প্রতি বছর নতুন স্থাপত্যকর্মের সেরা নিদর্শনগুলোকে স্বীকৃতি দেয় প্রি ভার্সাই। জাদুঘর, হোটেল, বিপণিবিতান ও রেস্তোরাঁর পর এবার ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে সুন্দর নতুন রেলস্টেশনের তালিকা প্রকাশ করেছে পুরস্কারটি। তালিকায় জায়গা পেয়েছে বিশ্বের সাতটি নতুন স্টেশন, যার তিনটিই ইউরোপে।
ইউরোপের তিন স্টেশন হলো ফ্রান্সের লিয়ঁ পার-দিয়্যু স্টেশন, ইতালির রোমের কলোসেও-ফোরি ইম্পেরিয়ালি স্টেশন এবং নেপলসের মন্তে সান্ত’আঞ্জেলো স্টেশন।
প্রি ভার্সাইয়ের মহাসচিব জেরোম গোয়াদাঁ বলেন, পরিবহনকেন্দ্র নির্মাণে একই সঙ্গে নান্দনিকতা, আধুনিকতা ও স্থায়িত্ব নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। পাশাপাশি এসব স্থাপনা যাত্রী চলাচল সহজ করার পাশাপাশি স্থানীয় এলাকার পুনরুজ্জীবন এবং পুরোনো স্থাপত্যের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিকায়নে ভূমিকা রাখে।
তার ভাষায়, এসব স্টেশন দেখিয়ে দিয়েছে, একুশ শতকের যাত্রী পরিবহনকেন্দ্রগুলো আরও আকাঙ্ক্ষিত ভবিষ্যতের দিকে যাওয়ার সেতু হয়ে উঠতে পারে।
ইউরোপের তিন স্টেশন
ফ্রান্সের লিয়ঁ পার-দিয়্যু স্টেশনকে স্থাপত্য প্রতিষ্ঠান এআরইপি ও লা-ইউসি সংস্কারের মাধ্যমে একটি ‘বাস্তব কমিউনিটি স্পেসে’ পরিণত করেছে। এক দশকের কাজের পর স্টেশনটি এখন একটি বড় মাল্টিমোডাল পরিবহনকেন্দ্রে পরিণত হয়েছে। শুধু ট্রেনযাত্রী নয়, শহরের বিভিন্ন এলাকার মধ্যে চলাচলকারী মানুষও এটি ব্যবহার করছেন।
ইতালির রোমের কলোসেও-ফোরি ইম্পেরিয়ালি স্টেশন গত বছরের শেষ দিকে চালু হওয়ার পর প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধারের কারণে আলোচনায় আসে। স্টেশন নির্মাণের সময় পাওয়া এসব নিদর্শন পরে সেখানেই প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
প্রি ভার্সাই বলেছে, এটি শুধু স্টেশনের ভেতরে জাদুঘর বা জাদুঘরের ভেতরে স্টেশন নয়; বরং এখানে যাত্রার অভিজ্ঞতাই একটি প্রত্নতাত্ত্বিক অভিযানে পরিণত হয়েছে। প্ল্যাটফর্মের দিকে নামার সময় যাত্রীরা যেন শহরের ইতিহাসের গভীরে প্রবেশ করেন। স্টেশনের একটি বিশেষ খোলা অংশ থেকে কলোসিয়ামের অপ্রত্যাশিত দৃশ্যও দেখা যায়।
নেপলসের মন্তে সান্ত’আঞ্জেলো স্টেশন নির্মাণে শিল্পী অনিশ কাপুর স্থাপত্য প্রতিষ্ঠান ফিউচার সিস্টেমস ও এএলএ-র সঙ্গে কাজ করেছেন। ভূগর্ভস্থ স্টেশনটির নকশায় ভিসুভিয়াস পর্বত, গুহা এবং কুমেয়ান সিবিলের কিংবদন্তির ছাপ রয়েছে। প্রি ভার্সাইয়ের ভাষায়, স্টেশনটি এমন এক ভাস্কর্য, যার ভেতরে মানুষ প্রবেশ করতে পারে।
বিশ্বের সবচেয়ে সুন্দর নতুন ৭ রেলস্টেশন
১. টাউন হল স্টেশন — মেলবোর্ন, অস্ট্রেলিয়া
২. লিয়ঁ পার-দিয়্যু স্টেশন — লিয়ঁ, ফ্রান্স
৩. কলোসেও-ফোরি ইম্পেরিয়ালি স্টেশন — রোম, ইতালি
৪. মন্তে সান্ত’আঞ্জেলো স্টেশন — নেপলস, ইতালি
৫. ন্যাশনাল মিউজিয়াম স্টেশন — রিয়াদ, সৌদি আরব
৬. ওয়েস্টার্ন স্টেশন — রিয়াদ, সৌদি আরব
৭. এলএএক্স/মেট্রো ট্রানজিট সেন্টার — লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র


