বিশ্বের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া। ৯৩ বছর বয়সী এই নেতা গত ৭ জুন ‘সংক্ষিপ্ত ব্যক্তিগত সফরে’ ইউরোপের উদ্দেশ্যে দেশ ছাড়েন। তবে দুই মাস পেরিয়ে গেলেও তিনি দেশে ফেরেননি। দীর্ঘ সময় ধরে জনসমক্ষে তার অনুপস্থিতি ঘিরে ক্যামেরুনে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা।
পল বিয়া ১৯৮২ সালে প্রেসিডেন্টের দায়িত্ব নেন। এর দুই বছর পর, ১৯৮৪ সালে তিনি যখন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে জয়ী হন, তখন এনফর্মি বিমে ছিলেন ২৩ বছরের এক তরুণ ছাত্র। বর্তমানে ৬৫ বছর বয়সী বিমে শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন। অথচ চার দশকের বেশি সময় পরও পল বিয়া ক্যামেরুনের ক্ষমতায় রয়েছেন।
গত বছর বিতর্কিত এক নির্বাচনে অষ্টমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন বিয়া। এর ফলে শততম জন্মদিন পর্যন্ত ক্ষমতায় থাকার সম্ভাবনাও তৈরি হয়েছে তার। যদিও বিরোধীরা ওই নির্বাচনকে ‘প্রহসন’ বলে প্রত্যাখ্যান করেছিলেন।
প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ৭ জুন ইউরোপের উদ্দেশ্যে ক্যামেরুন ছাড়েন বিয়া। সরকার এটিকে ‘সংক্ষিপ্ত ব্যক্তিগত সফর’ হিসেবে উল্লেখ করলেও সাম্প্রতিক বছরগুলোতে এটি তার দীর্ঘতম টানা অনুপস্থিতি। সম্প্রতি ক্যামেরুন সরকারের মুখপাত্র রেনে ইমানুয়েল সাদি ফরাসি রেডিও আরএফআইকে জানান, বিয়া সুইজারল্যান্ডের জেনেভায় রয়েছেন। তিনি হাসপাতালে ভর্তি নন এবং সুস্থ আছেন বলেও দাবি করেন সাদি। তবে প্রেসিডেন্টের অবস্থান বা সফর সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
ক্যামেরুনের রাজনীতিতে পল বিয়া বরাবরই কিছুটা রহস্যময় চরিত্র। জনসমক্ষে তাকে খুব একটা দেখা যায় না। দীর্ঘ সময় দেশের বাইরে থাকা কিংবা লোকচক্ষুর আড়ালে থাকাও তার জন্য নতুন নয়। তবে এবারের দীর্ঘ অনুপস্থিতি আবারও তার স্বাস্থ্য এবং রাষ্ট্র পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে।
বহু বছর ধরেই বিয়ার শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন রয়েছে। সরকার অবশ্য প্রতিবারই এসব অস্বীকার করেছে। এমনকি ২০২৪ সালে প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে সংবাদ প্রকাশ বা আলোচনা নিষিদ্ধ করে সরকার। বিষয়টিকে তখন ‘জাতীয় নিরাপত্তার’ সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করা হয়েছিল।
আফ্রিকার রাজনীতিতে পল বিয়ার দীর্ঘ শাসন এক ধরনের বৈপরীত্যও তুলে ধরে। বিশ্বের সবচেয়ে তরুণ জনসংখ্যার এই মহাদেশের অনেক দেশই এখনো শাসিত হচ্ছে এমন সব নেতার হাতে, যাদের রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়েছিল কয়েক দশক আগে।
ক্যামেরুনের বহু প্রজন্মের মানুষের কাছে প্রেসিডেন্ট বলতে পল বিয়াই একমাত্র পরিচিত নাম। এনফর্মি বিমের সন্তানদের বয়স ৩২ ও ১৮ বছর। তাদের পুরো জীবনেই দেশের রাষ্ট্রপ্রধান একজনই—পল বিয়া। একই প্রজন্মের প্রতিনিধি ইয়ানডে বিশ্ববিদ্যালয়ের ২৬ বছর বয়সী ডক্টরাল শিক্ষার্থী আবিদ রিয়াসাই আচাও। তার মতো তরুণদের কাছে বিয়া শুধু একজন প্রেসিডেন্ট নন; তিনি কয়েক দশক ধরে অপরিবর্তিত থাকা একটি রাজনৈতিক ব্যবস্থার প্রতীক।
১৯৬০ সালে স্বাধীনতার পর ক্যামেরুনের দ্বিতীয় প্রেসিডেন্ট পল বিয়া। ১৯৮২ সালে তৎকালীন প্রেসিডেন্টের পদত্যাগের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি এবং পরে রাষ্ট্রপতির পদে আসীন হন। সেই থেকে চার দশকেরও বেশি সময় ধরে দেশের শীর্ষ ক্ষমতায় রয়েছেন বিয়া। এবার তার দীর্ঘ অনুপস্থিতি ক্যামেরুনের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।


