ইরানে আমেরিকা ও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ব্রিটিশ রাজধানী লন্ডন। শনিবার বিকেলে লন্ডনের ভক্সহলে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে হাজার হাজার মানুষ জমায়েত হয়ে এই যুদ্ধের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে বোমাবর্ষণ বন্ধের দাবি তোলেন।
শনিবার দুপুরে সেন্ট্রাল লন্ডনের মিলব্যাঙ্ক এলাকায় জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা। সেখান থেকে মিছিলটি ওয়েস্টমিনিস্টার হয়ে মার্কিন দূতাবাসের দিকে অগ্রসর হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ইরান ও ফিলিস্তিনের পতাকা এবং গত সপ্তাহে হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতার ছবি বহন করেন। এছাড়া তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল— “ইরানে যুদ্ধ বন্ধ করো”, “ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো” এবং “ট্রাম্পের যুদ্ধ রুখে দাও”।
ক্যাম্পেইন ফর নিউক্লিয়ার ডিজার্মামেন্ট , স্টপ দ্য ওয়ার কোয়ালিশন, প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন এবং মুসলিম অ্যাসোসিয়েশন অফ ব্রিটেনসহ বেশ কয়েকটি প্রভাবশালী সংগঠন এই বিশাল সমাবেশের নেতৃত্ব দেয়।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের তথ্যমতে, মিছিলে প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষ অংশ নেন। বিশৃঙ্খলা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল।বর্ণবিদ্বেষমূলক প্ল্যাকার্ড প্রদর্শন এবং আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগে পুলিশ এক নারীসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে।
মিছিলটি যখন মিলব্যাঙ্ক অতিক্রম করছিল, তখন রাস্তার পাশে কিছু মানুষকে ইসরায়েলের পতাকা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসময় উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিক্ষোভে অংশ নেওয়া ৩০ বছর বয়সী শিক্ষার্থী ড্যানিয়েলা কস্তা বলেন, “আমরা ব্রিটিশ সরকারকে দেখাতে চাই যে, সাধারণ মানুষ এই যুদ্ধের পক্ষে নয়। আমরা চাই না আমাদের ঘাঁটি বা অস্ত্র এই যুদ্ধে ব্যবহৃত হোক।”
উল্লেখ্য, আগামী ২৮ মার্চ লন্ডনে ‘চরমপন্থার বিরুদ্ধে’ আরও একটি বড় ধরনের মিছিল করার ঘোষণা দিয়েছে আয়োজক সংগঠনগুলো।


