যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের আবাসন হিসেবে ব্যবহৃত আরও আটটি হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে। গত গ্রীষ্মের পর থেকে দেশটির বিভিন্ন এলাকায় এসব হোটেল বন্ধ করে স্থানীয় জনগোষ্ঠীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
হোম অফিসের বিবৃতিতে বলা হয়েছে, বোর্নমাউথ থেকে ফালকার্ক পর্যন্ত বিভিন্ন এলাকায় আশ্রয়প্রার্থীদের আবাসন হিসেবে ব্যবহৃত আটটি হোটেল বন্ধ করা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, চলতি বছর এ পর্যন্ত মোট ৫২টি আশ্রয়প্রার্থী হোটেল বন্ধ করা হয়েছে। বর্তমানে যুক্তরাজ্যে এ ধরনের প্রায় ১৪০টি হোটেল চালু রয়েছে। অথচ ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৪০০। আর ২০২৪ সালের জুলাইয়ে লেবার পার্টি ক্ষমতায় আসার সময় দেশটিতে চালু ছিল ২১৩টি হোটেল।
হোম অফিসের তথ্য অনুযায়ী, গত এক বছরে হোটেলে বসবাসকারী আশ্রয়প্রার্থীর সংখ্যাও অর্ধেকে নেমে এসেছে। বর্তমানে প্রায় ১৬ হাজার আশ্রয়প্রার্থী এসব হোটেলে থাকছেন। আগের সরকারের আমলে এ সংখ্যা সর্বোচ্চ ৫৬ হাজারে পৌঁছেছিল। অর্থাৎ সর্বোচ্চ অবস্থানের তুলনায় বর্তমানে হোটেলে থাকা আশ্রয়প্রার্থীর সংখ্যা ৭১ শতাংশ কমেছে।
যুক্তরাজ্য সরকারের দাবি, অভিবাসন ও আশ্রয়প্রার্থী ব্যবস্থাপনায় নেওয়া সংস্কারমূলক পদক্ষেপের ফলে স্থানীয় জনগোষ্ঠীর ওপর চাপ কমছে। পাশাপাশি আশ্রয়প্রার্থীদের আবাসনের জন্য হোটেলের ওপর নির্ভরশীলতাও ধীরে ধীরে কমিয়ে আনা হচ্ছে।


