ব্যক্তিগত জীবনে সফল হওয়ার তীব্র তাড়না বা তাগিদ মূল্যায়নের এক আন্তর্জাতিক জরিপে ইউরোপের ‘সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী’ দেশ হিসেবে স্থান পেয়েছে পর্তুগাল। শুধু ইউরোপেই নয়, বৈশ্বিক তালিকাতেও শীর্ষ পাঁচের মধ্যে জায়গা করে নিয়েছে দেশটি।
হোটেল চেইন ‘প্রিমিয়ার ইন’-এর উদ্যোগে বিশ্বের ২৮টি দেশের ৫ হাজার ৩৫৪ জন মানুষের ওপর এই সমীক্ষা চালানো হয়। এতে অংশগ্রহণকারীদের নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা, ব্যক্তিগত লক্ষ্য এবং সাফল্য অর্জনের মনোভাব নিয়ে প্রশ্ন করা হয়েছিল।
সমীক্ষায় ২৫ নম্বরের মধ্যে পর্তুগাল গড়ে ১৯ দশমিক ৭ স্কোর অর্জন করেছে; যার মাধ্যমে গবেষণায় অন্তর্ভুক্ত ইউরোপের প্রতিটি দেশকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে তারা। এমনকি তালিকার ১৬ নম্বরে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রও পর্তুগালের চেয়ে পিছিয়ে পড়েছে। ফলাফলে আরও দেখা যায়, পর্তুগিজ উত্তরদাতাদের ৭৫ শতাংশই জীবনে অসাধারণ ফলাফল বা বড় কোনো সাফল্য অর্জনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন।
ইউরোপে শীর্ষে পর্তুগাল, বিশ্বে দক্ষিণ আফ্রিকা
বৈশ্বিক এই তালিকায় ২২ দশমিক ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। এরপর যথাক্রমে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ব্রাজিল, ২০ দশমিক ৪ পয়েন্ট নিয়ে মেক্সিকো এবং ২০ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে কানাডা।
১৯ দশমিক ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ পাঁচ পূর্ণ করেছে পর্তুগাল। অল্প ব্যবধানে পিছিয়ে থেকে ঠিক এর পেছনেই রয়েছে হাঙ্গেরি (১৯.৫) এবং পোল্যান্ড (১৯.৪)।এরপর ১৯ দশমিক ২ পয়েন্টের কাছাকাছি স্কোর নিয়ে তালিকায় রয়েছে অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, স্পেন ও গ্রিস। নেদারল্যান্ডসের স্কোর ১৯ দশমিক ১ এবং নরওয়ের স্কোর ১৯।
জরিপভুক্ত ২৮টি দেশের মধ্যে যুক্তরাজ্যের অবস্থান বেশ তলানিতে; গড়ে ১৮ দশমিক ৩ স্কোর নিয়ে তারা ২৪তম স্থানে রয়েছে। অন্যদিকে ফ্রান্স ১৭ দশমিক ৯ পয়েন্ট নিয়ে ২৬তম এবং ১৭ দশমিক ৩ পয়েন্ট পেয়ে তালিকার সবার শেষে (২৮তম) রয়েছে জাপান।প্রিমিয়ার ইন ইঙ্গিত করেছে যে, পর্তুগালের এই শক্তিশালী অবস্থানের পেছনে তাদের নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য ‘দেজেনরাশকাঁসো’ (desenrascanço)-র প্রভাব থাকতে পারে; যা মূলত কঠিন পরিস্থিতিতে তাৎক্ষণিক বুদ্ধি খাটিয়ে ব্যবহারিক সমাধান বের করার পর্তুগিজদের একটি ঐতিহ্যগত দক্ষতা। তবে এই সাংস্কৃতিক বৈশিষ্ট্যের সরাসরি প্রভাব গবেষণায় চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি।
