ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির মুখে নতুন বৈদ্যুতিক গাড়ির (ইভি) বিক্রি প্রায় দুই-তৃতীয়াংশ বেড়েছে। ‘ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন-এর তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় ২০২৬ সালের আগস্টে ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ির নিবন্ধন ৬২.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে ইইউর সামগ্রিক নতুন গাড়ি বাজারে বৈদ্যুতিক গাড়ির অংশীদারি ১৭.৮ শতাংশ থেকে একলাফে ২৭.৭ শতাংশে পৌঁছেছে।
বৈদ্যুতিক গাড়ির এই উত্থান পুরো গাড়ি বাজারকেও চাঙ্গা করেছে। আগস্টে ইইউর ২৭টি দেশে নতুন গাড়ির বিক্রি আগের বছরের চেয়ে ৪.৫ শতাংশ বেড়েছে এবং বছরের প্রথম আট মাসে প্রবৃদ্ধি হয়েছে ৫.৩ শতাংশ। আন্তর্জাতিক নিরীক্ষা সংস্থা ‘ইওয়াই’ (EY)-এর বিশ্লেষণ অনুযায়ী, সরকারি ভর্তুকি এবং আগস্ট মাসে কর্মদিবস বেশি থাকা এই প্রবৃদ্ধির মূল কারণ।
তবে ইওয়াই-এর শিল্প খাত বিশেষজ্ঞ কনস্ট্যান্টিন এম. গ্যাল সতর্ক করে বলেন, ‘ইউরোপের বাজারে এই ঊর্ধ্বমুখী ধারা মূলত সরকারি প্রণোদনার ওপর নির্ভরশীল। যদি এই ভর্তুকি বন্ধ হয়ে যায়, তবে ইভি বিক্রি দ্রুত হ্রাস পেতে পারে।’
ইইউজুড়ে প্লাগ-ইন হাইব্রিড গাড়ির নিবন্ধন প্রায় ১১ শতাংশ এবং হাইব্রিড ইলেকট্রিক গাড়ির বিক্রি ২ শতাংশের বেশি বেড়েছে। বছরের প্রথম আট মাসে ৩৬.৬ শতাংশ শেয়ার নিয়ে হাইব্রিড গাড়িই ইউরোপের সবচেয়ে জনপ্রিয় পছন্দ ছিল। অন্যদিকে, এই সময়ে ব্যাটারিচালিত বৈদ্যুতিক ও প্রচলিত পেট্রোল গাড়ি উভয়েই সমান ২১.৭ শতাংশ করে বাজার ধরে রেখেছে। একক দেশ হিসেবে আগস্টে ইভি বিক্রিতে শীর্ষে ছিল জার্মানি (প্রায় ৬৯ হাজার), দ্বিতীয় স্থানে ফ্রান্স (৩৬ হাজারের বেশি) এবং এরপর ডেনমার্ক (প্রায় ১৩,৯০০)। প্রবৃদ্ধির দিক থেকে এগিয়ে ছিল এস্তোনিয়া (২৭৮ শতাংশ) ও স্লোভেনিয়া (২৬৬ শতাংশ)।
ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহে ইউরোপে তেলের দাম সর্বকালের রেকর্ড স্পর্শ করেছে। পেট্রোলের গড় মূল্য প্রতি লিটারে ২.০৯২ ইউরো এবং ডিজেল ২.২২৬ ইউরোতে দাঁড়িয়েছে, যা ২০০৫ সালে রেকর্ড রাখা শুরুর পর থেকে সর্বোচ্চ। তেলের এই অতিরিক্ত খরচ মানুষকে জ্বালানি সাশ্রয়ী গাড়ির দিকে বেশি ঝুঁকতে বাধ্য করছে।
ইউরোপের এই ঘুরে দাঁড়ানো বাজারে স্থানীয় নির্মাতারা তীব্র প্রতিযোগিতা, মার্কিন শুল্ক এবং ইভি রূপান্তরের বিপুল খরচের মুখে পড়লেও চীনা মালিকানাধীন ব্র্যান্ডগুলো দ্রুত আধিপত্য বিস্তার করছে। আগস্টে শীর্ষ পাঁচটি চীনা গাড়ি প্রস্তুতকারক গ্রুপের বিক্রি প্রায় ৭১ শতাংশ বেড়েছে। সামগ্রিক ইউরোপীয় বাজারে তাদের অংশীদারি ৬.৬ শতাংশ থেকে বেড়ে ১০.৮ শতাংশে দাঁড়িয়েছে—অর্থাৎ বর্তমানে ইইউতে বিক্রি হওয়া প্রতি ৯টি নতুন গাড়ির একটিই চীনা মালিকানাধীন। এর মধ্যে লিপমোটর (২১১%), চেরি (২০১%), বিওয়াইডি (১২৯%) এবং গিলি গ্রুপ (২৪%) ব্যাপক প্রবৃদ্ধি দেখিয়েছে। মার্কিন কোম্পানি টেসলার বিক্রিও বেড়েছে ৫৩ শতাংশ।
বিপরীতে ঐতিহ্যবাহী জার্মান গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলোর বাজার সংকুচিত হয়েছে। ফোকসভাগেন, বিএমডব্লিউ এবং মার্সিডিজ-বেঞ্জের সম্মিলিত বিক্রি ১.১ শতাংশ কমেছে এবং ইইউর বাজারে তাদের অংশীদারি ৪১.৩ শতাংশ থেকে কমে ৩৯.১ শতাংশে নেমে এসেছে।
কনস্ট্যান্টিন এম. গ্যাল জানান, ইউরোপীয় সরকারগুলোর দেওয়া প্রণোদনা মূলত চীনা কোম্পানি এবং টেসলাকেই বেশি সুবিধা দিচ্ছে, কারণ তারা আকর্ষণীয় শর্তে ও তুলনামূলক কম দামে আধুনিক প্রযুক্তির গাড়ি বাজারে ছাড়ছে। এছাড়া নতুন প্রস্তাবিত ‘মেড ইন ইউরোপ’ ব্যাটারি নীতি কার্যকর হলে প্রতিটি গাড়ির উৎপাদন খরচ আরও প্রায় ২,১০০ ইউরো বাড়তে পারে, যা ইউরোপীয় নির্মাতাদের জন্য প্রতিযোগিতায় টিকে থাকাকে আরও কঠিন করে তুলবে।


