পর্তুগালের গোল্ডেন ভিসা কর্মসূচির আওতায় বিনিয়োগ তহবিলের মাধ্যমে বসবাসের অনুমতি পাওয়ার নিয়মে কড়াকড়ির প্রস্তাব দিয়েছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো। নতুন প্রস্তাব কার্যকর হলে পর্তুগিজ কোম্পানিগুলোকে সরাসরি অর্থায়ন না করে শেয়ারবাজার থেকে বিদ্যমান শেয়ার কেনে—এমন কিছু বিনিয়োগ তহবিল গোল্ডেন ভিসার জন্য অযোগ্য হতে পারে।
২০২৭ সালের রাষ্ট্রীয় বাজেটের সংশোধনী প্রস্তাবের অংশ হিসেবে এ পরিবর্তনের প্রস্তাব দিয়েছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (পিএসডি) ও সিডিএস-পিপি। এর ফলে বিনিয়োগ কর্মসূচির মাধ্যমে পর্তুগালে বসবাসের অনুমতি পেতে বিদেশি বিনিয়োগকারীদের যোগ্যতার শর্ত বদলে যেতে পারে।
১৬ নভেম্বর প্রকাশিত পর্তুগিজ সংবাদমাধ্যম ইসিওর (ECO) এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত পরিবর্তনের প্রভাব পড়তে পারে ২৪টি ওপেন-এন্ডেড বিনিয়োগ তহবিলের ওপর। এসব তহবিলের ব্যবস্থাপনায় রয়েছে প্রায় ১৯০ কোটি ইউরো। এর মধ্যে প্রায় ১০০ কোটি ইউরো পর্তুগালের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগ করা হয়েছে।
তবে প্রস্তাবটি এখনো অনুমোদিত হয়নি। আইনে পরিণত হতে হলে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন।
বিনিয়োগ তহবিলে নতুন শর্ত
পর্তুগালের গোল্ডেন ভিসা কর্মসূচির আনুষ্ঠানিক নাম রেসিডেন্স পারমিট ফর ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটি (এআরআই)। বর্তমান নিয়মে নির্দিষ্ট কিছু সম্পত্তিবহির্ভূত বিনিয়োগ তহবিলে কমপক্ষে ৫ লাখ ইউরো বিনিয়োগ করে বিদেশি নাগরিকেরা দেশটিতে বসবাসের অনুমতির আবেদন করতে পারেন।
এ ক্ষেত্রে তহবিলগুলোকে কয়েকটি শর্ত পূরণ করতে হয়। এর মধ্যে রয়েছে পর্তুগিজ আইনের অধীনে প্রতিষ্ঠিত হওয়া এবং বিনিয়োগের সময় তহবিলের মেয়াদ কমপক্ষে পাঁচ বছর থাকা।
তবে নতুন প্রস্তাবে এসব তহবিল কীভাবে অর্থ বিনিয়োগ করবে, সে বিষয়ে আরও কঠোর শর্ত যুক্ত করতে চায় ক্ষমতাসীন দলগুলো।
বর্তমানে বিদ্যমান শেয়ার কেনার মাধ্যমে যেসব বিনিয়োগ তহবিল অর্থ বিনিয়োগ করে, সেগুলোর পরিবর্তে পর্তুগিজ কোম্পানিগুলোকে সরাসরি অর্থায়নে বেশি গুরুত্ব দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
১৩ নভেম্বর সংশোধিত প্রস্তাবে বলা হয়েছে, যোগ্য বিনিয়োগের অন্তত ৭০ শতাংশ পর্তুগালে অবস্থিত কোম্পানিগুলোর মূলধন বা প্রায়-মূলধনি অর্থায়নে ব্যয় করতে হবে।
এর আগে প্রাথমিক প্রস্তাবে কোম্পানির শেয়ার মূলধন বাড়ানোর ক্ষেত্রে ৮০ শতাংশ বিনিয়োগের শর্ত রাখার কথা বলা হয়েছিল। সংশোধিত প্রস্তাবে বিনিয়োগ তহবিলগুলোর জন্য কিছুটা নমনীয়তা রাখার পাশাপাশি পর্তুগিজ কোম্পানিগুলোতে বিদেশি মূলধন প্রবাহ নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
শেয়ারবাজারে বিনিয়োগ কেন বাধাগ্রস্ত হতে পারে
শেয়ারবাজার থেকে বিদ্যমান শেয়ার কেনা এবং সরাসরি কোনো কোম্পানিতে বিনিয়োগ করার মধ্যে পার্থক্যই নতুন প্রস্তাবের মূল বিষয়।
কোনো বিনিয়োগ তহবিল শেয়ারবাজার থেকে একটি তালিকাভুক্ত কোম্পানির বিদ্যমান শেয়ার কিনলে সাধারণত সেই অর্থ কোম্পানির কাছে যায় না; বরং শেয়ার বিক্রেতার কাছে যায়। অন্যদিকে, কোনো কোম্পানির নতুন শেয়ার ইস্যু বা শেয়ার মূলধন বাড়ানোর প্রক্রিয়ায় অংশ নিলে প্রতিষ্ঠানটি সম্প্রসারণ, উদ্ভাবন কিংবা অন্যান্য কার্যক্রমের জন্য নতুন অর্থ পায়।
