পর্তুগালের রাজধানী লিসবনের অদূরে আমাদোরা এলাকায় নিজের বাবার ওপর পারিবারিক সহিংসতা ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ২৬ বছর বয়সী এক যুবককে গুলি করেছে পিএসপি পুলিশ। অভিযুক্ত যুবকটি পুলিশের জিজ্ঞাসাবাদ এড়াতে জানালা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় এই গুলির ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে ভুক্তভোগী বাবা আমাদোরার স্থানীয় থানায় গিয়ে নিজের ছেলের বিরুদ্ধে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে একটি আনুষ্ঠানিক মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর পুলিশ বিস্তারিত তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য ওই পরিবারের বাড়িতে যায়।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তারা জানান, বাড়িতে যাওয়ার পর ২৬ বছর বয়সী ওই যুবক পুলিশের সঙ্গে অত্যন্ত ‘উগ্র ও শত্রুতাপূর্ণ’ আচরণ শুরু করে। একপর্যায়ে সে জিজ্ঞাসাবাদ এড়াতে ঘরের জানালা দিয়ে লাফিয়ে বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পালিয়ে যাওয়ার সময় যুবকটি পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে উপর্যুপরি পাথর ছুঁড়তে শুরু করে। পাথর ছুড়ে পুলিশের ওপর হামলার মুখে বাধ্য হয়ে এক পুলিশ কর্মকর্তা তাঁর সার্ভিস রিভলভার ব্যবহার করেন এবং যুবকের ডান পা লক্ষ্য করে গুলি চালান।
গুলিবিদ্ধ অবস্থায় যুবকটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি সামান্য আহত হয়েছেন এবং তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।
পর্তুগিজ সংবাদমাধ্যম এসআইসি নোটিসিয়াস-এর বরাত দিয়ে লিসবন মেট্রোপলিটন কমান্ড জানিয়েছে, ভুক্তভোগী বাবার নিরাপত্তার স্বার্থে এবং এই নির্যাতনের ঘটনার তদন্তে পুলিশ টানা দ্বিতীয় দিনের মতো ওই বাড়িতে পরিদর্শনে গিয়েছিল। অভিযুক্ত যুবক সুস্থ হওয়ার পর তাঁর বিরুদ্ধে পুলিশ ও বাবার ওপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হবে।


