অর্থবছর ২০২৬-২৭-এর প্রথম চার মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ২ দশমিক ৭৯ শতাংশ। তবে এই প্রবৃদ্ধির প্রায় পুরোটাই এসেছে স্পেনের বাজার থেকে। বিপরীতে, জার্মানিতে রপ্তানি প্রায় স্থবির এবং ফ্রান্সে কমেছে।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের সংকলিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ৬ দশমিক ২৬ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে ১৭৪ দশমিক ৫১ মিলিয়ন ডলার।
এই প্রবৃদ্ধির প্রায় ৯৮ শতাংশই এসেছে স্পেনের বাজার থেকে। দেশটিতে পোশাক রপ্তানি ১৩ দশমিক ৩৬ শতাংশ বেড়ে ১ দশমিক ২৮ বিলিয়ন ডলার থেকে ১ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এতে রপ্তানি বেড়েছে ১৭০ দশমিক ৫৬ মিলিয়ন ডলার।
এর মধ্য দিয়ে জার্মানিকে ছাড়িয়ে ইইউতে বাংলাদেশের সবচেয়ে বড় পোশাক রপ্তানি গন্তব্য হয়ে উঠেছে স্পেন। জুলাই-অক্টোবর সময়ে ইইউতে বাংলাদেশের মোট পোশাক রপ্তানির ২২ দশমিক ৫১ শতাংশ গেছে দেশটিতে।
অন্যদিকে, একসময় বাংলাদেশের শীর্ষ রপ্তানি গন্তব্য জার্মানিতে প্রবৃদ্ধি প্রায় হয়নি বললেই চলে। দেশটিতে রপ্তানি বেড়েছে মাত্র ০ দশমিক ০১ শতাংশ। আগের বছরের ১ দশমিক ৪৪ বিলিয়ন ডলারের তুলনায় চলতি বছরের প্রথম চার মাসে রপ্তানি হয়েছে প্রায় একই পরিমাণ, ১ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। ইইউতে মোট রপ্তানিতে জার্মানির অংশ ২২ দশমিক ৩৭ শতাংশ।
অন্যান্য বড় বাজারের মধ্যে নেদারল্যান্ডসে পোশাক রপ্তানি ৮ দশমিক ৬৮ শতাংশ বেড়ে ৭৮৪ দশমিক ৫৭ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। পোল্যান্ডে বেড়েছে ২ দশমিক ৮৫ শতাংশ, রপ্তানির পরিমাণ ৫৪৫ দশমিক ৯১ মিলিয়ন ডলার। তবে ফ্রান্সে রপ্তানি ৭ দশমিক ৮৭ শতাংশ কমে ৬১১ দশমিক ১০ মিলিয়ন ডলারে নেমেছে।
ইইউর অন্যান্য দেশগুলোতে সম্মিলিতভাবে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১ দশমিক ৩৪ শতাংশ। এসব বাজারে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ৬০ বিলিয়ন ডলার। সব মিলিয়ে ইইউতে বাংলাদেশের মোট পোশাক রপ্তানির প্রায় ৭৫ শতাংশ গেছে শীর্ষ পাঁচ গন্তব্যে।
শুধু অক্টোবরের হিসাবেও প্রবৃদ্ধির গতি ছিল মন্থর। ওই মাসে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ১০ শতাংশ বেড়ে ১ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
অক্টোবরে একক দেশ হিসেবে জার্মানিই ছিল বাংলাদেশের শীর্ষ রপ্তানি গন্তব্য। দেশটিতে রপ্তানি ০ দশমিক ৫৯ শতাংশ বেড়ে হয়েছে ৩১৫ দশমিক ৭২ মিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা স্পেনে রপ্তানি বেড়েছে ১১ দশমিক ৯৫ শতাংশ, যার পরিমাণ ২৯৯ দশমিক ২০ মিলিয়ন ডলার। তবে ফ্রান্সে রপ্তানি ১৫ দশমিক ২২ শতাংশ কমে ১৬১ দশমিক ৬৯ মিলিয়ন ডলারে নেমেছে।
