ফেসবুক ব্যবহারকারীদের স্পষ্ট সম্মতি ছাড়াই তাঁদের স্মার্টফোনে থাকা ছবি ও ভিডিও সংগ্রহের অভিযোগে মেটাকে ৮৮ কোটি ৭০ লাখ ডলার জরিমানা করেছে ইতালি। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ১১ হাজার কোটি টাকার বেশি।
শনিবার (১৪ নভেম্বর) ইতালির ডেটা প্রাইভেসি নিয়ন্ত্রক সংস্থা ‘গারান্তে’ এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি বলেছে, অ্যান্ড্রয়েড ডিভাইসে থাকা ফেসবুক অ্যাপ ইতালীয় ব্যবহারকারীদের স্মার্টফোনে সংরক্ষিত ছবি, ভিডিও এবং সেগুলোর সঙ্গে থাকা মেটাডেটা তাঁদের সম্মতি ছাড়াই সংগ্রহ করেছে।
ফেসবুক ব্রাউজ করার সময় ব্যবহারকারীদের ফোনের গ্যালারি থেকে ছবি ও ভিডিও পোস্ট করার পরামর্শ দেওয়ার ফিচারের মাধ্যমে এসব তথ্য সংগ্রহ করা হতো। গারান্তের ভাষ্য, এই ফিচারটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ই-প্রাইভেসি নির্দেশনা এবং ইতালির আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
সংস্থাটি আরও জানায়, ছবি ব্যবহারের ক্ষেত্রে ফেসবুকের সম্মতি নেওয়ার প্রক্রিয়া অত্যন্ত অস্পষ্ট। ফলে ব্যবহারকারীরা ঠিক কী ধরনের অনুমতি দিচ্ছেন, তা পুরোপুরি বুঝতে পারেন না। এ ছাড়া ছবি ও ভিডিও পোস্ট করার পরামর্শ দেওয়ার ফিচারটি স্বয়ংক্রিয়ভাবেই চালু ছিল।
গারান্তে জানিয়েছে, জরিমানার অর্থ পরিশোধের পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় সমাধান করতে হবে মেটাকে। সংস্থাটির ধারণা, ইতালির প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তবে সংগৃহীত ছবি ও ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছে কি না, তা তদন্ত করেনি গারান্তে। মেটা অবশ্য এ ধরনের ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে।
এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি মেটা। ইতালির এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে প্রতিষ্ঠানটির।


