ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানিয়েছেন, সাইবার হামলার শিকার হয়েছেন তিনি। হ্যাকাররা ডার্ক ওয়েবে তাঁর ব্যক্তিগত তথ্য প্রকাশের পাশাপাশি আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে। ইউক্রেনের প্রতি ইতালির সমর্থনের কারণেই তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তাজানি বলেন, কয়েক দিন ধরে সাইবার অপরাধীরা ডার্ক ওয়েবে তাঁর ব্যক্তিগত তথ্য প্রকাশ করছে। একই সঙ্গে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। এতে তিনি নতুন করে হুমকি ও ভীতির মুখে পড়েছেন।
কী ধরনের হুমকি দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি ইতালির পররাষ্ট্রমন্ত্রী। তবে হ্যাকাররা তাঁর পরিবারের সদস্যদেরও লক্ষ্যবস্তু করেছে বলে জানিয়েছেন তিনি।
তাজানির ভাষ্য, ইউক্রেনের বিষয়ে ইতালির অবস্থানের কারণেই তাঁকে নিশানা করা হয়েছে। তিনি বলেন, একটি সার্বভৌম রাষ্ট্রের স্বাধীনতার পক্ষে দাঁড়ানো এবং কোনো দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতি স্পষ্ট সমর্থন জানানো অপরাধী গোষ্ঠীগুলোর চোখে বিপজ্জনক।
এ ঘটনায় রুশপন্থী হ্যাকারদের দায়ী করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তাজানির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এক বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের গোপন তথ্য বিক্রি করা গুরুতর উদ্বেগের বিষয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বোচ্চ দৃঢ়তার সঙ্গে ব্যবস্থা নিতে হবে।
তবে এ অভিযোগের বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। ইউক্রেনকে রাজনৈতিক সমর্থন দেওয়ার পাশাপাশি দেশটিকে মানবিক ও সামরিক সহায়তাও দিয়ে আসছে ইতালি।