খাতসংশ্লিষ্ট নেতাদের মতে, সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধির আড়ালে ইউরোপের বাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর শুল্কসুবিধা হারানোর আশঙ্কায় ইউরোপীয় ক্রেতারা বিকল্প উৎসের দিকে ঝুঁকছেন।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ক্রেতারা পণ্য সংগ্রহের বিকল্প উৎস তৈরি করায় ইউরোপের বাজারে বাংলাদেশ ধীরে ধীরে অবস্থান হারাচ্ছে।
তিনি বলেন, ইউরোপীয় ক্রেতারা ভারতে পণ্য সংগ্রহের সক্ষমতা বাড়াচ্ছেন। তাঁদের ধারণা, ভারত শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক বাজারসুবিধা ধরে রাখতে পারবে। অন্যদিকে, এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশকে বেশি শুল্কের মুখে পড়তে হতে পারে। এ আশঙ্কা ভবিষ্যতে বাংলাদেশের জন্য ক্রয়াদেশ কমে যাওয়ার ঝুঁকি তৈরি করছে।
ইউরোপের বাজারে বাংলাদেশের আরেকটি বড় দুর্বলতা হিসেবে পণ্যের সীমিত বৈচিত্র্যকে চিহ্নিত করেছেন ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার।
তিনি বলেন, বাংলাদেশ এখনো মূলত তুলাভিত্তিক পোশাক উৎপাদনের ওপর নির্ভরশীল। অথচ চীন ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলো কৃত্রিম তন্তু বা ম্যান-মেইড ফাইবারের পোশাক উৎপাদনে অনেক বেশি সক্ষম। ফলে ক্রেতাদের বহুমুখী চাহিদা পূরণে তারা এগিয়ে রয়েছে।
বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে কৃত্রিম তন্তুভিত্তিক পোশাক উৎপাদন ও পণ্যের বৈচিত্র্যকরণে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন এম এ জব্বার।
অন্যদিকে, স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও স্বত্বাধিকারী শোভন ইসলাম মনে করেন, ইউরোপের বাজারে অবস্থান ধরে রাখতে বাংলাদেশের প্রতিযোগিতামূলক বাণিজ্য চুক্তি নিশ্চিত করা জরুরি। পাশাপাশি ইইউর কঠোর যাচাই-বাছাই এবং সরবরাহ শৃঙ্খলের স্বচ্ছতা-সংক্রান্ত শর্ত পূরণের প্রস্তুতিও নিতে হবে।
তিনি বলেন, ‘এলডিসি-পরবর্তী বাজারসুবিধা নিয়ে অনিশ্চয়তা ক্রেতাদের বিকল্প উৎসের দিকে ঝুঁকতে প্ররোচিত করতে পারে। পাশাপাশি ঋণের উচ্চ সুদহার, মূলধনের সীমিত প্রাপ্যতা এবং জ্বালানির ক্রমবর্ধমান মূল্য উৎপাদনকারীদের প্রতিযোগিতা সক্ষমতাকে আরও দুর্বল করে দিচ্ছে।’
সর্বশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, স্পেন ও নেদারল্যান্ডসের বাজারে রপ্তানি বৃদ্ধি কিছুটা স্বস্তি দিলেও জার্মানিতে স্থবিরতা এবং ফ্রান্সসহ অন্যান্য বাজারে রপ্তানি কমে যাওয়ায় ইউরোপে বাংলাদেশের পোশাক খাতের পুনরুদ্ধার এখনো বেশ নাজুক।
খাতসংশ্লিষ্টদের মতে, এই প্রবৃদ্ধি ধরে রাখতে হলে শুধু রপ্তানির পরিমাণ বাড়ালেই চলবে না; পণ্যের বৈচিত্র্য, প্রতিযোগিতামূলক বাণিজ্য সুবিধা এবং ইইউর পরিবর্তিত শর্ত পূরণেও সক্ষমতা বাড়াতে হবে।


