পর্তুগালের লিসবন, পোর্তো, ফারো ও মাদেইরা বিমানবন্দরে প্রায় ৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশটিতে চার্লস নামের একটি নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে এসব ফ্লাইট বাতিল করা হয়। বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা এএনএর প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটের পাশাপাশি আগাম বাতিল করা ফ্লাইটও এ হিসাবের অন্তর্ভুক্ত।
চার্লস নিম্নচাপের প্রভাবে মূল ভূখণ্ড পর্তুগালে ১১ নভেম্বর রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছিল। তবে সকালে নিম্নচাপটি দুর্বল হয়ে দুটি পৃথক নিম্নচাপকেন্দ্রে বিভক্ত হয়। এর একটি লিসবনের দিকে এবং অন্যটি আলগার্ভ অঞ্চলের দিকে অগ্রসর হয়।
বুধবার বিকেল পর্যন্ত আলগার্ভ অঞ্চলে বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে সর্বোচ্চ মাত্রার (রেড অ্যালার্ট) আবহাওয়া সতর্কতা জারি ছিল। পরে অবশ্য সেই সতর্কতা তুলে নেওয়া হয়।
জাতীয় জরুরি ও নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার দুপুর ১২টা পর্যন্ত মূল ভূখণ্ড পর্তুগালে বৈরী আবহাওয়াসংশ্লিষ্ট ৫০০টির বেশি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে জলাবদ্ধতা, গাছ উপড়ে পড়া ও ভূমিধসের ঘটনা বেশি। ঝড়ের প্রভাব প্রথমে পড়া মাদেইরা অঞ্চলে এ ধরনের ২০০টির বেশি ঘটনা ঘটেছে।
বাড়িঘরের ক্ষয়ক্ষতির কারণে এক ডজনের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৈরী আবহাওয়ার কারণে স্কুল ও জরুরি নয় এমন সরকারি সেবা বন্ধ রাখার পাশাপাশি কয়েক শ ফ্লাইট বাতিল এবং বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।