ক্ষমতাসীন দলগুলোর যুক্তি, গোল্ডেন ভিসার আওতায় আসা বিনিয়োগ পর্তুগিজ কোম্পানিগুলোর অর্থায়ন ও প্রবৃদ্ধিতে সরাসরি অবদান রাখা উচিত।
এ কারণে নতুন প্রস্তাবে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নতুন মূলধন সরবরাহ করে—এমন বিনিয়োগ তহবিলকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। ফলে বিদ্যমান কিছু বিনিয়োগ কৌশল ভবিষ্যতে গোল্ডেন ভিসার আবেদনের জন্য অযোগ্য হতে পারে।
তবে এ পরিবর্তনের ফলে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে সব ধরনের বিনিয়োগ বন্ধ হয়ে যাবে, এমন নয়। বিনিয়োগটি নতুন অর্থায়নের শর্ত পূরণ করছে কি না, সেটিই হবে বিবেচনার মূল বিষয়।
২০২৭ সালের মে থেকে কার্যকরের প্রস্তাব
ইসিওর প্রতিবেদন অনুযায়ী, সংশোধিত প্রস্তাবে নতুন বিধিনিষেধ কার্যকরের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ১ মে।
বিনিয়োগ তহবিল ও সম্ভাব্য আবেদনকারীরা যাতে নতুন শর্ত সম্পর্কে জানতে এবং নিজেদের বিনিয়োগ কৌশল পরিবর্তনের সময় পান, সে জন্য এ সময় নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
নতুন নিয়ম কার্যকর হলে ওই তারিখের পর জমা দেওয়া আবেদনগুলোর ক্ষেত্রে তা প্রযোজ্য হবে। তবে এর ফলে আগে থেকে পাওয়া রেসিডেন্স পারমিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না।
এ বিষয়ে চূড়ান্ত নিয়ম ও অন্তর্বর্তীকালীন ব্যবস্থা এখনো আইন প্রণয়ন প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।
তাই পর্তুগিজ কোনো বিনিয়োগ তহবিলে অর্থ বিনিয়োগের মাধ্যমে গোল্ডেন ভিসা পেতে আগ্রহীদের আবেদন জমা দেওয়ার সময় কার্যকর থাকা শর্ত এবং সংশ্লিষ্ট তহবিলের বিনিয়োগ কৌশল ভালোভাবে যাচাই করতে হবে।
গোল্ডেন ভিসায় আরও যেসব পরিবর্তনের প্রস্তাব
বিনিয়োগ তহবিলের শর্তে পরিবর্তনের পাশাপাশি বিদেশি বিনিয়োগকে পর্তুগালের অগ্রাধিকার খাতগুলোতে প্রবাহিত করতে আরও কয়েকটি প্রস্তাব দিয়েছে পিএসডি ও সিডিএস-পিপি।
এর মধ্যে শিশু, তরুণ, প্রবীণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সামাজিক সহায়তা কেন্দ্র নির্মাণ বা সংস্কারে ২ লাখ ৫০ হাজার ইউরোর নতুন বিনিয়োগের সুযোগ চালুর প্রস্তাব রয়েছে। বিদেশি বাসিন্দা ও আন্তর্জাতিক সুরক্ষার সুবিধাভোগীদের সমাজে অন্তর্ভুক্তিতে সহায়তা করে—এমন কিছু প্রতিষ্ঠানও এ সুবিধার আওতায় আসতে পারে।
এ ছাড়া যোগ্য বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রমে বিনিয়োগের ন্যূনতম পরিমাণ ৫ লাখ ইউরো থেকে কমিয়ে ২ লাখ ৫০ হাজার ইউরো করার প্রস্তাব দেওয়া হয়েছে।
সামাজিক, বৈজ্ঞানিক ও অর্থনৈতিকভাবে সরাসরি সুফল বয়ে আনে—এমন প্রকল্পে বিনিয়োগ বাড়ানোই এসব পরিবর্তনের লক্ষ্য।
২০২৩ সালে গোল্ডেন ভিসার আওতায় নতুন আবেদনকারীদের জন্য আবাসিক সম্পত্তি কেনার মাধ্যমে বিনিয়োগের সুযোগ বন্ধ করে দেয় পর্তুগাল। এরপর বিনিয়োগ তহবিল ও অন্যান্য যোগ্য কার্যক্রম এ কর্মসূচির আওতায় দেশটিতে বসবাসের অনুমতি পাওয়ার অন্যতম পথ হয়ে ওঠে।
নতুন প্রস্তাবগুলো অনুমোদিত হলে শুধু বিনিয়োগের পরিমাণ নয়, বরং সেই অর্থ কীভাবে ব্যবহার করা হচ্ছে, সেটিও গোল্ডেন ভিসা পাওয়ার ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
তবে আপাতত পর্তুগালের বিদ্যমান গোল্ডেন ভিসা আইন কার্যকর রয়েছে। ২০২৭ সালের রাষ্ট্রীয় বাজেটের সংশোধনী প্রস্তাবগুলো পার্লামেন্টে বিবেচনাধীন রয়েছে।


