ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে অবৈধভাবে বসবাসরত নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে নাইজেরিয়া। এ বিষয়ে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। তবে চুক্তির বিনিময়ে নাইজেরিয়া কী সুবিধা পেয়েছে, তা নিয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
মঙ্গলবার নাইজেরিয়ার রাজধানী আবুজায় ইইউর অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার ও নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বিয়াঙ্কা ওডুমেগউ-ওজুকউ চুক্তিতে সই করেন। প্রায় এক দশক ধরে আলোচনার পর এ সমঝোতায় পৌঁছাল দুই পক্ষ।
চুক্তি অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশে বৈধভাবে থাকার অধিকার নেই—এমন নাইজেরীয় নাগরিকদের দ্রুত ও কার্যকর প্রক্রিয়ায় দেশে ফেরত পাঠানো হবে। অনিয়মিত অভিবাসীদের ফেরত পাঠানোর হার বাড়াতে ইইউর চলমান উদ্যোগের অংশ এ চুক্তি।
ইউরোপীয় ইউনিয়নের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ, ইউরোপে অনিয়মিতভাবে প্রবেশ করা অভিবাসীদের মধ্যে মাত্র প্রতি তিনজনে একজনকে নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হয়।
তবে চুক্তির বিনিময়ে নাইজেরিয়া কী পেয়েছে, তা নিয়ে বিভিন্ন তথ্য সামনে এসেছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিবাসন ব্যবস্থাপনা ও নিরাপত্তা সহযোগিতায় অতিরিক্ত প্রায় ১০ কোটি ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইইউ।
নাইজেরিয়ার সংবাদমাধ্যম দ্য সান-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি আবুজায় ইইউর প্রতিনিধিদলও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেছে। এতে ইউরোপীয় কমিশনের অভিবাসন ও স্বরাষ্ট্রবিষয়ক বিভাগের উপমহাপরিচালক ইয়োহানেস লুশনারের বরাত দিয়ে অর্থ সহায়তার বিষয়টি উল্লেখ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, এ অর্থ নাইজেরীয়দের জন্য ইউরোপে বৈধভাবে অভিবাসনের সুযোগ তৈরি, মানবপাচার ও মাদকবিরোধী উদ্যোগে ব্যয় করা হবে।
তবে ইউরোপীয় কমিশন বলছে, চুক্তিটি কোনো ধরনের ‘সুবিধা বিনিময়’ নয়। বৃহস্পতিবার ইউরোনিউজকে দেওয়া এক বক্তব্যে কমিশনের মুখপাত্র বলেন, এটি ইইউ ও নাইজেরিয়ার মধ্যে বৃহত্তর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অংশীদারত্বের অংশ। পারস্পরিক আস্থা, দায়িত্ব, সহযোগিতা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদারের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
চুক্তি সম্পর্কে বিস্তারিত না জানিয়ে ব্রুনার এক বিবৃতিতে বলেন, দুই পক্ষ তাদের অংশীদারত্বের বিপুল সম্ভাবনাকে পারস্পরিক সুবিধায় রূপান্তরিত করছে।
এ বিষয়ে ইউরোনিউজের মন্তব্য জানতে চাওয়ার পরও নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও দেশটিতে ইইউ প্রতিনিধিদলের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।
এর আগে ২০২১ থেকে ২০২৭ সাল পর্যন্ত নাইজেরিয়াকে অনুদান হিসেবে ৭৩ কোটি ১০ লাখ ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইইউ।
ভূমধ্যসাগরের বিপজ্জনক পথ পাড়ি দিয়ে অনেক নাইজেরীয় অভিবাসী ইউরোপে পৌঁছান। ২০১৭ ও ২০১৮ সালে ইতালিতে অনিয়মিতভাবে প্রবেশ করা অভিবাসীদের মধ্যে নাইজেরীয়রা ছিলেন সবচেয়ে বড় জাতীয় গোষ্ঠী। তবে এরপর থেকে তাঁদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে ইইউর দেশগুলোতে কতজন নাইজেরীয় অনিয়মিতভাবে বসবাস করছেন, সে বিষয়ে ইউরোস্ট্যাট কোনো পরিসংখ্যান প্রকাশ করে না।
ইইউর এই চুক্তির লক্ষ্য, দেশ ছাড়ার নির্দেশ পাওয়া অভিবাসীদের কার্যকরভাবে নিজ দেশে ফেরত পাঠানোর হার বাড়ানো। সাম্প্রতিক মাসগুলোতে এ হার সামান্য বাড়লেও এখনো প্রায় ৩০ শতাংশে রয়েছে।
আন্তর্জাতিক আইন অনুযায়ী, প্রতিটি দেশ নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে বাধ্য। তবে আফ্রিকার অনেক দেশ এ ধরনের প্রত্যাবাসনে আপত্তি জানিয়ে আসছে অথবা প্রক্রিয়া বিলম্বিত করছে।
তৃতীয় দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে ইইউ ভিসানীতি, বাণিজ্য ও আর্থিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে সুযোগ ও প্রভাব কাজে লাগাচ্ছে। অন্যদিকে, এসব সহযোগিতার বিনিময়ে সংশ্লিষ্ট দেশগুলো ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করা বা বড় অঙ্কের আর্থিক সহায়তা দাবি করে থাকে।
বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে ইইউর ১৮টি প্রত্যাবাসন চুক্তি রয়েছে। এর অধিকাংশই এশিয়া ও পশ্চিম বলকান অঞ্চলের দেশগুলোর সঙ্গে। ২০১৪ সালে কেপ ভার্দের সঙ্গে চুক্তিটি ছিল কোনো আফ্রিকান দেশের সঙ্গে ইইউর প্রথম প্রত্যাবাসন চুক্তি। তবে মরক্কো ও তিউনিসিয়ার সঙ্গে পরবর্তী আলোচনা থমকে গেছে।
ইইউর সদস্যদেশগুলোর কয়েকটি নিজেদের ভূখণ্ডে বসবাসরত অনিয়মিত অভিবাসীদের ফেরত পাঠাতে আলাদাভাবে দ্বিপক্ষীয় চুক্তি করেছে। পাশাপাশি আফগানিস্তান, বাংলাদেশ ও ইথিওপিয়ার সঙ্গে বাধ্যতামূলক নয়—এমন সমঝোতা এবং তিউনিসিয়া ও মিসরের সঙ্গে বৃহত্তর কৌশলগত অংশীদারত্বের আওতায় সমঝোতা স্মারক সই করেছে ইইউ।
নাইজেরিয়ার সঙ্গে নতুন চুক্তির আওতায় নাইজেরিয়ায় বৈধভাবে বসবাসের অধিকার নেই—এমন ইইউর নাগরিকদেরও নিজ দেশে ফেরত পাঠানো যাবে। তবে কার্যকর হওয়ার আগে চুক্তিটি ইইউর সদস্যদেশগুলো এবং ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন পেতে হবে।


