ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের মধ্যে জার্মানির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স। দেশটির আশঙ্কা, প্রচলিত অস্ত্র দিয়ে রাশিয়ার ওপর হামলা চালালেও তা শেষ পর্যন্ত পারমাণবিক সংঘাতে রূপ নিতে পারে। এ পরিস্থিতিতে জার্মানির কাছে ক্ষেপণাস্ত্র ব্যবহারের নীতি স্পষ্ট করার আহ্বান জানিয়েছে প্যারিস।
ইউরোপের দুই দেশের কর্মকর্তাদের বরাতে ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়, মস্কো বারবার জানিয়েছে, পশ্চিম ইউরোপের বিরুদ্ধে তাদের কোনো আগ্রাসী পরিকল্পনা নেই। তবে ন্যাটো প্রথমে হামলা চালালে কিংবা জোটের সদস্যরা ইউক্রেনে সেনা মোতায়েন করলে সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া।
বুধবার প্রকাশিত ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, জার্মানির দূরপাল্লার হামলার সক্ষমতা ব্যবহারের নীতির সঙ্গে ফ্রান্সের পারমাণবিক কৌশলের সমন্বয় নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
গত মার্চে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ইউরোপের অন্যান্য দেশকে সুরক্ষা দিতে ফ্রান্সের ‘পারমাণবিক ছাতা’ সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। এরপর জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরও কয়েকটি দেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু হয়।
ইউরোপে নিজস্ব পারমাণবিক অস্ত্রভান্ডার রয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য ও রাশিয়ার। তবে জার্মানি ও তুরস্কসহ কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র মোতায়েন রয়েছে। অন্যদিকে, বেলারুশে রয়েছে রাশিয়ার পারমাণবিক অস্ত্র।
ফিন্যান্সিয়াল টাইমসকে এক ফরাসি কর্মকর্তা বলেন, ইউরোপীয় দেশগুলো শুধু প্রচলিত অস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালালেও পাল্টা পারমাণবিক হামলার মুখে পড়তে পারে। তিনি বলেন, ‘রুশরা যদি সংকেতটি সঠিকভাবে বুঝতে না পারে, তবে অজান্তেই পরিস্থিতি পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যেতে পারে।’
ম্যাক্রোঁর ‘ফরোয়ার্ড ডিটারেন্স’ বা অগ্রবর্তী প্রতিরোধ কৌশল নিয়েও উদ্বিগ্ন প্যারিস। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এ কৌশলের আওতায় মিত্রদেশগুলো কোনো হামলা চালালে মস্কো তার জন্য ফ্রান্সকেও দায়ী করতে পারে বলে আশঙ্কা করছে দেশটি।
ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রেক্ষাপটে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে প্রতিরক্ষা খাতে ৭৮০ বিলিয়ন ইউরো বা ৮৬৮ দশমিক ৫ বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি।
বর্তমানে দেশটি ৫০০ থেকে ২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র সংগ্রহ ও উন্নয়ন করছে। মস্কো থেকে বার্লিনের দূরত্ব প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার।
ফিন্যান্সিয়াল টাইমসকে এক ঊর্ধ্বতন জার্মান কর্মকর্তা বলেন, উত্তেজনা বৃদ্ধির বিভিন্ন ধাপ নিয়ে ‘যৌথ নীতি ও অভিন্ন বোঝাপড়া’ তৈরির প্রয়োজনীয়তার বিষয়ে বার্লিন ও প্যারিস একমত। দূরপাল্লার হামলার সক্ষমতা তৈরি হলে সেগুলো কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়েও দুই দেশের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন। শুরু থেকেই বিষয়টি স্পষ্ট ছিল।
গত অক্টোবরের শেষ দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আগামী চার বছরের মধ্যে মস্কোর সঙ্গে সংঘাতের প্রস্তুতি নেওয়ার বিষয়ে ইউরোপীয় নেতারা ভুল করছেন। রাশিয়া এ ধরনের সংঘাতের জন্য প্রস্তুত থাকলেও ইউরোপের সঙ্গে যুদ্ধ চায় না।
তিনি দাবি করেন, রাশিয়ার কৌশলগত পরাজয় ঘটানোর লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইউক্রেনের পশ্চিমা সমর্থকেরা। ২০৩০ সালের মধ্যে এ লক্ষ্য অর্জনের সম্ভাবনাও খুব কম। পুতিন সতর্ক করে বলেন, ‘পরিস্থিতি যদি খুব বেশি দূর গড়ায়, তাহলে কোনো পক্ষই শেষ পর্যন্ত বিজয়ী হবে না। কেউ যেন এ কথা ভুলে না যায়।’


