পর্তুগালে স্থায়ী বসবাসের অনুমতি পেতে (পার্মানেন্ট রেসিডেন্স) এখন থেকে দেশটির অভিবাসন সংস্থা এআইএমএ (এআইএমএ)-এর অনলাইন কন্টাক্ট ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের আবেদন করতে পারবেন অভিবাসীরা।
এ জন্য এআইএমএর ওয়েবসাইটে (contactenos.aima.gov.pt) গিয়ে ‘টাইপ অব সাবজেক্ট’ থেকে ‘রেসিডেন্স অথরাইজেশন’ এবং ‘সাবটাইপ অব সাবজেক্ট’ থেকে ‘অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট – গ্র্যান্টিং অব পার্মানেন্ট রেসিডেন্স অথরাইজেশন’ নির্বাচন করতে হবে।
এআইএমএ জানিয়েছে, পর্তুগালে স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অন্তত পাঁচ বছর অস্থায়ী বসবাসের অনুমতিপত্রের (টেম্পোরারি রেসিডেন্স পারমিট) ধারক হতে হবে। পাশাপাশি, আইনে নির্ধারিত অন্যান্য শর্তও পূরণ করতে হবে।
আবেদনের সঙ্গে বৈধ রেসিডেন্স পারমিটের কপি এবং অন্তত পাঁচ বছর পর্তুগালে বসবাসের প্রমাণ জমা দিতে হবে। বসবাসের প্রমাণ হিসেবে আগের রেসিডেন্স পারমিটগুলোর কপি, কর্মজীবনের রেকর্ড (ক্যারিয়ার রেকর্ড) অথবা আয়কর বিবরণী (আইআরএস) দেওয়া যাবে।
একই উদ্দেশ্যে একবারই আবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এআইএমএ। আবেদন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় পুনরায় আবেদন না করতেও বলা হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, এই ব্যবস্থা কেবল ২০০৭ সালের ৪ জুলাই প্রণীত ২৩/২০০৭ নম্বর আইনের ৮০ ধারার ১ উপধারা অনুযায়ী স্থায়ী বসবাসের অনুমতিপত্র পাওয়ার অ্যাপয়েন্টমেন্টের আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য।
অন্যদিকে, স্থায়ী বসবাসের অনুমতিপত্র নবায়ন এবং ইউরোপীয় ইউনিয়নের নাগরিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্থায়ী বসবাসের সনদ ও কার্ড প্রদানের আবেদন আগের মতোই portal-renovacoes.aima.gov.pt পোর্টালের মাধ্যমে করতে হবে।


