রাশিয়ার আগ্রাসনের মুখে পালিয়ে আসা প্রায় ৪৩ লাখ ৭০ হাজার (৪.৩৭ মিলিয়ন) ইউক্রেনীয় নাগরিক সেপ্টেম্বর মাস শেষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন সদস্য রাষ্ট্রে ‘অস্থায়ী সুরক্ষা’ (টেম্পোরারি প্রোটেকশন) মর্যাদায় অবস্থান করছেন। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান কার্যালয় ‘ইউরোস্ট্যাট’ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। এর মধ্যে স্লোভাকিয়াতেই রয়েছেন ১ লাখ ৫১ হাজার ৫৭০ জন ইউক্রেনীয় শরণার্থী।
ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর শেষে ইইউ দেশগুলোতে এই সুরক্ষাপ্রাপ্তদের মোট সংখ্যা ৬১ হাজার ৫৫ জন (বা ১.৪ শতাংশ) হ্রাস পেয়েছে।
ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইউক্রেনীয় শরণার্থী আশ্রয় নিয়েছেন জার্মানিতে। সেখানে ১৩ লাখেরও বেশি (মোটের ২৯.৭ শতাংশ) ইউক্রেনীয় অবস্থান করছেন। দ্বিতীয় স্থানে রয়েছে পোল্যান্ড—যেখানে শরণার্থীর সংখ্যা ৮ লাখ ৫৮ হাজার ৫৪৫ জন (১৯.৬ শতাংশ) এবং তৃতীয় স্থানে থাকা চেক প্রজাতন্ত্রে রয়েছেন ৩ লাখ ৯১ হাজার ৭২০ জন (৯ শতাংশ)।
আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ইইউ-এর ২৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে ২৫টিতেই অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গেছে জার্মানিতে (অতিরিক্ত ৫,৫১৫ জন; ০.৪ শতাংশ), রোমানিয়ায় (৩,৯০০ জন; ১.৮ শতাংশ) এবং ইতালিতে (২,৫০৫ জন; ৪.৪ শতাংশ)।
বিপরীতে মাত্র দুটি দেশে এই সুরক্ষাপ্রাপ্ত মানুষের সংখ্যা কমেছে—পোল্যান্ডে কমেছে ৮০ হাজার ৮৫০ জন (৮.৬ শতাংশ) এবং চেক প্রজাতন্ত্রে কমেছে ৬ হাজার ৬৪০ জন (১.৭ শতাংশ)।
গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, ইউরোপীয় ইউনিয়নে অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত মোট জনগোষ্ঠীর ৯৮ দশমিক ৫ শতাংশই হলেন ইউক্রেনের নাগরিক।
জনসংখ্যার বিন্যাস বিশ্লেষণে দেখা গেছে, এই জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছেন প্রাপ্তবয়স্ক নারীরা—যা মোট সংখ্যার ৪৪ দশমিক ১ শতাংশ। এছাড়া অপ্রাপ্তবয়স্ক শিশুদের সংখ্যা ২৮ শতাংশ এবং প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছেন ২৭ দশমিক ৯ শতাংশ।


