হাঙ্গেরির সাবেক জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সরকারের এক সাবেক মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে গিয়ে বনের মাটির নিচে পুঁতে রাখা ও বিভিন্ন গোপন স্থান থেকে ১৯ দশমিক ৫ মিলিয়ন ডলার সমমূল্যের নগদ অর্থ উদ্ধার করেছে দেশটির দুর্নীতি দমন সংস্থা। শুক্রবার সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত হাঙ্গেরির জাতীয় উন্নয়নমন্ত্রীর দায়িত্বে ছিলেন মিক্লোস সেজতাক। রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি প্রকল্পে অতিরিক্ত দামে পুরোনো বাস কেনার ঘটনায় ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অরবানের শাসনামলে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের প্রতিশ্রুতি দিয়ে গত এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ জয় পান বর্তমান প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার। এর মধ্য দিয়ে অরবানের টানা ১৬ বছরের শাসনের অবসান ঘটে।
গত কয়েক সপ্তাহে দুর্নীতির তদন্ত জোরদার হওয়ার পর বিভিন্ন মামলায় সেজতাক, অরবান সরকারের আরও দুই সাবেক মন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর ভাইকে হেফাজতে নেওয়া হয়েছে।
মাগিয়ারের দুর্নীতির বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করার অভিযানের অংশ হিসেবে ব্যাপক ক্ষমতাসম্পন্ন ন্যাশনাল অ্যাসেট রিকভারি অ্যান্ড প্রোটেকশন অফিস (এনভিভিএইচ) গঠন করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, সেজতাকের বিরুদ্ধে চলমান ফৌজদারি তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার ও শুক্রবার বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালানো হয়।
সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তল্লাশির সময় তদন্তকারীরা বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছেন। এর কিছু জঙ্গলের মাটির নিচে পুঁতে রাখা ছিল। কিছু লুকানো ছিল খামারবাড়ি, গুদামঘর ও আবাসিক ভবনে। বাকি অর্থ রাখা হয়েছিল নির্জন স্থানে থাকা দামি সিন্দুকে।’
বিবৃতিতে জানানো হয়, দুই দিনের তল্লাশিতে উদ্ধার করা হয়েছে ৫০০ কোটি ৭১ লাখ ফরিন্ট, ২৬ লাখ ৫৮ হাজার ইউরো এবং ১২ লাখ ৫৭ হাজার মার্কিন ডলার। সব মিলিয়ে এসব অর্থের মূল্য প্রায় ১৯ দশমিক ৫ মিলিয়ন ডলার। উদ্ধার করা অর্থ হাঙ্গেরির রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
দেশটির অর্থমন্ত্রী আন্দ্রেজ কারমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, অর্থগুলো উদ্ধারের পর কোষাগারের ১২ জন কর্মী পাঁচটি টাকা গণনার যন্ত্র ব্যবহার করে টানা আট ঘণ্টা ধরে সেগুলো গুনেছেন।
প্রধানমন্ত্রী মাগিয়ার অরবানের সাবেক ক্ষমতাসীন জোটের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ফিদেজ-কেডিএনপি মাফিয়া যুগের অবসান ঘটল!’
তবে সর্বশেষ অর্থ উদ্ধারের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী অরবানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে তার ঘনিষ্ঠজনদের লক্ষ্য করে পরিচালিত এসব তদন্তকে তাকে কারাগারে পাঠানোর উদ্দেশ্যে ‘রাজনৈতিক নিপীড়ন’ বলে আখ্যা দিয়েছিলেন তিনি।


