চমৎকার শিক্ষাব্যবস্থা ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় সুযোগ-সুবিধার কারণে ইউরোপের দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ড এখন উচ্চশিক্ষার অন্যতম শীর্ষ গন্তব্য। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় পড়াশোনার খরচ অপেক্ষাকৃত কম হওয়ায় বিশ্বজুড়ে দেশটির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। আয়ারল্যান্ডের প্রায় সব বিশ্ববিদ্যালয়েই বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা কোর্সে পড়াশোনার সুযোগ রয়েছে। তবে অনেকের ধারণা, সেখানে পড়তে হলে আইইএলটিএস (IELTS) বাধ্যতামূলক। কিন্তু দেশটির বেশ কিছু শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান এখন আইইএলটিএস ছাড়াই বিকল্প উপায়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিচ্ছে।
আয়ারল্যান্ডের বেশ কয়েকটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষার দক্ষতার বিকল্প প্রমাণ দেখিয়ে আবেদন করা যায়। এই তালিকায় থাকা প্রধান বিশ্ববিদ্যালয়গুলো হলো:
– ইউনিভার্সিটি কলেজ ডাবলিন
– রয়্যাল কলেজ অব সার্জনস ইন আয়ারল্যান্ড
– ইউনিভার্সিটি অব লিমেরিক
– ন্যাশনাল ইউনিভার্সিটি অব আয়ারল্যান্ড, গালওয়ে
– মায়নুথ ইউনিভার্সিটি
– ডাবলিন সিটি ইউনিভার্সিটি
আইইএলটিএস-এর বিকল্প যোগ্যতা যা থাকতে পারে
যদি কোনো শিক্ষার্থীর আইইএলটিএস বা টোয়েফল (TOEFL) স্কোর না থাকে, তবে তিনি নিচের বিকল্প পদ্ধতিগুলো ব্যবহার করে আয়ারল্যান্ডের নির্দিষ্ট কিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবেন:
মিডিয়াম অব ইনস্ট্রাকশন (MOI): শিক্ষার্থী যদি আগে কোনো ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তাঁর ডিগ্রি শেষ করে থাকেন, তবে প্রতিষ্ঠান থেকে প্রদত্ত ‘মিডিয়াম অব ইনস্ট্রাকশন’ (MOI) বা ইংরেজি মাধ্যমে পড়াশোনার সনদটি ভাষার দক্ষতার প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবেন।
অনলাইন সাক্ষাৎকার: কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ইংরেজির দক্ষতা যাচাইয়ের জন্য স্কাইপি বা ভিডিও কলে সরাসরি সাক্ষাৎকার নেয়। এই ইন্টারভিউতে ভালো পারফরম্যান্স করলে আইইএলটিএস ছাড়াই ভর্তির সুযোগ মেলে।
অন্যান্য ইংরেজি পরীক্ষা: আইইএলটিএস-এর বিকল্প হিসেবে অনেক বিশ্ববিদ্যালয় ডুয়োলিঙ্গো ইংলিশ টেস্ট কিংবা পিটিই স্কোর গ্রহণ করে থাকে।
ইংরেজিভাষী দেশের ব্যাকগ্রাউন্ড: আবেদনকারী যদি কোনো ইংরেজিভাষী দেশের নাগরিক হন কিংবা এর আগে কোনো ইংরেজিভাষী দেশের বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করে থাকেন, তবে তাঁর ক্ষেত্রেও আইইএলটিএস সনদের প্রয়োজন হয় না।
মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনার খরচ ও আর্থিক সহায়তার জন্য আয়ারল্যান্ড সরকার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় আকর্ষণীয় কিছু স্কলারশিপ বা বৃত্তি প্রদান করে থাকে। এর মধ্যে শীর্ষ ১০টি জনপ্রিয় স্কলারশিপ হলো:
১. গভর্নমেন্ট অব আয়ারল্যান্ড ইন্টারন্যাশনাল এডুকেশন স্কলারশিপ
২. আরসিএসআই ইন্টারন্যাশনাল ফার্মেসি স্কলারশিপ
৩. এনইউআই গালওয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ
৪. ইউনিভার্সিটি কলেজ ডাবলিন গ্লোবাল এক্সিলেন্স স্কলারশিপ
৫. জেনারেশন স্টাডি অ্যাব্রড স্কলারশিপ
৬. গ্র্যাটান স্কলারশিপ
৭. ডাবলিন সিটি ইউনিভার্সিটি স্কলারশিপ
৮. হার্ডিমান পিএইচডি স্কলারশিপ
৯. মায়নুথ ইউনিভার্সিটি স্কলারশিপ
১০. ইউনিভার্সিটি অব লিমেরিক স্কলারশিপ
আপনিও যদি ইউরোপের কোনো দেশে কম খরচে ও আইইএলটিএস ছাড়াই পড়তে চান তাহলে আয়ারল্যান্ড হতে পারে আপনার কাঙ্খিত গন্তব্য।
তথ্যসূত্র: প্রথম আলো


