার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইসরায়েলে অস্ত্র রপ্তানির ওপর আরোপিত আংশিক নিষেধাজ্ঞা তুলে নেয় জার্মানি সরকার।
সংবাদমাধ্যমটি আরও জানায়, ২০২৬ সালে ইসরায়েলের কাছে প্রায় ৮০ কোটি ইউরো মূল্যের সামরিক সরঞ্জাম রপ্তানির লাইসেন্স অনুমোদন করেছে জার্মানি। আগের বছরের তুলনায় এই অনুমোদনের পরিমাণ চার গুণ।


