স্পেনের আবাসন সংকট নিয়ে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সরকারের ওপর চাপ বাড়াতে মাদ্রিদের কেন্দ্রীয় পুয়ের্তা দেল সল চত্বরে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। প্রায় ১০০টি তাঁবু খাটিয়ে কয়েক দিন ধরে সেখানে অবস্থান করছেন তারা। আবাসন ব্যয় কমানো, ভাড়াটিয়াদের সুরক্ষা এবং উচ্ছেদ বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা।
এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকাল। গত ২৩ সেপ্টেম্বর পুলিশ তাকে মাদ্রিদের যে বাসা থেকে উচ্ছেদ করে, সেখানে তিনি প্রায় ৭০ বছর ধরে বসবাস করছিলেন। পুলিশের দরজা ভেঙে তাকে স্ট্রেচারে করে বের করে নেওয়ার ছবি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়।
টেন্যান্টস ইউনিয়নের তথ্য অনুযায়ী, একটি রিয়েল এস্টেট কোম্পানি সম্পত্তিটি অধিগ্রহণের পর তার মাসিক ভাড়া ২৭৫ শতাংশ বাড়িয়ে ২ হাজার ৬৫০ ইউরো করা হয়। অন্য প্রতিবেদনে বলা হয়েছে, তার আগের ভাড়া ছিল ৫০০ ইউরো এবং পরে তা ১ হাজার ৬৫০ ইউরো করা হয়েছিল।
উচ্ছেদের পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন আবাসকাল। সেখান থেকে আন্দোলনকারীদের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি সাহস ধরে রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
শনিবার মাদ্রিদে প্রায় ৩০ হাজার মানুষ আবাসন সংকট ও উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ করেন। পরে পুয়ের্তা দেল সলে তাঁবু খাটিয়ে অবস্থান শুরু করেন অনেকে।
আন্দোলনকারীরা ভাড়াটিয়াদের সুরক্ষায় আরও কঠোর আইন এবং অনির্দিষ্ট মেয়াদের ভাড়ার চুক্তি চালুর দাবি করছেন। তাদের অভিযোগ, বাড়িভাড়া ও সম্পত্তির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।
এদিকে প্রধানমন্ত্রী সানচেজ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর নতুন আবাসনসংক্রান্ত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। তিনি পার্লামেন্টের অন্য দলগুলোর সমর্থনও চেয়েছেন। প্রস্তাবিত পদক্ষেপের মধ্যে ভাড়ার চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন এবং উচ্ছেদের ওপর আরও বিধিনিষেধ থাকতে পারে।
তবে স্পেনের আবাসন সংকট শুধু ভাড়াবৃদ্ধিতে সীমাবদ্ধ নয়। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, বর্তমানে প্রায় ৭ লাখ বাড়ির ঘাটতি রয়েছে, যা ২০২৮ সালের মধ্যে ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে। বছরে প্রায় ১ লাখ ২০ হাজার নতুন বাড়ি নির্মিত হচ্ছে।
আবাসন সংকটের তীব্রতা বোঝাতে আইডিয়ালিস্তার তথ্যও সামনে এসেছে। গত এক দশকে স্পেনে গড় ভাড়া প্রায় দ্বিগুণ হয়েছে; আগস্টে প্রতি বর্গমিটারে গড় ভাড়া দাঁড়িয়েছে ১৫.১০ ইউরো। একই সময়ে বাড়ি কেনার গড় দাম বেড়ে প্রতি বর্গমিটারে ২ হাজার ৩৫৫ ইউরো হয়েছে।
এদিকে সোমবার আবাসকালের আইনজীবী জানান, বাড়ির মালিকের সঙ্গে নতুন আট বছরের ভাড়ার চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছে এবং আগের কাছাকাছি ভাড়াতেই তিনি আবার ওই বাসায় ফিরতে পারবেন। তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর চুক্তিতে সই করবেন আবাসকাল।


