পর্তুগালে ৪ কোটি (৪০ মিলিয়ন) ইউরো ব্যয়ে নির্মিত নতুন একটি আধুনিক বেসরকারি হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সিন্ট্রা, কাসকাইস এবং এর আশেপাশের এলাকার বাসিন্দাদের উন্নত চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে গড়ে ওঠা ‘হাসপাতাল লুসিয়াদাস বেলোউরা’ আজ রবিবার (২১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আনা পাওলা মার্টিন্স। এই হাসপাতালে বছরে এক লাখেরও বেশি রোগীকে চিকিৎসাসেবা এবং প্রায় চার হাজার অস্ত্রোপচার করার সক্ষমতা রয়েছে।
চলতি সেপ্টেম্বরের শুরু থেকেই চালু হওয়া এই হাসপাতালটির মাধ্যমে প্রায় ৫০০ মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। বৃহত্তর লিসবনের অন্যতম ঘনবসতিপূর্ণ এই অঞ্চলে বেসরকারি স্বাস্থ্যসেবা সম্প্রসারণের ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ। পুরো অঞ্চলে এটি ‘লুসিয়াদাস সান্তে’ গ্রুপের অষ্টম স্বাস্থ্যসেবা কেন্দ্র, যেখানে একই ছাদের নিচে আধুনিক সব চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হয়েছে।
চারতলা বিশিষ্ট ৯,৫০০ বর্গমিটারের সুবিশাল এই হাসপাতালে রয়েছে ৪১টি কনসালটেশন রুম, ৩টি ডেন্টাল রুম, ২টি বড় অপারেশন থিয়েটার, ১টি মাইনর সার্জারি রুম, ১৮টি পরীক্ষা কক্ষ এবং ২৭টি সাধারণ শয্যা। এছাড়া এখানে তাৎক্ষণিক সেবা (ওয়াক-ইন কেয়ার), রোগ নির্ণয় এবং নানা থেরাপিউটিক সেবা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
সিন্ট্রার মেয়র মার্কো আলমেইদা এই বিশাল বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, ‘সিন্ট্রাবাসীর সেবায় নেওয়া যেকোনো ভালো স্বাস্থ্য প্রকল্প সবসময়ই প্রশংসনীয়।’
লুসিয়াদাস সান্তের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ভাস্কো আন্তুনেশ পেরেইরা জানান, এই হাসপাতালটি তাঁদের বৃহত্তর সম্প্রসারণ কৌশলের একটি অংশ। এই স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে স্থানীয় জনগণের আধুনিক চিকিৎসা প্রাপ্তি সহজ হওয়ার পাশাপাশি এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে।
হাসপাতালটির নতুন পরিষেবাগুলোর মধ্যে অন্যতম হলো ‘প্রতিরোধ ও দীর্ঘায়ু সংক্রান্ত পরামর্শ’ (Prevention and Longevity Consultation), যেখানে রোগ প্রতিরোধের পাশাপাশি স্বাস্থ্যকর বার্ধক্য নিশ্চিত করতে রোগীদের জন্য ব্যক্তিগত স্বাস্থ্য পরিকল্পনা তৈরি করা হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পর্তুগিজ অভিনেতা জোয়াকিম দে আলমেইদাকে এই হাসপাতালের শুভেচ্ছা দূত মনোনীত করা হয়েছে এবং তিনি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘সুস্থ থাকার অর্থ কেবল অসুস্থ হলে রোগ নির্ণয় করা নয়; বরং নিজেকে ভালোভাবে জানা এবং রোগ প্রতিরোধের মাধ্যমে আগামীর সুস্থ জীবন নিশ্চিত করা।’
বৃহত্তর লিসবনের পাশাপাশি পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় আলগারভে এলাকাতেও নেটওয়ার্ক বাড়াচ্ছে লুসিয়াদাস সান্তে। সেখানে ফারো শহরের লেহানা দে বাইশো এলাকায় ৬ কোটি ইউরো ব্যয়ে আরেকটি নতুন বেসরকারি হাসপাতাল নির্মাণ করছে প্রতিষ্ঠানটি। ২০২৭ সালের মধ্যে চালু হতে যাওয়া ওই হাসপাতালে ৫টি অপারেশন থিয়েটার, ৩৫টি কনসালটেশন রুম এবং শিশুদের বিশেষ জরুরি বিভাগসহ আরও ৫০০ মানুষের কর্মসংস্থান হবে।
ফ্রান্সভিত্তিক বহুজাতিক ‘ভিভালতো সান্তে গ্রুপ’-এর মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি বর্তমানে পর্তুগালজুড়ে ১২টি হাসপাতাল ও ৫টি ক্লিনিকসহ মোট ১৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিচালনা করছে।


