পর্তুগালে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা দূর্গতদের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব। ১০ ফ্রেব্রুয়ারি সংগঠনের পক্ষ থেকে অডিভেলাস বোম্বেরস এর কাছে জরুরী খাদ্য সামগ্রী হস্তান্তর করে। সংগঠনের পক্ষ থেকে পানি, শুকনো খাবার, প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রীসহ বিভিন্ন জরুরি উপকরণ তুলে দেওয়া হয়, যাতে সেগুলো দ্রুত বন্যাকবলিত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। জরুরি খাদ্য সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রনি মোহাম্মদ সংগঠনের সদস্য অর্থ সম্পাদক জাহিদ কায়সার, সাবেক সভাপতি রাসেল আহম্মেদ ও ক্রীড়া ও আন্তর্জাতিক সম্পাদক আর এ ইহসান।
প্রতিষ্ঠানের সভাপতি রনি মোহাম্মদ জানান- পর্তুগাল বাংলা প্রেস ক্লাব শুধু সাংবাদিকদের একটি সংগঠন নয়, এটি একটি সামাজিক দায়িত্ববোধের জায়গা। অতীতেও যেকোনো জরুরি ও মানবিক সংকটে আমরা পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও পর্তুগালের যেকোনো সামাজিক ও মানবিক প্রয়োজনে আমরা সক্রিয় থাকব।
প্রাকৃতিক দুর্যোগ আবারও কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে পর্তুগালকে। ঝড়, টানা ভারী বৃষ্টি, অস্বাভাবিক আবহাওয়া ও নদ-নদীর পানি বৃদ্ধি দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্টি করেছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। রাজধানী লিসবন ও এর আশপাশের এলাকাসহ একাধিক অঞ্চলে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এমন দুর্যোগপূর্ণ সময়ে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব, যা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির দায়িত্বশীল ভূমিকার একটি শক্ত বার্তা বহন করছে।
এই সহায়তায় শুধু আর্থিক বা বস্তুগত সহায়তা নয়; এটি এক ধরনের সামাজিক সংহতির প্রতীক। দুর্যোগের সময়ে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের এই উদ্যোগ স্থানীয় জনগণ ও কর্তৃপক্ষের কাছেও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এমন মানবিক কার্যক্রম প্রবাসী কমিউনিটি ও স্থানীয় সমাজের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করবে। এই দূর্যোগ মুহুর্তে দীর্ঘ পুনরুদ্ধার প্রক্রিয়ায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন ও প্রবাসী কমিউনিটির সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের এই মানবিক উদ্যোগে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন অদিভেলাস বম্বেরস সদস্যরা।


