পর্তুগালের রাজধানী লিসবন ও বাণিজ্যিক শহর পোর্তোর জননিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো আজ ঘোষণা করেছেন যে, এই দুই বড় শহরের নিরাপত্তা জোরদার করতে প্রতিটি মেট্রোপলিটন পুলিশ কমান্ডে ২০০ জন করে মোট ৪০০ জন নতুন পুলিশ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
লিসবনের মেয়র কার্লোস মোয়েদাস এবং পোর্তোর মেয়র পেদ্রো দুয়ার্তের সাথে একটি ‘অত্যন্ত ফলপ্রসূ বৈঠক’ শেষে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। বৈঠকে দুই শহরের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মূলত নগরবাসীর নিরাপত্তা ও পর্যটকদের আস্থা বাড়াতেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, বর্তমানে পুলিশ বাহিনীর দুটি বিশেষ প্রশিক্ষণ কোর্স চলমান রয়েছে। এর মধ্যে একটি বছরের মাঝামাঝি এবং অন্যটি বছরের শেষে শেষ হওয়ার কথা রয়েছে। প্রশিক্ষণ সাফল্যের সাথে সম্পন্ন করার পরপরই এই ৪০০ জন চৌকস কর্মকর্তাকে নির্দিষ্ট এলাকায় নিরাপত্তার দায়িত্ব দিয়ে মোতায়েন করা হবে।
নিরাপত্তাকে জনগণের কল্যাণ ও অর্থনৈতিক বিকাশের একটি মৌলিক স্তম্ভ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী মন্টিনিগ্রো। তিনি উল্লেখ করেন যে, জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের এই অগ্রাধিকারমূলক পদক্ষেপ দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনবে।
তথ্যসূত্র: ফালা পর্তুগাল


