পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় ফারো জেলার ভিলা দো বিস্পো পৌরসভায় একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় ছয় বছর বয়সী এক স্প্যানিশ শিশু মারা গেছে। গতকাল রবিবার বিকেলে এই পথচারী দুর্ঘটনাটি ঘটে বলে পর্তুগিজ ন্যাশনাল রিপাবলিকান গার্ড এবং নাগরিক সুরক্ষা বিভাগ নিশ্চিত করেছে।
আলগারভে আঞ্চলিক কমান্ডের একটি সূত্র জানায়, ‘এটি মূলত ইনগ্রিনা এলাকার ১২৫৭ নম্বর মিউনিসিপ্যাল সড়কে ঘটা একটি পথচারী দুর্ঘটনা ছিল। একটি হালকা গাড়ি শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’
ফারো টেরিটোরিয়াল কমান্ডের জিএনআর নিশ্চিত করেছে যে, নিহত শিশুটি ছয় বছর বয়সী একটি মেয়ে এবং সে স্পেনের নাগরিক।
দুর্ঘটনার বিবরণ দিয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, ‘মেয়েটি তার বাবা-মায়ের সঙ্গে গাড়িতে করে ঘুরতে এসেছিল। বাবা-মা প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য ইনগ্রিনা এলাকায় গাড়ি থামিয়ে বাইরে বের হন, কিন্তু অসাবধানতাবশত তাঁরা গাড়ির দরজা লক করতে ভুলে যান। এ সময় শিশুটি নিজে থেকেই গাড়ির দরজা খুলে বাইরে বের হয়ে বাবা-মায়ের দিকে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই অপর একটি গাড়ি সেখানে চলে আসে এবং শিশুটিকে দেখতে না পেয়ে সজোরে ধাক্কা দেয়।’
রবিবার বিকেল ৬টা ২০ মিনিটে এই দুর্ঘটনার খবর পায় পুলিশ ও ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৭ জন কর্মী, জাতীয় জরুরি চিকিৎসা সংস্থা এবং জিএনআর পুলিশের একটি দল ৮টি উদ্ধারকারী গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জরুরি উদ্ধারকাজের জন্য আইএনইএম-এর একটি হেলিকপ্টারও প্রস্তুত রাখা হয়েছিল, তবে শেষ পর্যন্ত সেটির আর প্রয়োজন পড়েনি। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।