পিছিয়ে পড়েছে যুক্তরাষ্ট্র
জরিপের অন্যতম চমকপ্রদ দিক ছিল—একটি দেশের উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে আন্তর্জাতিকভাবে বাইরের মানুষের যে ধারণা, তার সঙ্গে সেই দেশের নিজস্ব নাগরিকদের নিজেদের মূল্যায়নের বড় ফারাক।
অংশগ্রহণকারীদের যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা কোন দেশকে সবচেয়ে বেশি উচ্চাকাঙ্ক্ষী মনে করেন, তখন ৩৫ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেন। এছাড়া ১৫ শতাংশ চীনের পক্ষে এবং ৯ শতাংশ মানুষ জাপানের পক্ষে ভোট দেন।
আন্তর্জাতিক সুনামের দিক থেকে এগিয়ে থাকলেও, যখন মার্কিন নাগরিকদের নিজেদের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার মূল্যায়ন করতে বলা হয়, তখন ২৫-এর মধ্যে ১৮ দশমিক ৯ স্কোর নিয়ে তারা মাত্র ১৬তম স্থান পায়। যেখানে পর্তুগালের স্কোর ছিল ১৯ দশমিক ৭।
এই ফলাফল নির্দেশ করে যে, কোনো দেশের উচ্চাকাঙ্ক্ষী সুনাম থাকলেই যে সেখানকার মানুষ নিজেদের ব্যক্তিগত জীবনে বড় লক্ষ্যের দিকে ছুটে চলেন—বিষয়টি সবসময় তেমন নয়।
উচ্চাকাঙ্ক্ষা কীভাবে পরিমাপ করা হয়েছিল?
গবেষণাটিতে ‘অ্যাম্বিশন স্কেল’ নামের একটি মনস্তাত্ত্বিক মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করা হয়; যা ২০২১ সালে গবেষক আন্দ্রেয়াস হির্শচি এবং ড্যানিয়েল স্পার্ক উদ্ভাবন করেছিলেন এবং ‘জার্নাল অব ভোকেশনাল বিহেভিয়ার’-এ প্রকাশিত হয়েছিল।
অংশগ্রহণকারীরা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, সাফল্যের জন্য লড়াই, চ্যালেঞ্জিং লক্ষ্য নির্ধারণ এবং গুরুত্বপূর্ণ ফলাফল অর্জনের বিষয়ের ওপর ভিত্তি করে পাঁচটি সুনির্দিষ্ট বক্তব্যের সঙ্গে নিজেদের মতামতের মূল্যায়ন করেন। প্রতিটি বক্তব্যের সর্বোচ্চ মান ছিল ৫, অর্থাৎ পাঁচটি প্রশ্ন মিলিয়ে সম্মিলিত সর্বোচ্চ স্কোর ছিল ২৫।
অনলাইন গবেষণা প্ল্যাটফর্ম ‘প্রোলিফিক’-এর মাধ্যমে এই জরিপ পরিচালিত হয় এবং দেশভিত্তিক গড় স্কোরের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক র্যাঙ্কিং তৈরি করা হয়।
তবে এই ফলাফলটি মূলত নাগরিকদের নিজস্ব দাবিকৃত মনোভাবকে তুলে ধরে, কোনো স্বাধীনভাবে পরিমাপ করা বাস্তব সাফল্যকে নয়। অর্থাৎ এর অর্থ এই নয় যে পর্তুগিজ কর্মীরা অন্যান্য দেশের মানুষের চেয়ে বেশি উৎপাদনশীল, বেশি বেতন পান বা বেশি পেশাদার সাফল্য অর্জন করেছেন।
তবুও এই গবেষণা এটি নিশ্চিত করেছে যে, কর্মজীবন, ব্যক্তিগত ক্ষেত্র কিংবা সামগ্রিক উচ্চাকাঙ্ক্ষার ক্ষেত্রে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে তীব্র ব্যক্তিগত ইচ্ছাশক্তি পোষণকারী দেশগুলোর তালিকায় একদম প্রথম সারিতে রয়েছেন পর্তুগালের নাগরিকেরা।


