২৪ ঘণ্টার ব্যবধানে দুটি নৌকার নজরদারি এড়িয়ে যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশের ঘটনায় দেশটির সীমান্ত নিরাপত্তার জরুরি পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্ট উপকূলে পৌঁছানো একটি নৌকা থেকে অন্তত ১০ জন অভিবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে পালিয়ে যাওয়ার পর এই কড়া নির্দেশ দিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ।
গত মঙ্গলবার বিকেলে কেন্টের ডোভারের কাছে স্যামফায়ার হো এলাকায় প্রায় ৩০ জন অভিবাসী বহনকারী একটি ডিঙি নৌকা সরাসরি সৈকতে এসে থামে। বর্ডার সিকিউরিটি কমান্ড সেখান থেকে ২১ জনকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। ফলে কোনো ধরনের নথিপত্র ও প্রাথমিক বায়োমেট্রিক পরীক্ষা ছাড়াই তাদের ব্রিটিশ ভূখণ্ডে প্রবেশের ঘটনায় বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।
এর ঠিক আগের দিন সোমবার কেন্টের ফোকস্টোনের দ্য ওয়ারেন উপকূলে আরেকটি নৌকায় ৫ জন অভিবাসী একইভাবে কোনো নজরদারি ছাড়াই সরাসরি উপকূলে নেমেছিল। গত এক বছরের মধ্যে সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে অভিবাসীদের সরাসরি তীরে নামার এটিই প্রথম ঘটনা।
ড্রোন, আধুনিক নজরদারি সরঞ্জাম এবং টহল জাহাজ ফাঁকি দিয়ে কীভাবে এই অভিবাসীরা মূল ভূখণ্ডে নামল, তা খতিয়ে দেখতে জরুরি তদন্তের নির্দেশ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, ‘এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের কঠোর নজরদারির কারণে এমন অনিয়ন্ত্রিত অনুপ্রবেশ অত্যন্ত বিরল হয়ে এসেছিল। কিন্তু একটি ঘটনাও আমাদের কাছে অনেক বেশি। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্যই বর্ডার সিকিউরিটি কমান্ডকে জরুরি পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে।’
বর্ডার ফোর্সের সাবেক মহাপরিচালক টনি স্মিথ সতর্ক করে জানান যে, সাগর থেকে উদ্ধার হওয়াদের ম্যানস্টন প্রসেসিং সেন্টারে যে সুরক্ষা ও বায়োমেট্রিক পরীক্ষা করা হয়, এই অনুপ্রবেশকারীরা তা এড়িয়ে গেছে। ফলে এদের মধ্যে চিহ্নিত কোনো অপরাধী কিংবা অতীতে যুক্তরাজ্য থেকে বহিষ্কৃত ব্যক্তিরাও থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
লেবার সরকারের সমালোচনা করে বিরোধী দল কনজারভেটিভ পার্টির ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলপ বলেন, ‘আমাদের সীমান্ত নিরাপত্তা পুরোপুরি বিশৃঙ্খলায় নিমজ্জিত হয়েছে, যেখানে অবৈধ অভিবাসীরা নিজেদের ইচ্ছামতো যুক্তরাজ্যে ঢুকছে এবং সরকারের কোনো ধারণাই নেই কে দেশে ঢুকছে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ধারণা করছেন, ফ্রান্সে কড়া পুলিশি পাহারা ও নজরদারির কারণে মানবপাচারকারী চক্রগুলো এখন আরও পশ্চিমের দূরবর্তী উপকূল থেকে বড় বড় নৌকা নিয়ে নতুন নতুন কৌশল অবলম্বন করছে।
একই দিনে ফ্রান্সের নরমান্ডি থেকে ছেড়ে এসে রেকর্ড ৩৮ ঘণ্টা সাগরে ভেসে থাকার পর আরও ৫১ জন অভিবাসীকে উদ্ধার করে ব্রিটিশ উদ্ধারকারী দল আরএনএলআই। গোসপোর্ট শহরে প্রায় ২০০ অভিবাসনবিরোধী বিক্ষোভকারী জড়ো হওয়ার কারণে ওই অভিবাসীদের ডোভারে নিয়ে যাওয়া হয়। সেখানে বিক্ষোভের সময় পুলিশের ওপর হামলার অভিযোগে তিন বিক্ষোভকারী—শ্যানন ডডস (৩২), স্যালি পিয়ারসন (৩১) এবং টবি ম্যাথিউসের (৩৩) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।
এছাড়া ফ্রান্সের ন্যুফশাতেল-হার্দেলো এলাকার সৈকতে আনুমানিক বিশ বছর বয়সী এক তরুণের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে, যিনি চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।


