গ্রিসের ক্রিট দ্বীপের কাছে দুটি নৌকা থেকে ৭৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। তাদের মধ্যে বাংলাদেশি ও যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকসহ অন্তত দুই নারী ও দুই শিশু রয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের কাছে তাদের উদ্ধার করা হয়।কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন সমুদ্রে নৌকা দুটির অবস্থান শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে নৌকায় থাকা অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করা হয়।
এর আগে গ্রিসের এএনএ নিউজ এজেন্সি ৮৫ জনকে উদ্ধারের খবর দিলেও পরে কোস্টগার্ড নিশ্চিত করে, উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ৭৯।
সাম্প্রতিক সময়ে ক্রিট ও এর কাছের গাভদোস দ্বীপ গ্রিসে আশ্রয়প্রার্থীদের প্রবেশের অন্যতম প্রধান রুটে পরিণত হয়েছে। লিবিয়ার উপকূল থেকে গাভদোসের দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার।
গ্রিসের অভিবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে অভিবাসীদের আগমন সাম্প্রতিক সময়ে কমেছে। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত আগের এক বছরে প্রায় ৬১ হাজার অভিবাসী গ্রিসে পৌঁছালেও পরবর্তী ১২ মাসে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ৪২ হাজারে। অর্থাৎ এক বছরে আগমন কমেছে প্রায় ৩১ শতাংশ।
ইউরোপে সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসননীতি আরও কঠোর করা হয়েছে। অনিয়মিত অভিবাসন ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন লিবিয়ার মতো ট্রানজিট দেশগুলোর সঙ্গেও সহযোগিতা বাড়াচ্ছে।
গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিসও অভিবাসীদের আগমন ঠেকাতে কঠোর নীতির পক্ষে অবস্থান নিয়েছেন। একই সঙ্গে অভিবাসীদের আবেদন প্রক্রিয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের বাইরে ‘রিটার্ন হাব’ স্থাপনের বিষয়ে জার্মানিসহ অন্যান্য ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনা করছে গ্রিস।


