বিভিন্ন অঞ্চলে সতর্কতা
শক্তিশালী নিম্নচাপ ‘চার্লসের’ প্রভাবে পর্তুগালের মূল ভূখণ্ডের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাস বইছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দেশটির বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, গাছপালা ভেঙে পড়াসহ নানা ধরনের জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে দেশটির নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ।
পর্তুগালের মূল ভূখণ্ডে আসার আগে মঙ্গলবার মধ্যরাতে মাদেইরা দ্বীপে রীতিমতো তাণ্ডব চালিয়েছে চার্লস। আবহাওয়া সংস্থা আইপিএমএ জানিয়েছে, সেখানে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটারেরও বেশি! আর পাহাড়ি অঞ্চলগুলোতে মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে প্রায় ২৪০ মিলিমিটার পর্যন্ত রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। রাতভর উপড়ে পড়েছে শত শত গাছপালা, পাহাড়ি পাথর ধসে বন্ধ হয়ে যায় প্রধান সড়কগুলো।
পর্তুগালের সংবাদমাধ্যম আ বোলা জানিয়েছে, বুধবার (১১ নভেম্বর) ভোর সাড়ে তিনটা পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় অন্তত ৬৬টি জরুরি ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে বৃহত্তর লিসবন ও সেতুবাল অঞ্চলে চারটি জলাবদ্ধতার ঘটনা ঘটেছে।
লিসবনের পার্শ্ববর্তী মেম মার্তিন্স, কাসেম ও সাঁও মার্কোস এলাকায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় ৬০ জন কর্মী এবং ২২টি যানবাহন নিয়োজিত করা হয়। তবে প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পর্তুগালের আবহাওয়া সংস্থা আইপিএমএ (IPMA) জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। বিশেষ পরিস্থিতিতে বাতাসের গতিবেগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
দুর্যোগের মাত্রা এতটাই মারাত্মক যে দেশজুড়ে বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত স্কুল-কলেজ ও সরকারি অফিস ও গুরুত্বপূর্ণ সড়কপথ, আর রাজধানী লিসবনসহ প্রধান বন্দরগুলোতে নেমে এসেছে স্থবিরতা। এছাড়াও ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়েছে আকাশপথে। লিসবন ও ফারো বিমানবন্দর থেকে এক দিনেই বাতিল করা হয়েছে অন্তত ২২২টি ফ্লাইট। মাদিরা বিমানবন্দরেও বাতিল হয়েছে আরও ১৬টি ফ্লাইট। সমুদ্র উত্তাল থাকায় ১৮টি প্রধান সমুদ্রবন্দরের প্রবেশমুখ সিলগালা করে দেওয়া হয়েছে।
লিসবন, লেইরিয়া, সেতুবাল, বেজা ও ফারোসহ বিভিন্ন অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে নিচু এলাকা, উপকূলীয় অঞ্চল এবং জলাবদ্ধতাপ্রবণ স্থানে বসবাসকারীদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) প্রতিকূল আবহাওয়ার কারণে পর্তুগালজুড়ে ১ হাজার ২৪০টি জরুরি ঘটনা নথিভুক্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।


